প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজপথে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৃষ্টি উপেক্ষা করে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে এই প্রতিবাদ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়।
শাহবাগ এলাকায় সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে তাঁরা দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার।" তিনি অভিযোগ করেন, "এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।" ছাত্রদল মেনে নেবে না বলেও জানান তিনি।
নাছির উদ্দীন আরও বলেন, "গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে গণতন্ত্রকামী সংগঠন ও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন।" তিনি দাবি করেন, "আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।"
তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।"
সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।" তিনি অভিযোগ করেন, "এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।"
রাকিবুল ইসলাম আরও বলেন, "বাংলাদেশের কোনো ছাত্রসংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।"
তিনি অভিযোগ করেন, "ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতে ছাত্ররাজনীতিকে কলুষিত করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি।" তিনি বলেন, "বরং সাধারণ শিক্ষার্থীদের ওপর কীভাবে ককটেল নিক্ষেপ করা যায়, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে।"
বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দেন রাকিব। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ কেন্দ্রীয় নেতারা।
অবস্থান কর্মসূচিতে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, "আওয়ামী লীগের ডাকা লকডাউন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।" তিনি বলেন, "রাজধানীর সড়কে স্বাভাবিক যানচলাচলই এর প্রমাণ। অন্যায় ও রক্তপাতের সঙ্গে জড়িত শেখ হাসিনার লকডাউন বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও সফল হবে না।"
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, "একজন মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি ভোগ করার সুযোগ রয়েছে, শেখ হাসিনা তা ভোগ করবেন। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তিনি কবে দেশে ফিরবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন