প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না।
ইতালির এই টেনিস তারকা ২০২৪ এবং ২০২৫ সালে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চলতি সপ্তাহে তিনি জানিয়েছেন, ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
জুলাইয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের পর থেকে সিনার আর কোনো ম্যাচ খেলেননি। ফলে মেলবোর্ন পার্কে তাঁর অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, “আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে অংশ নিতে পারবে না।”
তিনি আরও বলেন, “ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে এবং ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে আছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই তাকে আবার কোর্টে দেখতে চাই।”
বিশেষজ্ঞদের ধারণা, সিনারকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি-মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
২৫ বছর বয়সী সিনার হাঁটুর সমস্যায় ছিটকে যাবার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন। উইম্বলডন জয়ের পাশাপাশি তিনি মাস্টার্স ১০০০ পর্যায়ের পাঁচটি শিরোপাও জিতেছিলেন।
২০২৬ সালে সিনারের জয়ের হার ছিল ৯৪ শতাংশ, যা তাঁর ক্যারিয়ারের সেরা।
তাঁর অনুপস্থিতিতে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছেন আলেক্সান্ডার জভেরেভ।
মঙ্গলবার অস্ত্রোপচারের কথা জানিয়ে পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার বলেন, “গত কয়েক মাস ধরে আমার দলের সঙ্গে মিলে অস্ত্রোপচার ছাড়াই চোটের চিকিৎসার সব ধরনের চেষ্টা করেছি।”
“শুরুর দিকে বেশ আশাব্যঞ্জক উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে আমার হাঁটু আমাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি। এ কারণেই আজ ইলিওটিবিয়াল ব্যান্ডের অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছি।”
স্পেনের তারকা কার্লোস আলকারাজ সিনারকে শুভকামনা জানিয়েছেন।
নিজেও চোটের সমস্যায় ভোগা বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “টেনিস তাকে মিস করছে। আমিও তাকে মিস করছি।”
২০২৪ সালে মেলবোর্ন পার্কে পাঁচ সেটের লড়াইয়ে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সিনার। পরের বছর ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।
চলতি বছর সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান সিনার। পরে ফাইনালে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন