প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর প্রচারণার আলোচনায় হোয়াটসঅ্যাপ যুক্ত হয়েছে। গেমটির কাল্পনিক মেসেজিং অ্যাপ ‘হোয়াটআপ’-এর আদলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের প্রোফাইলের নাম এবং ছবি পরিবর্তন করেছে মেটার মালিকানাধীন এই বার্তাভিত্তিক প্ল্যাটফর্ম। বিষয়টি হোয়াটসঅ্যাপের প্রধান কুনাল শাহের দৃষ্টিতে এসেছে। তিনি মজার ছলে প্ল্যাটফর্মটিকে ট্যাগ করে লিখেছেন, ‘হোয়াটসআপ?’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের এক্স অ্যাকাউন্টের প্রচলিত সবুজ প্রোফাইল ছবির পরিবর্তে তিনটি বিন্দু থাকা নীল রঙের আইকন ব্যবহার করেছে। এছাড়া অ্যাকাউন্টের পরিচিতি বা বায়োতে লেখা হয়েছে, ‘হোয়াটআপ এভরিওয়ান!’
গেমটির কাল্পনিক মেসেজিং অ্যাপ ‘হোয়াটআপ’-এর সঙ্গে মিল রেখে প্রতিষ্ঠানটি এই পরিবর্তন করেছে। বৃহস্পতিবার এক্সে হোয়াটসঅ্যাপ লিখেছে, ‘ভাইস সিটিতে আমাদের দেখে থাকলে, না, আপনারা আমাদের দেখেননি।’ গেমটির কাল্পনিক শহর ভাইস সিটির প্রতি ইঙ্গিত করেই প্রতিষ্ঠানটি এমন মজার পোস্ট দিয়েছে।
হোয়াটসঅ্যাপের এই পরিবর্তনের পর কুনাল শাহও এক্সে প্রতিষ্ঠানটিকে ট্যাগ করে ‘হোয়াটসআপ?’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে গেমারদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জিটিএ ৬-এ পরিচিত অ্যাপের কাল্পনিক নাম
জিটিএ ৬-এ বাস্তবের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডিজিটাল সেবার নাম সরাসরি ব্যবহার না করে সেগুলোর আদলে কাল্পনিক নাম তৈরি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
গেমটিতে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে রয়েছে ‘হোয়াটআপ’, অ্যামাজনের আদলে ‘সাহারা’, উবার ও লিফটের মতো যাতায়াত সেবার বিকল্প ‘রাইডমি’ এবং ক্যাশ অ্যাপের আদলে ‘বাকমি’। এ ছাড়া ইনস্টাগ্রামের সঙ্গে মিল রয়েছে এমন ‘স্ন্যাপম্যাটিক’ নামের একটি সেবাও রাখা হয়েছে।
এসব অ্যাপ শুধু গেমের পটভূমিতে থাকা কাল্পনিক নাম নয়। গেমের ডিজিটাল জগতে বার্তা আদান-প্রদান, কেনাকাটা, যাতায়াত এবং অর্থ লেনদেনের মতো কাজেও সেবাগুলো ব্যবহার করা যাবে।
গেমের বাইরেও আলোচনায় জিটিএ ৬
জিটিএ ৫ প্রকাশের এক দশকেরও বেশি সময় পর নতুন গেমটি ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে। গেমটি নিয়ে আলোচনা এখন আর শুধু গেমারদের মধ্যে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, কর্মক্ষেত্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও এর প্রভাব দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গেমটি খেলার জন্য কিছু কর্মী ছুটির আবেদন করছেন। কয়েকটি প্রতিষ্ঠান আবার গেমটি ঘিরে অনলাইন আয়োজন ও অতিরিক্ত ছুটির সুযোগও তৈরি করেছে। ভাইস সিটি-থিমের বিভিন্ন পণ্যও ক্রেতাদের আগ্রহ পাচ্ছে।
হোয়াটসঅ্যাপের সাময়িক নাম ও প্রোফাইল পরিবর্তনও সেই আগ্রহের একটি উদাহরণ। গেমের কাল্পনিক জগতের একটি অ্যাপকে বাস্তবের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের এভাবে তুলে ধরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন