প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমাদের সমাজে ভাগ্য পরিবর্তন, বিপদ থেকে মুক্তি কিংবা সৌভাগ্য অর্জনের আশায় বিভিন্ন ধরনের পাথর বা ধাতুর আংটি ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই শরীরের বিভিন্ন অসুখ বা ব্যথা নিরাময়ের উদ্দেশ্যে এসব পাথর ব্যবহার করেন। তবে একজন মুমিন হিসেবে এই পাথরের প্রতি বিশ্বাস রাখা বা তাদের ব্যবহার করার শরয়ি বিধান কী? অলৌকিক ক্ষমতার প্রতি বিশ্বাস এবং লৌকিক উপকারের আশায় ব্যবহার করার মধ্যে পার্থক্য কোথায়? আসুন, সহজ ও পরিষ্কার ভাষায় বিষয়টির সঠিক বিধান জানার চেষ্টা করি—
পাথরের অলৌকিক ক্ষমতা ও শিরকের বিধান
বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা ও প্রভাবে বিশ্বাস করে অনেকেই ভাগ্য পরিবর্তনের জন্য এসব আংটি ব্যবহার করেন। ইসলামের দৃষ্টিতে, এ ধরনের বিশ্বাস শিরক ও মহাপাপ হিসেবে গণ্য হয়। কোনো ইমানদার ব্যক্তি নির্জীব পাথর বা ধাতুর অলৌকিক ক্ষমতায় বিশ্বাস রাখতে পারেন না। পাথরকে ভালো-মন্দের মালিক হিসেবে বিশ্বাস করা উচিত নয়।
লৌকিক প্রভাব ও ব্যবহারের অনুমোদন
তবে যদি কোনো পাথরের লৌকিক প্রভাব থাকে এবং পাথরটি শরীরে ধারণ করলে তার ধাতুগত প্রভাবে শরীরের কোনো রোগ ভালো হওয়ার বা ব্যথা কমে যাওয়ার প্রমাণ থাকে, তাহলে ওষুধের মতো এ ধরনের পাথর ব্যবহার করা জায়েজ।
ভাগ্য বদলে পাথরের প্রভাব নয়
কিন্তু পাথরের অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস রাখা, পাথর ধারণ করলে খারাপ ভাগ্যের পরিবর্তন হবে বা সৌভাগ্য আসবে বলে বিশ্বাস করা শিরক ও গর্হিত পাপ। ইসলামে এমন বিশ্বাস রাখা জায়েজ নয় এবং এটি হারাম।
যদি খারাপ অবস্থা বা ভাগ্যের পরিবর্তন চাই, তাহলে নিজে যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে, যেমন ইসলাম আমাদের শিখিয়েছে। কোনো পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য পরিবর্তন হবে, এ ধরনের অযৌক্তিক শিরকি বিশ্বাস ত্যাগ করতে হবে।
তবে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে নয়, বরং সুন্নত হিসেবে আংটি পরা যাবে। উদাহরণস্বরূপ, নবীজি (সা.) একটি লোহা মিশ্রিত রৌপ্য মিশ্রিত লোহা দিয়ে তৈরি আংটি পরিধান করতেন। তিনি এই আংটি বাম হাতের কনিষ্ঠ আঙুলে পরতেন। পুরুষদের জন্য আংটি কনিষ্ঠ আঙুলে পরা উত্তম। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি (সা.) এ আঙুলে আংটি পরতেন; এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলের দিকে ইশারা করেন। (মুসলিম)
কুরআন ও হাদিসের আলোকে শিরকের ভয়াবহতা
শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কুরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন—
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ ۚ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
‘নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে।’ (সুরা নিসা: আয়াত ৪৮)
শিরক যারা করবে, তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন—
إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
‘আর যে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম।’ (সুরা মায়েদা: আয়াত ৭২)
এছাড়া হাদিস শরিফেও তাবিজ-কবজ, সুতা বা পাথরের মতো কোনো কিছুর ওপর ভরসা করার বিষয়ে সতর্ক করা হয়েছে। হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির হাতে পিতলের বালা দেখে জিজ্ঞাসা করেছিলেন, এটি কী? সে বলল, দুর্বলতার কারণে এটি পরেছি। তখন নবীজি (সা.) বললেন—
انْزِعْهَا فَإِنَّهَا لَا تَزِيدُكَ إِلَّا وَهْنًا
‘এটি খুলে ফেলো; কেননা এটি তোমার দুর্বলতা ছাড়া আর কিছুই বাড়াবে না।’ (ইবনে মাজাহ ৩৫৩১, মুসনাদে আহমদ ২০০৩৯)
অতএব, আমাদের কাজে বা বিশ্বাসে কোনোভাবেই যেন শিরক স্থান না পায়, এ ব্যাপারে সতর্ক থাকা কর্তব্য। ভালো-মন্দ, কল্যাণ-অকল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একমাত্র মালিক মহান আল্লাহ। নির্জীব কোনো পাথর বা ধাতুর ওপর অমূলক ভরসা না করে, পরিশ্রম, নেক আমল, সদকা ও আল্লাহর দরবারে আন্তরিক দোয়ার মাধ্যমে আমাদের পথচলাকে সুন্দর ও বরকতময় করে তুলতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন