প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে শিল্প ও বিনিয়োগ কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পাশাপাশি ঋণের সুদহার হ্রাসের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত ‘ইমপ্যাক্ট অব দ্য ন্যাশনাল বাজেট অন পাবলিক অ্যান্ড করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার।
তিনি উল্লেখ করেন, সরকার যখন বাণিজ্যিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে, তখন ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ, সরকারকে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি থাকে না এবং ঋণ আদায়ের জন্য তদারকিও করতে হয় না। অন্যদিকে, বেসরকারি খাতে ঋণ দিতে গেলে ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার কার্যক্রম তদারকি করতে হয় এবং খেলাপি হওয়ার ঝুঁকি নিতে হয়।
তিনি আরো বলেন, অর্থনীতিতে এই পরিস্থিতিকে ‘ক্রাউডিং আউট’ বলা হয়। সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতের জন্য ব্যাংকের ঋণপ্রবাহ সংকুচিত হয়ে পড়ে। বর্তমানে ব্যাংকগুলো সরকারি ঋণ থেকেই অধিকাংশ মুনাফা অর্জন করছে। এই প্রবণতা নিরুৎসাহিত করা প্রয়োজন এবং সরকারের ঋণ গ্রহণের একটি সীমা থাকা উচিত।
সচিব বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হলে দুটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। দ্বিতীয়ত, ঋণের সুদহার কমাতে হবে। যদিও সরকার সরাসরি ঋণের সুদহার নির্ধারণ করতে পারে না, তবে নীতি সুদহারের মাধ্যমে তা প্রভাবিত করার সুযোগ রয়েছে।
উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য এম এ কাশেম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন