প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ১৯ নভেম্বর, ২০২৬: জেলার বৌদ্ধ বিহার রাজবন বিহারে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মাধ্যমে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম দানোত্তম কঠিন চীবর দানের দুদিনব্যাপী বৃহত্তম ধর্মীয় উৎসব।
আজ বৃহস্পতিবার বিকেলে মঙ্গল সূত্রপাঠের মাধ্যমে বেইন ঘর উদ্বোধন করেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
এ সময় চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা রাজ পরিবারের বয়োজ্যেষ্ঠ অধ্যাপক কুমার সমিত রায়ের সমধর্মিনী জয়তি রায়।
আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিক্ষু সংঘের কাছে ২৪ ঘণ্টায় তৈরীকৃত চীবর রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় প্রয়াত পার্বত্য ধর্মীয় গুরু বনভন্তে স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে ৫০তম দানোত্তম কঠিন চীবর দান শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
পরে আবাসিক ভান্তেরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশগ্রহণকারী পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
এ সময় রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, রাজবন বিহারের ৫০তম শুভ কঠিনচীবর দানানুষ্ঠানে পূর্ণার্থীদের যে পূণ্য সঞ্চয় হবে, সেই পূণ্যের ফলে বাংলাদেশ ও পৃথিবীর শান্তি প্রার্থনা করা হবে। তিনি আরও বলেন, এই উৎসব পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, বরং প্রতিটি ধর্মীয় জাতি গোষ্ঠীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আমরা এই উৎসবের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি।
কাল সকালে মূল অনুষ্ঠানের আগে প্রথম পর্বে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিন্ডদান দেওয়ার পর দুপুরে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু হবে। বেইন ঘর থেকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু করে বিহার এলাকা প্রদক্ষিণ করে রাজবন বিশ্বশান্তি প্যাগোডার পাশে বড় মাঠে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে কঠিন চীবরটির সঙ্গে বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, রাজবন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণে টাকাসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা। এছাড়া থাকবে ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের ধর্মীয় বক্তব্য।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর। প্রাচীন পূর্ণবর্তী নারী বিশাখা প্রবর্তিত নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সুতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করা হয় এবং বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়, এজন্য একে কঠিন চীবর দান বলা হয়।
এ কারণে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানে অংশগ্রহণ করতে দেশি-বিদেশি, দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণার্থী এই উৎসবে সমবেত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন