প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রান্নাঘরের বেড়া খুলে বাইরে বের করতে হয়েছে বৃদ্ধের মরদেহ, কারণ চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, শাকতলী গ্রামের জাকির হোসেন এবং তাজুল ইসলামের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে জাকিরের পরিবার প্রায় ৬০ বছরের পুরোনো দুটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে কয়েকটি পরিবারের সদস্যদের প্রতিদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বুধবার তাজুলের বাবা হাজি সফি উল্লাহ মারা যান। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দাফনের জন্য নেওয়ার সময় বিপত্তি ঘটে। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক রাস্তা সংকীর্ণ থাকায় মরদেহ নিয়ে বিপাকে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে অন্যের বাড়ির রান্নাঘরের বেড়া খুলে মরদেহ বের করে দাফন করা হয়।
তাজুল ইসলাম জানান, "প্রায় ৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যতটুকু রাস্তা আছে, সেখান দিয়ে কোনোরকমে চলাচল করতে হচ্ছে। কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করা কঠিন হয়ে পড়ে।"
অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন, "তারা নিজেদের জমিতে ঘরবাড়ি করেছেন। রাস্তা তো পুরোপুরি বন্ধ করা হয়নি। যতটুকু রাস্তা আছে, সেখান দিয়ে মানুষ চলতে পারে।"
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন