প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং আগুন জ্বলতে দেখতে পান।
পরে স্থানীয়দের সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ব্যাংক কার্যালয়ের দরজা পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, "বুধবার দিবাগত রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছি।"
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন