প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ সপ্তাহান্তে সাংবাদিকদের সম্মানে আয়োজিত বার্ষিক নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশী এক কৌতুকশিল্পীকে নিয়ে মঞ্চে হাজির হন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এ সময় তিনি নিজের মতো দেখতে আরেকজন কৌতুকশিল্পীকেও মঞ্চে আনেন। অনুষ্ঠানে ট্রাম্প ও কানাডার রাজনীতিবিদদের নিয়ে তারা নানা রসিকতা করেন।
শনিবারের অনুষ্ঠানে কার্নি বলেন, ‘আমি জরুরি কৌতুকের বোতাম চাপছি।’ এরপর মঞ্চে আসেন কৌতুকশিল্পী মার্ক ম্যাককিনি, যিনি কার্নির মতো সাজেন। পরে ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে আসেন মার্ক ক্রিচ। এ সময় ক্রিচ ট্রাম্পের বিখ্যাত জোরে হাত মেলানোর ভঙ্গি নকল করেন এবং তিনি কার্নি ও ম্যাককিনির সঙ্গে একই ভঙ্গিতে হাত মেলান।
ট্রাম্পের ওভাল অফিসের নতুন সাজসজ্জা নিয়েও মজা করেন কার্নি। তিনি বলেন, ‘এখানে রসিকতা করা বেশ কঠিন। আমি ওভাল অফিসেও গিয়েছি। একা। সেখানে নতুন সাজসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে।’ হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প ওভাল অফিসের সাজসজ্জায় বড় পরিবর্তন এনেছেন। সেখানে সোনালি রঙের নানা সামগ্রী, সোনার প্রলেপ দেওয়া সাজসজ্জা এবং বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করেছেন তিনি।
কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি প্রতিবছর সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে অপরকে নিয়ে রসিকতা ও কটাক্ষ করেন। এবারের অনুষ্ঠানে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভরও সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে রসিকতা করেন। তিনি ট্রুডোর সঙ্গে মার্কিন পপ তারকা ক্যাটি পেরির সম্পর্কের প্রসঙ্গ টেনে কথা বলেন।
পলিয়েভর বলেন, ট্রুডো ক্ষমতায় থাকার ১০ বছরে কানাডার সঙ্গে যা করেছেন, এখন একজন ‘একসময়ের জনপ্রিয়তা হারানো পপতারকার’ সঙ্গেও একই কাজ করছেন। তবে তার এই মন্তব্য নিয়ে অনলাইনে সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যটিকে নারীবিদ্বেষী এবং ক্যাটি পেরির প্রতি অপমানজনক বলে উল্লেখ করেন।
কানাডার রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল লুইস আরবোরও অনুষ্ঠানে কার্নিকে নিয়ে কৌতুক করেন। তিনি কানাডার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি।
কার্নির ঘন ঘন বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে আরবোর বলেন, ‘ঈশ্বর আর মার্ক কার্নির মধ্যে পার্থক্য জানেন? ঈশ্বর সব জায়গায় আছেন। আর মার্ক কার্নিও সব জায়গায় আছেন, শুধু অটোয়ায় নেই। অথচ তার থাকার কথা অটোয়াতেই।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন