প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে, রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে প্রথমে দেশের জনগণের কাছে অপরাধের দায় নিয়ে ক্ষমা চাইতে হবে।
তিনি উল্লেখ করেন, "সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না।"
সাইফুল হক আরও বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতায় থেকে সন্ত্রাস চালিয়েছে; এখন ক্ষমতা হারানোর পরও তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, কৃষকদের বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের মূল্য কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন। কৃষককে কিনতেও ঠকানো হচ্ছে, আবার বেচতেও ঠকানো হচ্ছে, এই পরিস্থিতি চলতে পারে না।
মানববন্ধনে সাইফুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে কৃষকদের মধ্যে সারের তীব্র সংকট বিদ্যমান। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এই ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি সতর্ক করেন, যদি সার কৃষকের কাছে উপযুক্ত মূল্যে পৌঁছাতে না পারে, তবে কৃষি উৎপাদন মার খাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে।
সরকারি দল ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সার বিতরণে কোনো দলীয়করণ বা আত্মীয়করণ করা যাবে না।
বিদ্যুৎ নিয়ে কৃষকদের দুর্ভোগের কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, বিদ্যুতের সংকটের পাশাপাশি ভূতুড়ে বিল কৃষকের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিনগুণ এমনকি পাঁচগুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, কৃষক উৎপাদন উপকরণ কিনতে গিয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়েও ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে।
কৃষকের এই সংকট সমাধানে কৃষি বাজার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। প্রকৃত উৎপাদক কৃষকের সেখানে কার্যকর অবস্থান নেই। তাই কৃষি বাজার সংস্কার করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
সাইফুল হক বলেন, কৃষি ও কৃষক না বাঁচলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্ব কোনোটিই রক্ষা করা সম্ভব হবে না। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বণ্টন না হয়, সরকারকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা শুধু কৃষকের দাবি নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্ন। কৃষকের উৎপাদন ব্যাহত করে কোনো অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না।
বিপ্লবী কৃষক সংহতির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ নিয়ে অনিয়ম-দুর্নীতির বোঝা কৃষকের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে কৃষি ও কৃষক উভয়ই গভীর সংকটে পড়বে।
সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজারের সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং কৃষি ও কৃষক রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন-সমাবেশ করে বিপ্লবী কৃষক সংহতি।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে ও মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় এ মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেতমজুর ইউনিয়ন নেতা সজীব সরকার রতন, রাশিদা আক্তার, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহবায়ক তুহিন রহমান নান্টু দাস প্রমুখ।
মানববন্ধনে বিপ্লবী কৃষক সংহতির বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে সার ও কৃষি উপকরণে দুর্নীতি-দলীয়করণ বন্ধ, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ নিয়ে হয়রানি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি বাজার সংস্কার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়নসহ কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন