শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৫ পি.এম
গাজীপুরের পূবাইলে অতিরিক্ত ধোঁয়ার কারণে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে, চট্টগ্রাম বন্দরনগরী এবং রাজধানী ঢাকা মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতানী পাড়ায় প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মোহাম্মদ আলী সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
স্থানীয়দের অভিযোগ,নির্বাচনের আগে ৭ নং ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই প্রতিশ্রুতি সামনে রেখে ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছিলেন।
তবে নির্বাচনের পর ৮-৯ মাস পেরিয়ে গেলেও রাস্তাঘাট, কালভার্ট সংস্কার কিংবা নদীভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে ভাঙা ব্রিজটি এখন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও সাবেক চেয়ারম্যান আজিজুল হক ও আজিজুল হক মানিক একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এলে সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করেছিলেন তারা। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাস্তাঘাট, কালভার্ট ও নদীভাঙন সমস্যার দৃশ্যমান সমাধান না হলে প্রার্থী বাছাইয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধান না হলে কোনো মেম্বার-চেয়ারম্যানকেই ভোট না দেওয়ার কথাও জানান তারা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাজ্জাত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী সরকারি কলেজ ছাত্রদল; সাহাদাত হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি, ১০ নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদল এবং স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদ। তারা দ্রুত ব্রিজ সংস্কারসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে ভাঙা ব্রিজসহ ৭ নং ওয়ার্ডের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা রোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের আওতায় পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের চোরাচালানের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ১২ নভেম্বর বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BS218) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BG389) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬.৩৭৫ কেজি কসমেটিকস জব্দ করা হয়। এ সময় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য ও স্বর্ণ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
একই ফ্লাইটে আগত আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার বাদে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা মূলত ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দেয়। যদিও এসব চালান পৃথকভাবে ছোট মনে হচ্ছে, তবে একত্রিত হয়ে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী এই অভিনেতা হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে পাজরে গুরুতর আঘাত পান। এর ফলে তার পাজরের পাঁচটি হাড়ে চিড় ধরে।
সূত্রে জানা যায়, পাজরের একটি চিড় ধরা হাড় অভিনেতার ফুসফুসে ক্ষত সৃষ্টি করে। দ্রুত হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা সেবা প্রদান করেন। আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের পর টিনু এখন বাড়িতে ফিরেছেন।
তবে তার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। আপাতত বিপদ থেকে মুক্তি পেলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে অভিনেতার জন্য বেশ কিছুটা সময় লাগবে। চোটের কারণে দৈনন্দিন কাজকর্মে যথেষ্ট অসুবিধা হচ্ছে তার। বিছানা থেকে ওঠা-বসা, এমনকি শোয়ার মতো সাধারণ কাজও এখন তার জন্য বেশ যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন। সেইসাথে প্রয়োজনীয় চিকিৎসা ও ফিজিওথেরাপি চলমান রাখার পরামর্শ দিয়েছেন।
সর্বশেষ টিনু আনন্দ রাম চরণ ও জাহ্নবী কপূর অভিনীত ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করেছেন। ওই সিনেমায় তিনি ক্রীড়ামন্ত্রী বিষ্ণুকান্ত তিওয়ারির চরিত্রে দেখা গিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোঘল ইতিহাসের সাক্ষী হয়ে ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে মফস্বলের সবুজের বুকে। লাল রঙের ইটের দেয়াল শরীরের মাথায় তিনটি গোলাকার গম্বুজ রয়েছে। গম্বুজগুলোই যেন গোটা মসজিদ, ভেতরে ঢুকলে সেটি দেখা যায়, বোঝা যায়। প্রায় ৯০০ বছর বয়সী মসজিদের গড়নশৈলী রীতিমতো রূপকথার গল্প বলার মতো।
মসজিদটির দৈর্ঘ্য ৪৫ ফুট, প্রস্থ ২২ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ৪৫ ফুট। ক্ষুদ্র পাতলা জাফরি ইটে নির্মিত এর অবয়ব। দেয়ালটির প্রস্থ ৬ ফুট ৯ ইঞ্চি। সংস্কারের কারণে মাপের কিছুটা তারতম্য হয়েছে। পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথের পাশাপাশি পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। কেন্দ্রীয় মেহরাব থেকে দুই পাশের মেহরাবে রয়েছে বড় সুরঙ্গের মতো অপূর্ব নিদর্শন। দূর থেকে মসজিদটি বিশাল মনে হলেও ভেতরে মাত্র দুই কাতারে নামাজে দাঁড়াতে পারেন মুসল্লিরা।
পাবনার চাটমোহর উপজেলার শহরের একেবারে মাঝামাঝি জায়গায় ঠাঁই পাওয়া মসজিদটির নাম শাহী মসজিদ। ইতিহাস অনুযায়ী, সম্রাট আকবরের শাসনামলে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে মসজিদটি নির্মিত হয় ৯৮৯ হিজরি সনে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৫৮১ খ্রিস্টাব্দে। আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর সহোদর খান মুহাম্মদ তুকি খান মসজিদটি নির্মাণ করেন।
শিলালিপি পাঠ অনুযায়ী ধারণা করা হয়, মাসুম খাঁ নিজেকে সুলতানরূপে ঘোষণা করেন। এরপর কিছু কালের জন্য পাবনা অঞ্চলে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। এ জন্য চাটমোহরে রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে প্রাচীন জনপদ চাটমোহর উপজেলায় বসতি স্থাপন করেন।
ইতিহাস অনুযায়ী নানা ঐতিহাসিক ঘটনার পর সৈয়দ আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁ সম্রাট আকবরের অধীনতা অস্বীকার করে চাটমোহরে স্বাধীন ক্ষমতা পরিচালনাকালে মসজিদটি নির্মাণ করেন। আর তখন থেকেই মসজিদটি মাসুম খাঁর মসজিদ নামে পরিচিত।
মসজিদটির দেয়ালের গায়ে প্রাচীন ভাস্কর্যশিল্পের নিদর্শনে দেখা যায়, মসজিদটির তিনটি গম্বুজ ও ছাদ প্রায় ধ্বংস হয়ে পড়েছিল। দেয়ালের ইট খসে যখন ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল, তখন ১৯৮০-এর দশকে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সম্পূর্ণরূপে সংস্কার করে। বর্তমানে এটি একটি সংরক্ষিত মসজিদ। “লা-ইলাহা-ইল্লাল্লাহু-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ” এবং ‘কালেমা শাহাদাত’ লেখা খণ্ডিত একখানা কালো পাথর মসজিদের সামনের ভাগে স্থাপন করা রয়েছে। ১৯০৪ সালে প্রাচীন কীর্তি রক্ষা আইনের আওতায় তৎকালীন পাকিস্তান সরকারও মসজিদটি রক্ষার চেষ্টা করেছিল।
স্থানীয়দের ভাষ্য, মসজিদের সামনে মিঠা পানির একটি ইঁদারা (কূপ) ছিল। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় ইঁদারার মুখ ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদের পাশে নগররক্ষীদের কয়েকটি পাহারা ঘর (চৌকি) ছিল। সে পাহারা চৌকিগুলোও ধ্বংস হয়ে গেছে এবং স্থানগুলো দখল হয়ে গেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় যাওয়ার পর কয়েক বছর আগে সরকারিভাবে মসজিদটি সংস্কার করা হয়। এতে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রাচীর-গেট নির্মাণ করে পরিবেশে আনা হয়েছে মুঘল আমলের মাধুর্য। নির্মাণ করা হয়েছে মিনার। মসজিদটির সৌন্দর্য এখনও মানুষকে বিমোহিত করে। বহু পর্যটক আসেন সম্রাট আকবরের স্মৃতিবিজড়িত মসজিদটি দেখতে।
মসজিদটিতে নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজের সঙ্গে জুম্মার নামাজ আদায় করা হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় জামাত হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দু’টি ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ