মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:২৪ পি.এম
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের মোট সংখ্যা ৮ হাজারেরও বেশি এবং মৃতের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছেছে। কঙ্গো সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও চরম বেগ পেতে হচ্ছে।
কঙ্গোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ৮,০৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩,৯০১ জনের মৃত্যু ঘটেছে, যা শতকরা হিসেবে প্রায় ৪৮.৪ শতাংশ। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভাইরাসের ‘বুন্ডিবুগিও’ (Bundibugyo) নামক একটি বিশেষ ধরনের স্ট্রেন ছড়িয়ে পড়ছে, যার জন্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট টিকা বা প্রতিষেধক অনুমোদিত হয়নি। যদিও বিভিন্ন পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি ও চিকিৎসা কার্যক্রম চলছে, তবে টিকার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় চোপো (Tshopo) প্রদেশে পরীক্ষামূলক টিকার সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অসন্তোষ ও অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গণসচেতনতা তৈরির কাজে স্বাস্থ্যকর্মী ও প্রতিনিধিরা হামলার শিকার হচ্ছেন। উত্তর কিভু প্রদেশের বুতেম্বো শহরে ইবোলা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে রেডিওতে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পর শাসকদল ইউডিপিএস-এর এক জ্যেষ্ঠ নেতাকে ক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, এই মহামারি এখনই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়ানো ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের রেকর্ডকে অতিক্রম করতে পারে। কঙ্গোর দুর্বল স্বাস্থ্য অবকাঠামো, সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সংঘাত এবং ভৌগোলিক দূরত্বের কারণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও ফান্ড সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিঙ্গাপুর থেকে এক মাস আগে ছুটিতে এসেছিলেন রোকন আহমেদ জয়; হত্যার অভিযোগ স্বজনদের, তদন্তে পুলিশ
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটী এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকন আহমেদ জয় কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। সেখানে প্রায় দুই বছর থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি ভৈরব থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রোকনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁর হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন, রোকন প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তাঁর দাবি, রাত আনুমানিক ২টার দিকে রোকনকে ঘর থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাত-পা ও মুখ বেঁধে তাঁকে হত্যা করে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।
তিনি বলেন, ‘এভাবে একজন প্রবাসী যুবককে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
নিহতের বাবা মো. সাত্তার মিয়া বলেন, আগের দিন কক্সবাজারে যাওয়ার জন্য কিছু কাপড় কিনবে বলে টাকা নিয়ে ঢাকায় যায়। আর সে ঢাকা থেকে মার্কেটও করে বাড়িতে আসে কিন্তু রাতের কোন একসময় তাকে কে বা কারা ডেকে নিয়ে যায় আর সকালে আমার একজন জন বলতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও কিছু একটা হয়েছে। বাড়িতে এসে দেখি আমার ছেলে আর নাই।
তিনি প্রশাসনের কাছে তাঁর ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
নিহতের মা ছেলের মৃত্যুর ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, কালিকাপ্রসাদ এলাকায় হাত-পা ও মুখ বাঁধা এক যুবকের মরদেহ গাছে ঝুলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোশাররফ করিম ও ফারুক আহমেদ বহু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন পর্দায় দর্শকদের মুগ্ধ করেছে বরাবরই। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ এবং ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে, জনপ্রিয় এই দুই অভিনেতা দীর্ঘদিন এক পর্দায় অনুপস্থিত ছিলেন। অবশেষে পাঁচ বছর পর তারা আবারও জুটি বাঁধছেন।
নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’-এ মোশাররফ করিম ও ফারুক আহমেদকে দেখা যাবে। নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন।
নাটকের কাহিনীতে বড় ভাই ফারুক আহমেদের অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। নাটকের গল্প এই দুই ভাইয়ের খুনসুটি ও দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে চলে।
দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে ফারুক আহমেদ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, "অনেক দিন পর তারা দুজন মনের মতো একটি কাজ পেয়েছেন।" নাটকটির শুটিং আনন্দের সঙ্গে করেছেন তারা। এ সময় সহশিল্পী মোশাররফ করিমের অভিনয়দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতার প্রশংসা করেন ফারুক আহমেদ।
জানা গেছে, সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। নাটকটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের প্রতিযোগিতার মাঠে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে, চীন পূর্বের মতোই পদক তালিকার শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে। চীনারা মোট ২৪৩টি পদক নিয়ে শীর্ষ চূড়ায় অবস্থান করছে। অপরদিকে, বাংলাদেশ তালিকার নিচের দিকে মাত্র ১টি ব্রোঞ্জ পদক জিতে রয়েছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, চীন ১৩৮টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৪৭টি ব্রোঞ্জসহ মোট ২৪৩টি পদক জিতে একক আধিপত্যের সঙ্গে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। স্বাগতিক দেশ জাপান ৪২টি স্বর্ণ, ৬৮টি রৌপ্য ও ৬৪টি ব্রোঞ্জসহ মোট ১৭৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়া ২৪টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ৪৯টি ব্রোঞ্জসহ মোট ৯৪টি পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা ৫টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ১টি ব্রোঞ্জ পদক নিয়ে নেপাল, ব্রুনাই, লাওস, মঙ্গোলিয়া ও সিরিয়ার সঙ্গে যৌথভাবে পদক তালিকার শেষের দিকে অবস্থান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ; সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে প্রেরণ
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিমের দিকনির্দেশনায় অপারেশন অফিসার এসআই (নিঃ) গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে *খুলশী থানার মামলা নম্বর-৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর **৬, ৮, ৯, ১০ ও ১১ ধারায়* মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ