বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী শাখা বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ এর জনপ্রিয়করণ এবং ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণে জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রূপালী ব্যাংকের নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ফিতা কেটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি প্রচারণা র্যালি বড় বাজারে গিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী করপোরেট শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।
বক্তারা এসময় বলেন, ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিউআর কোডের মাধ্যমে সহজে এবং নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমে যায় এবং লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। এই ব্যবস্থার ব্যবহার বাড়লে ক্যাশলেস লেনদেনও সম্প্রসারিত হবে। গ্রাহকদের সচেতন করতে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেন। ব্যাংক কর্মকর্তারা জানান, এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. সেলিম নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি আলমগীর (৩৬) নামের একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেলিমের পরিবারের দাবি, জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় তিনি দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন শত শত ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময় ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, গত ১২ নভেম্বর একই ইস্যুতে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের বিভিন্ন পরিবর্তন নিয়ে সংকোচ ও অজ্ঞতা দূর করতে শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, এ সময়ে করণীয় ও বর্জনীয়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও আশপাশের কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, অনিমা দীগিদী, শাকিল আহমেদ এবং শিক্ষার্থী নাবিলা আক্তার, শেহেনা আক্তার, রোকেয়া আক্তার, ফারজানা আক্তার, জেহিন বেগম ও তাওয়াককুল কারমান রাখাসহ অনেকে।
নবম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আক্তার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই সচেতনতামূলক সভা থেকে আমরা অনেক নতুন বিষয় জানতে পেরেছি। নিজের শারীরিক স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার এবং আশপাশের কিশোরী ও নারীদেরও সচেতন করব। এ ধরনের আয়োজন নিয়মিত হলে অনেকেই উপকৃত হবে।’
বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা দীগিদী বলেন, ‘সুস্বাস্থ্য ভালো থাকার অন্যতম প্রধান শর্ত। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এ সময় সঠিক তথ্য ও সহযোগিতা না পেলে তারা অনেক ক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান—উভয় জায়গা থেকেই তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করায় তারা বিষয়গুলো সহজভাবে জানার সুযোগ পেয়েছে। আশা করি, আজকের আলোচনার বিষয়গুলো তারা নিজেদের জীবনে কাজে লাগাবে।’
সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। সচেতনতা সৃষ্টি, ভালো কাজে উৎসাহিত করা এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সহসভাপতি সিরাজ খন্দকার ও সুস্মিতা হাজং, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, রিজিলা হাজং ও শাপলা হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু, দপ্তর সম্পাদক সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মোবারক হোসেন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সংজ্ঞিতা দেবী, ইভেন্ট সম্পাদক সবিতা দেবী, সদস্য রস্মিতা হাজংসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) নতুন ১৭ সদস্যের গভর্নিং বডি গঠন করা হয়েছে। এই পুনর্গঠিত গভর্নিং বডির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রতিনিধি ড. মো. তাসলিম আমিন (শোভন)।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-২ শাখার উপসচিব হাসিনা ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
এছাড়া, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রতিনিধি মো. জাহিদুল আলম ভূঁইয়া, টোয়াবের প্রতিনিধি ড. মো. তাসলিম আমিন (শোভন), হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ বা সমপর্যায়ের সংগঠনের প্রতিনিধি মো. শাখাওয়াত হোসেন, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষাবিদ বা গবেষক অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী এবং পর্যটন বিষয়ে অভিজ্ঞ নারী প্রতিনিধি নুরানী শারমিন আখরোজও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ