ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা চুরির ঝুঁকিতে, আইকাও অডিটের আগে উদ্বেগ


কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা চুরির ঝুঁকিতে, আইকাও অডিটের আগে উদ্বেগ

কক্সবাজার বিমানবন্দর আগামী মাসে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও উদ্বোধনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, তবে রানওয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সমুদ্রের বুকে সম্প্রসারিত রানওয়েতে স্থাপিত কোটি টাকা মূল্যের ‘ক্যাটাগরি-২ প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমের’ বৈদ্যুতিক তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বারবার চুরি হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটের মাত্র দুই সপ্তাহ আগে এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

আইকাওর অডিট আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরুর প্রস্তুতির মধ্যে এই অডিটকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে, গত ৭ অক্টোবর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) ১৪তম সভায় লাইটিং সিস্টেমের তার ও যন্ত্রাংশ চুরির বিষয়টি আলোচনায় আসে। সভায় এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, বিমানবন্দরের পরিচালক ও প্রকল্প পরিচালকের কাছ থেকে প্রায়ই এ ধরনের চুরির অভিযোগ আসছে। রানওয়ের নিরাপত্তা ও উড়োজাহাজের নিরাপদ অবতরণের জন্য গুরুত্বপূর্ণ এই ব্যবস্থার সরঞ্জাম চুরি যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের নথিতেও বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, “কেপিআই এলাকায় এ ধরনের যন্ত্রাংশ বা তার চুরির ঘটনা চরম নিরাপত্তাঘাটতির বহিঃপ্রকাশ। বিশেষ করে আইকাওর অডিট যখন দোরগোড়ায়, তখন এ ঘটনা দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। সমুদ্রবক্ষের এই স্পর্শকাতর নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিমান নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং অডিটে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল যুগান্তরকে জানান, “এনসিএএসসির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রবক্ষে স্থাপিত লাইটিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।”

বেবিচকের সুপারিশের ভিত্তিতে পর্যটন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। চিঠিতে নৌপুলিশের মাধ্যমে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রানওয়ে সমুদ্রের দিকে সম্প্রসারণের ফলে কক্সবাজার বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলের সক্ষমতা বাড়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার গুরুত্বও বেড়েছে। বিশেষ করে কুয়াশা, কম দৃশ্যমানতা কিংবা প্রতিকূল আবহাওয়ায় উড়োজাহাজের নিরাপদ অবতরণে অ্যাপ্রোচ লাইটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ব্যবস্থার বৈদ্যুতিক সংযোগ বা সংশ্লিষ্ট সরঞ্জাম চুরি কিংবা ক্ষতিগ্রস্ত হলে উড়োজাহাজের অবতরণে পরিচালনাগত জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন: কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

বেবিচকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা যুগান্তরকে বলেন, “সমুদ্রে বিস্তৃত এলাকায় স্থাপিত লাইটিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা স্থলভাগের কোনো স্থাপনা পাহারা দেওয়ার কাজটি সহজ নয়। সেখানে সমুদ্রপথে অনুপ্রবেশের আশঙ্কা, নজরদারি এবং প্রতিকূল আবহাওয়ায় টহল পরিচালনার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। তবে এসব চ্যালেঞ্জ আগে থেকেই বিবেচনায় নিয়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কথা।”

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের কার্যক্রম শুরুর আগে লাইটিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরাবৃত্ত চুরি ঠেকানো এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে উদ্ধার হলো কুমিল্লার ৪ স্কুলছাত্রী, চাঞ্চল্যকর তথ্য মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


হবিগঞ্জে উদ্ধার হলো কুমিল্লার ৪ স্কুলছাত্রী, চাঞ্চল্যকর তথ্য মিলেছে

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার স্কুলছাত্রী, যারা বাবার মোবাইল ফোন ও মায়ের সোনার অলঙ্কার নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তাদের হবিগঞ্জ থেকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে পরিচয় গড়ে ওঠার পর পরিবারের অজান্তে গত ১২ অক্টোবর সকালে ওই চার শিক্ষার্থী স্কুলের অনুষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তারা স্কুলে উপস্থিত হয়নি। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে এবং পরে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ অনুসন্ধানে নামে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং দেশের সব থানায় নিখোঁজ শিক্ষার্থীদের ছবি ও তথ্য পাঠানো হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিবিড় অনুসন্ধানের একপর্যায়ে গত ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহযোগিতায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের বয়স আট থেকে বারো বছরের মধ্যে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করত এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ছেলের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। তবে পরিচিত ওই ছেলেদের প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা জানত না।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশ্যে তারা বাসা থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের বাহার মোবাইল মার্কেটে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় গেলেও পরিকল্পনা সফল না হওয়ায়, এক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। হবিগঞ্জে পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তারা। তবে প্রকৃত ঠিকানা খুঁজে না পাওয়ায় ওই সিএনজিচালক রাত ২টার দিকে চার শিশুকে চুনারুঘাট থানায় নিয়ে যান।

ইতোমধ্যে জেলা গোয়েন্দা শাখা বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোহাম্মদ নূর : সুনামগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সমাবেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎বিদ্যালয়ের সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও মো. দুলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়।
‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি কামাল হোসেন। এ ছাড়া অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হালিম, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লালু মিয়া, হাজী আমিনুল হক ও মাওলানা রফিকুল ইসলাম বক্তব্য দেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, তাহিরপুর উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হবে। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কখন, কোথায় যাচ্ছে এবং কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে খোঁজ রাখা এবং তাদের প্রতি যথাযথ নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


হুথিদের সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি প্রদান করেছে। সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করার উদ্দেশ্যে গোষ্ঠীটি দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই তথ্যটি দ্যা মিডল ইস্ট আই-এর মাধ্যমে জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) হুথিরা জানায়, তারা সৌদি আরবের ধাহরানে সৌদি আরামকোর স্থাপনা, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।”

হুথিরা আগামী দিনগুলোতেও বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সৌদি আরবের সঙ্গে গোষ্ঠীটির উত্তেজনা ক্রমেই বাড়ছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিদিন হামলা চালাচ্ছে হুতিরা। গত শনিবার বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে সৌদি আরব।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ এবার সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ রেখে আয়োজনের পরিকল্পনা করছে। এতে নির্বাহীরা দূর থেকেই সম্মেলনে অংশ নিতে পারবেন।

তবে কিছু অংশগ্রহণকারী রিয়াদে যেতে পারেন। এ ক্ষেত্রে রাজধানীর বাইরের বিমানঘাঁটি অথবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

হুতিদের সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ার পরও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সৌদি সরকার।

এদিকে মঙ্গলবার ধাহরানে সৌদি আরামকোর সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, সৌদি আরবে হামলার প্রভাব বিশ্বজুড়েই পড়তে পারে। এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সৌদি অর্থনীতি এই অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সে কারণে সাম্প্রতিক ঘটনাগুলোর নেতিবাচক প্রভাব সর্বত্র, সবার ওপর পড়তে পারে।”

২০১৫ সালে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধে জড়ানোর পর উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ এই দেশটির ওপর হুতিদের সাম্প্রতিক হামলাগুলোকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করবে। এর ফলে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। নতুন রুটে ট্রেনটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। তবে, কুমিরা স্টেশনে এ যাত্রাপথে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ট্রেনটিতে যাত্রীদের জন্য শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফলে বিভিন্ন শ্রেণির যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী আসন বেছে নিতে পারবেন। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী ছাড়াও নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।

রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন থাকবে। ট্রেনটির চলাচলের সময় প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট। তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন ও কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্য ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না। তাই সেখানকার যাত্রীদের বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%