ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা


বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের বাকবিতন্ডায় জড়ায়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে বাড় পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসত ঘরের সামনে যান। ওই সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনা‌কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ২জনকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশাচালকদের ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


অটোরিকশাচালকদের ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন চালকরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এদিকে, ধর্মঘট চলাকালীন সড়কে চলাচলরত কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর করা হয়েছে, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ধর্মঘট পালনকারী চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

হঠাৎ অটোরিকশার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন সড়ক ও মোড়ে যাত্রীদের যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক যাত্রী সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বেড়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক কেলেঙ্কারিতে বিচার-পূর্ব আটক প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ব্যাংক কেলেঙ্কারিতে বিচার-পূর্ব আটক প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

প্যারাগুয়ের উয়েনো ব্যাংকের পতনজনিত আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। আদালত এই মামলার প্রেক্ষিতে তাঁকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন। ব্যাংকটির পতনের ফলে প্রায় ৩০ লাখ গ্রাহকের আমানত আটকে গেছে, যা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গত শুক্রবার পেনা সিনেটের অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত হন। তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া অব্যাহত রাখেন। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ফলে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি হারান।

শনিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সামনে হাজির হলে তাঁর বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ এবং ব্যক্তিগত স্বার্থে সম্পদ ব্যবস্থাপনার’ অভিযোগ আনা হয়। বিচারক হুমবার্তো ওতাসু তাঁকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেন। বর্তমানে তাঁকে রাজধানী আসুনসিওনের প্রেসিডেন্টের নিরাপত্তা রেজিমেন্টের সদর দপ্তরে রাখা হয়েছে।

পেনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে উয়েনো ব্যাংক সরকারি বিভিন্ন সংস্থা ও পেনশন তহবিল থেকে আমানত গ্রহণ এবং ঋণ সুবিধা পেয়েছে। এছাড়া ব্যাংকটির মালিকানাধীন ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগও তদন্তাধীন রয়েছে।

প্যারাগুয়ের প্রায় ৬৫ লাখ জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি মানুষের হিসাব রয়েছে ডিজিটাল প্রযুক্তিনির্ভর উয়েনো ব্যাংকে। ব্যাংকটির সঙ্গে পেনার সংশ্লিষ্টতা নিয়ে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ৪৭ বছর বয়সী অর্থনীতিবিদ পেনা ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংকটির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান উয়েনো হোল্ডিংয়ের শেয়ারধারী ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা পেনা এবং একই ঘটনায় অভিযুক্ত সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান কার্লোস কারভালোর সম্পদ জব্দের আবেদন করেছেন। বিচারক জানান, শুনানির সময় পেনা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উয়েনো ব্যাংকের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। ব্যাংকটির আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। এতে লাখ লাখ গ্রাহক তাঁদের আমানতের অর্থ তুলতে বা হিসাব ব্যবহার করতে না পেরে বিক্ষোভে নামেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের একটি অংশকে অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে।

পেনার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। তিনি ব্যাংকটির পতনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ লাখ আমানতকারীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের মধ্যে পেনশনভোগীরাও রয়েছেন। পেনার ক্ষমতাচ্যুতির খবরে রাজধানী আসুনসিওনের রাজপথে অনেকে উল্লাস প্রকাশ করেন। তবে একই ডানপন্থী কলোরাডো পার্টির নেতা আলিয়ানার ক্ষমতা গ্রহণে ক্ষুব্ধ হন কিছু বিক্ষোভকারী।

এদিকে, পেনাকে সাধারণ কারাগারে পাঠানোর দাবিতে বিক্ষোভকারীরা তাঁর বাসভবনের বাইরে জড়ো হন। ৩৩ বছর বয়সী আইনজীবী মাকারেনা চিলাভের্ত এএফপিকে জানান, তাঁরা এই বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিকে কারাগারে দেখতে চান।

প্যারাগুয়ের অর্থনৈতিক ও আর্থিক খাতে এই সংকটের প্রভাব পড়েছে। সরকারি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পেনশন তহবিলের অর্থ উয়েনো ব্যাংকে জমা ছিল। ব্যাংকটির পতনের ঘটনায় দেশটির আর্থিক খাতের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

পেনার ক্ষমতাচ্যুতি দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের জন্যও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পশ্চিম গোলার্ধবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়ান পাবলো সেগুরা প্যারাগুয়েকে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অংশীদার, বন্ধু ও মিত্র’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নতুন প্রেসিডেন্ট আলিয়ানার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।তথ্যসূত্র: তাস, এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আজ পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ দিবস

জীবনের নানা ঝামেলা ও অনিশ্চয়তাকে হাসিমুখে মেনে নেওয়ার বার্তা নিয়ে সোমবার (৯ নভেম্বর) পালিত হচ্ছে ‘কেওয়াজ নেভার ডাইজ ডে’।

প্রতিদিনের জীবনে ঝামেলা যেন নিত্যসঙ্গী হয়ে থাকে। কখনো কাজের চাপ, কখনো যানজট, আবার কখনো হঠাৎ কোনো সমস্যা এলোমেলো করে দেয় সব পরিকল্পনা। একটি সমস্যার সমাধান করতে না করতেই হাজির হয় আরেকটি। জীবনের এমন অনিশ্চয়তা ও বিশৃঙ্খলাকে রসিকতার সঙ্গে মেনে নেওয়ার বার্তা নিয়ে ৯ নভেম্বর পালিত হয় ‘কেওয়াজ নেভার ডাইজ ডে’ বা ‘ঝামেলার শেষ নেই দিবস’।

দিবসটির নাম শুনলে বিশৃঙ্খলা উদ্‌যাপনের কথা মনে হতে পারে, কিন্তু এর মূল বার্তা ভিন্ন। জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় এই বাস্তবতা মেনে নেওয়া এবং ছোটখাটো বিপত্তিতে অতিরিক্ত বিচলিত না হওয়ার কথাই মনে করিয়ে দেয় দিনটি।

‘কেওয়াজ নেভার ডাইজ’ কথাটির অর্থ হলো, বিশৃঙ্খলা কখনো পুরোপুরি শেষ হয় না। অর্থাৎ একটি সমস্যার সমাধান হলেই জীবনের সব ঝামেলা চিরতরে বিদায় নেবে, এমন নয়। বরং জীবনের নানা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রয়োজনে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

এটি একটি অনানুষ্ঠানিক ও মজার উপলক্ষভিত্তিক দিবস। এর নির্দিষ্ট প্রতিষ্ঠাবর্ষ, উদ্যোক্তা কিংবা প্রথম উদ্‌যাপনের বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। একইভাবে কোনো আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির তথ্যও প্রতিষ্ঠিত নয়।

আধুনিক জীবনে ব্যস্ততা ও মানসিক চাপের অভাব নেই। অফিস, পড়াশোনা, সংসারের দায়িত্ব, যানজট কিংবা প্রযুক্তিগত সমস্যা সব মিলিয়ে প্রতিদিনের পরিকল্পনা অনুযায়ী চলা কঠিন হয়ে পড়ে। অনেক সময় ছোটখাটো ঘটনাও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

দিবসটির অন্যতম বার্তা হলো, সব সমস্যা একসঙ্গে সমাধান করার প্রয়োজন নেই। কোন কাজটি বেশি জরুরি, কোনটি পরে করা যাবে এবং কোন বিষয়টি নিয়ে অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই, তা বুঝে নেওয়া জরুরি। নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের করণীয়তে মনোযোগ দেওয়ারও আহ্বান জানায় দিনটি।

দিবসটি পালনে নেই কোনো নির্দিষ্ট নিয়ম বা আনুষ্ঠানিকতা। চাইলে দৈনন্দিন কাজের তালিকা গুছিয়ে নেওয়া, দীর্ঘদিনের অসমাপ্ত কাজ শেষ করা কিংবা কোনো পরিকল্পনা ভেস্তে গেলে বিকল্প উপায় খুঁজে নেওয়ার মাধ্যমে দিনটি পালন করা যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে জীবনের মজার কোনো বিপত্তির গল্প ভাগ করে নেওয়াও হতে পারে উদ্‌যাপনের অংশ।

জীবন থেকে ঝামেলা ও বিশৃঙ্খলা পুরোপুরি দূর করা হয়তো সম্ভব নয়। তবে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে শান্ত থাকা, অগ্রাধিকার ঠিক করা এবং হাসিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা সম্ভব। ‘কেওয়াজ নেভার ডাইজ ডে’ সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাসিনো সম্রাট রুবেল মিয়ার বিপুল সম্পদের তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ক্যাসিনো সম্রাট রুবেল মিয়ার বিপুল সম্পদের তথ্য প্রকাশ

হবিগঞ্জের রুবেল মিয়া (৩৭) চায়ের দোকান থেকে শতকোটি টাকার মালিক হয়ে ওঠার পর অনলাইন জুয়ার সাম্রাজ্য গড়ে তোলার, প্রতারণা ও বিদেশে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের সম্মুখীন হয়েছেন। স্থানীয়ভাবে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত রুবেলের দেশে এবং বিদেশে বিপুল সম্পদের মালিকানা রয়েছে। জমি, বাড়ি, মার্কেট, ফ্ল্যাট, রিসোর্ট, দুবাইয়ে হোটেল, সুপার শপ এবং ক্যাসিনো ব্যবসা মিলিয়ে তার সম্পদের পরিমাণ শতকোটি টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের। তার সম্পদের বিস্তারিত অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি, ডিজিটাল ডিভাইস ও ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমেরিকান কোম্পানির প্রলোভন দেখিয়ে ৭৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার পল্টন মডেল থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যতম আসামি হিসেবে রুবেল মিয়াকে উল্লেখ করা হয়েছে। মামলায় তাকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ও প্রতারণাচক্রের ‘এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার পর তিনি দুবাই পালানোর সময় ২ অক্টোবর সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন। পরে হবিগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পল্টন থানার ডিজিটাল প্রতারণা মামলায় তাকে হবিগঞ্জ পুলিশ হস্তান্তর করেছে। বর্তমানে মামলাটির তদন্তের দায়িত্ব ডিএমপির ডিবি দক্ষিণ বিভাগে রয়েছে। ডিবি দক্ষিণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, মামলায় উল্লিখিত কেবল একটি অ্যাপ নয়, বরং কিছুদিন পরপর নতুন নতুন অ্যাপের মাধ্যমে এই জুয়া চলছে। সব অ্যাপই রুবেলের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

এর আগে, বাংলাদেশে অনলাইন জুয়ার মূল হোতা হিসেবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে এবং সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে কৌশলে জামিন নিয়ে আবারও একই কায়দায় সারা দেশে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে রুবেলের বিরুদ্ধে।

দেশের অনলাইন জুয়ার মূল হোতা গ্রেফতার হওয়ার পর সিলেটজুড়ে শুরু হয় তোলপাড়। রুবেল মিয়ার অপরাধ নিয়ে অনুসন্ধানে নামে যুগান্তর। হবিগঞ্জের সদর উপজেলার শরীফপুর গ্রামে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালে রুবেল মিয়ার বাবা আব্দুল লতিফ ছিলেন দিনমজুর।

স্থানীয় লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বলের সঙ্গে কথা হলে রুবেল সম্পর্কে তিনি বলেন, ‘রুবেলের বর্তমান জীবনযাপন যেন আলাদিনের চেরাগের গল্পকেও হার মানায়। গ্রামের সবাই দেখেছে, যে ছেলেটি কয়েক বছর আগে গ্রামের দোকানে চায়ের স্টল দিয়ে জীবিকা নির্বাহ করত, বাবা ভ্যান চালাত; সে অনলাইন জুয়ায় জড়িয়ে পাহাড়সমান টাকার মালিক হয়ে গেছে। তার হঠাৎ এই উত্থান দেখে অনেক আগে থেকেই এলাকার উঠতি বয়সিরা ঝুঁকেছে অনলাইন জুয়ায়। সেটা এখন নিয়ন্ত্রণের বাইরে।’

রুবেলের সম্পদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যা এই মুহূর্তে এলাকায় দৃশ্যমান তাতেও প্রায় শতকোটি টাকা হবে। সরকারের সংস্থাগুলো তদন্ত করলে অদৃশ্য আরও কয়েকশ কোটি টাকার সম্পদ খুঁজে পাবে।’ রুবেল বেশির ভাগ সম্পদ দুবাইয়ে পাচার করেছেন এবং সেখানে বসেই দীর্ঘদিন অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করেছেন বলে জানান তিনি।

ক্যাসিনো রুবেলের যত সম্পদ : স্থানীয় সাবরেজিস্ট্রার অফিসে ক্যাসিনো সম্রাট রুবেল ও তার পরিবারের সম্পদের খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ৫ বছরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় যে সম্পত্তি কেনা হয়েছে তার বাজারমূল্য শতকোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে সুলতানশী মৌজায় ২০১৯ সালে ১৬০০ নম্বর দলিলে ৯ শতক, ২০২১ সালে ৩৮২৯ নম্বর দলিলে ১০ শতক, ২০২২ সালে ৭৪১৫ ও ৫১১৫ নম্বর দলিলে যথাক্রমে ৪৬.৮ শতক ও ১০ অযুতাংশ এবং ২০২৩ সালে ৫৬৩৪ ও ৫৬৩৫ নম্বর দলিলে ২৫ শতক জমি রেজিস্ট্রি করেন। এছাড়া সুলতানশী মৌজায় শুধু রুবেলের নামেই ১৫ বিঘা এবং তার ভাই সোহাগসহ পরিবারের অন্য সদস্যদের নামে আরও ১৭ বিঘা জমি রয়েছে।

পাশাপাশি যমুনাবাদ মৌজায় ২০২২ সালে ৪৬১৮ নম্বর দলিলে ১৫ শতক, দারিয়া মৌজায় ১ একর ৭৬ শতক জমি এবং আনন্দপুর পৌরসভা এলাকায় ২০২৪ সালে ১৪০৩ নম্বর দলিলে ১১.৭২ শতক জমিসহ বাড়ি কেনা হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, কটিয়াদী বাজারে ১০ শতকের ওপর একটি বিলাসবহুল মার্কেট, শ্রীমঙ্গলে পল্লীবিদ্যুতের কাছে ৮ শতকের ওপর ৪ তলা চার ইউনিট ভবন ও রেলগেটের কাছে ১০ শতকের ওপর ৩ তলা ভবন, হবিগঞ্জ ইনাতাবাদ পৌরসভায় ১১ শতক, পুরাতন মুন্সীতে ৮ শতক জমি এবং প্রায় ১৫ কাঠা জমির ওপর দুটি নির্মিত বাড়ি রয়েছে।

এছাড়া ঢাকায় মতিঝিল ও উত্তরায় একাধিক ফ্ল্যাট রয়েছে। নিজ গ্রামে বিশাল অট্টালিকা, বিলাসবহুল গাড়ি, শ্রীমঙ্গলে শত বিঘার বেশি জমির ওপর রিসোর্ট এবং দুবাইয়ে বিলাসবহুল বাংলো, সুপার শপ, হোটেল ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে দেশ-বিদেশে এক বিশাল অবৈধ সাম্রাজ্য ও সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ রয়েছে।

স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দলিল, রেজিস্ট্রি মূল্য, বাজারমূল্য এবং মালিকানার তথ্য চাইলে আমরা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাখিল করব। তবে এসব সম্পত্তির বাজারমূল্য শতকোটি টাকার ওপরে হবে বলে তারা জানান।

২৯ সেপ্টেম্বর পল্টন থানায় মামলার বাদী মো. আকবর হোসেন এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২২ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিরা তাকে নানাভাবে প্রলোভন দেখান। অভিযুক্তরা harrywinstongold.vip নামের একটি ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আমেরিকান কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে বাদীর কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। মামলার বাদী আকবর হোসেন যুগান্তরকে বলেন, রুবেল পুরো দেশের অনলাইন ‘জুয়ার ব্যবসা’ নিয়ন্ত্রণ করছেন। সব অর্থ বিদেশে পাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন-রাজধানীর উত্তর বাড্ডার মো. ইকবাল আশরাফ ওরফে ক্যাসিনো ইকবাল, গাজীপুরের তাসনুভা নওরিন সানজানা ওরফে শারমিন জাহান তিশা, হবিগঞ্জ সদরের শরীফপুর গ্রামের মো. রুবেল মিয়া ওরফে ক্যাসিনো সম্রাট রুবেল, কুমিল্লার দেবিদ্বার উপজেলার জুয়েল রানা, চুয়াডাঙ্গার মো. সুজন, হবিগঞ্জের সুলতানশী গ্রামের ময়নুল হাসানসহ অজ্ঞাতনামা ৫/৬ জন। এদের মধ্যে রুবেল মিয়াকে এ মামলায় ‘এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাদের মধ্যে হবিগঞ্জের ময়নুল হাসান ওরফে দুলাল রুবেলের স্থানীয় সহযোগী হিসাবে পরিচিত। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বাগিয়ে নিয়েছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের পদও। যদিও এসব অভিযোগে সম্প্রতি তার নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয়। পুলিশের খাতায় এখনো তিনি পলাতক। এছাড়া রুবেলের ভাই মো. সোহাগ মিয়া ওরফে মাদক্কা ক্যাসিনো সোহাগ নামে এলাকায় পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে দুবাইয়ে অবস্থান করে বাংলাদেশ থেকে টাকা পাচার ও অনলাইন জুয়া ও মাদক চোরাচালান পরিচালনা করছেন তিনি। সোহাগ ক্যাসিনো রুবেলের প্রধান সহযোগী।

স্থানীয়রা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল মিয়া ছিলেন তৎকালীন সংসদ-সদস্য আবু জাহিরের অর্থ জোগানদাতা। নিজেকে যুবলীগ নেতা হিসাবে পরিচয় দিতেন। গত জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। রুবেলের এসব অপরাধ ও তার সহযোগীরা বিএনপির রাজনীতিতে জড়িত থাকার বিষয়ে কথা হয় হবিগঞ্জ সদর আসনের সংসদ-সদস্য ও হুইপ জিকে গউছের সঙ্গে।

তিনি বলেন, রুবেল মূলত আওয়ামী লীগের এমপির শেল্টারেই এসব অপরাধ করে আসছিলেন। বিষয়টি পুরো হবিগঞ্জের মানুষ জানে। বর্তমান সরকারের সময় এসব অপরাধী কোনোভাবেই পার পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন জুয়ার মতো জঘন্য অপরাধ যারা নিয়ন্ত্রণ করছে, তারা যে দলেরই হোক তাদের যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। রুবেলের সহযোগী ময়নুল হাসান ওরফে দুলালের বিষয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%