বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাড়িঘর, দোকানপাট অথবা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলার কারণে যদি মশার প্রজননস্থল তৈরি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে জেল-জরিমানা আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ বৃহস্পতিবার, রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা’ কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ‘ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজনন ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।’
তিনি আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। প্রতি শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীরা মাঠে নামলে সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।’
বৃক্ষরোপণ জোরদারের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। তিনি নগরবাসীকে যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের জন্য একটি পানির পাম্প স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য সংশ্লিষ্ট ফুটওভারব্রিজ সরানোর উদ্যোগ গ্রহণ এবং বাসের টোল ফ্রি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন প্রশাসক।
এছাড়া তিনি শিক্ষার্থীদের টিফিনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরজাহান আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০টি মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করা হবে, যাতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় এবং দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ও অধিকতর বাজেটসম্পন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য থার্ড-পার্টি অডিট করার বিষয়েও।
আজ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
বৈঠকে আলোচনা করা হয়, কিভাবে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়।
এছাড়া, বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো. হাফিজ ইব্রাহিম, ডা. মো. মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মো. মনজুরুল ইসলাম, মো. ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।
এছাড়া, বৈঠকে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রফিক মিয়া (মৃত লোকমান মিয়ার ছেলে) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এলাকার কয়েকজন যুবক লুডু খেলায় মেতে ছিলেন। খেলা উপভোগ করতে পাশে বসেছিলেন রফিক ও সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে রফিক ও সালমানের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে গুরুতর আহত হন রফিক।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনই এলাকার যুবকরা এখানে বসে খেলাধুলা করতেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রফিককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে নাসিরনগর উপজেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও কিশোর কুমার দাসের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের পারস্পরিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ কালকিনি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতার বিষয়েও মতামত দেন।
আলোচনার একপর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়। নবাগত ইউএনও কিশোর কুমার দাস সাংবাদিকদের বক্তব্য ও প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেন।
সভায় কালকিনি উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিনি কনফারেন্স রুমে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যাম্পিয়নশিপের সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ