ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’-স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন


মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’-স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এ স্লোগানকে সামনে রেখে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’।

হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে জমে ওঠে এ আয়োজন। টুর্নামেন্টের সেমিফাইনালে টানটান উত্তেজনার পর টাইব্রেকারে স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বোয়ালমারী ফুটবল একাদশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।

আরও পড়ুন: আগাম পানি শুকিয়ে হাওরের কৃষকদের বীজতলা তৈরিতে সমস্যা

আয়োজকদের মূল লক্ষ্য, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো আলফাডাঙ্গার আক্রমণ, আবার কখনো বোয়ালমারীর পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম। তিনি বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের অনুপ্রেরণা, বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বেল্লাল হোসাইন। তিনি বলেন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

আরও পড়ুন: রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

খেলাটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাবলীল ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ এবং বিশেষ করে টাইব্রেকারের প্রতিটি শটে দর্শকদের করতালি, উল্লাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাক শ্রমিকদের টাকা পাঠানোর পেছনে কারা রয়েছে, তা জনগণ বুঝতে পারছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি আবার দেশে ফেরার চেষ্টা করে, তাহলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। বিএনপি পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভরশীল হবে না, তারা নিজেই মাঠে থাকবে। জনগণই তাদের শক্তি।

জাকারিয়া তাহের সুমন বলেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়, তাহলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে সেটি কার্যকর হবে।

অনুষ্ঠানে উপস্থিত লোকজনের কাছে তিনি জানতে চান, আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসুক বা স্বৈরাচার ফিরে আসুক—এ বিষয়ে তাদের মতামত কী। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন।

বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। মন্ত্রী আরও বলেন, ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা ফিরে এলে জনগণ ক্ষমা করতে চাইবে কি না, সেটি জনগণই ঠিক করবে।

ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সৌদি জোটের ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সৌদি জোটের ধ্বংসের দাবি

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদ, সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ছোড়া হয়েছিল। একই সময়ে, ইয়েমেনের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি উল্লেখ করেছেন, "হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।"

এর আগে শনিবার (১৪ নভেম্বর) আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন দুটি হুথি ড্রোনও আকাশে ধ্বংস করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহর লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও তারা প্রতিহত করেছে।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও মাদগাল জেলায় হুথিদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে সরকারি বাহিনী অগ্রগতি অর্জন করেছে। মারিবেও সংঘাতের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আল-নুজাইলির দাবি, সৌদি সমর্থিত বাহিনীর ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযানে হুথিদের ৩২১ জন নেতা নিহত বা আহত হয়েছেন। এসব অভিযান তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে পরিচালিত হয়েছে। এছাড়া, ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে অন্তত ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ করা হয়েছে।

অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের নিয়ন্ত্রিত সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফ প্রদেশে ৭২টি বিমান হামলা চালিয়েছে। এ সময় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি।

হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী সানার শুয়ুব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল: মিলবে কোথায়-চলবে কতদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল: মিলবে কোথায়-চলবে কতদিন

সরকার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায়, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে।

জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেলে ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে। এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে এই কার্যক্রম তিন মাস চলবে। এই সময়ে তৈরি পোশাকশিল্পের কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, প্রবাসীদের ভিড় বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, প্রবাসীদের ভিড় বাড়ছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ করে কমে গেছে। কুয়েতের স্বর্ণবাজারেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় পর প্রতি গ্রামে প্রায় দুই দিনার কমে যাওয়ার ফলে ক্রেতাদের ভিড় বাড়ছে স্বর্ণের দোকানে। প্রবাসী ক্রেতাদের মধ্যে এই পরিবর্তনে আনন্দ দেখা যাচ্ছে। তবে বিক্রির চাপ এবং কম দামে স্বর্ণ বিক্রির কারণে ব্যবসায়ীরাও সন্তুষ্ট।

বিশ্ববাজারে স্বর্ণের উচ্চমূল্যের কারণে অনেক প্রবাসী নতুন করে স্বর্ণ কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে ছিলেন দীর্ঘদিন। কিন্তু সাম্প্রতিক দরপতন কুয়েতের স্বর্ণবাজারের পরিস্থিতি পাল্টে দিয়েছে।

গত সপ্তাহে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৩৮ দিনার ছিল, কিন্তু শুক্রবার (১৩ নভেম্বর) তা ৩৬ দিনারের নিচে নেমে আসে। অর্থাৎ, প্রতি গ্রামে দুই দিনারের বেশি দাম কমেছে।

দাম কমার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কুয়েতের বিভিন্ন স্বর্ণের দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশের ক্রেতারা কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাতে দোকানে ছুটছেন। দীর্ঘদিন পর তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করছেন।

তবে স্বর্ণের দাম কমানোর ফলে ব্যবসায়ীদের জন্য ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও দাম কমাতে হচ্ছে তাদের। ফলে আগে বেশি দামে কেনা স্বর্ণ এখন কম দামে বিক্রি করতে হচ্ছে। যদিও এতে লোকসানের আশঙ্কা রয়েছে, ব্যবসায়ীরা বলছেন, তারা প্রতিদিন আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই ব্যবসা পরিচালনা করেন।

বিশ্ববাজারের ওঠানামার সাথে কুয়েতের স্বর্ণবাজারেও দামের পরিবর্তন অব্যাহত রয়েছে। দাম কমানোর ফলে ক্রেতাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেলেও ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্বর্ণের এই দরপতন কতদিন স্থায়ী হবে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%