০৬:৪৩ পি.এম
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীদের মাধ্যমে যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রবিবার দুপুরে এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বে ঘোষিত এই কর্মসূচিতে অংশগ্রহণ না করায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহবায়ক হেলাল খান। মানববন্ধন শেষে তাদের সামনে পেয়ে তিনি উত্তেজিত হয়ে বিভিন্ন মন্তব্য করেন।
এই মানববন্ধনে রবিবার দুপুরে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। যদিও জয় চৌধুরী এবং শিল্পী সমিতির আরও কয়েকজন সদস্য এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি।
এই বিষয়টি নিয়ে হেলাল খান ক্ষুব্ধ হন। মানববন্ধন শেষে তিনি এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান। এরপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। মুহূর্তেই এফডিসি প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তিনি উত্তেজিত কণ্ঠে তাদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করতে শোনা যায়।
আরও পড়ুন: ভিকিই আমার সব অস্থিরতার মাঝে একমাত্র শান্তির আশ্রয়: ক্যাটরিনা কাইফ
হেলাল খানের অভিযোগ, এফডিসিতে উপস্থিত থাকার পরও তারা কেন মানববন্ধনে অংশ নেননি, সেটিই তার ক্ষোভের মূল কারণ। জয় চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।’
এই ঘটনার ফলে এফডিসি প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন: শুটিংয়ে পরিচালকের যৌন হেনস্তার শিকার স্বরা ভাস্কর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন