০৬:১৬ পি.এম
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের আওতায় ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ জনগণ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও (হাতে ঘোরানো রেডিও), টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। তবে প্রশ্ন উঠেছে—এই প্রস্তুতি কি শুধুমাত্র আতঙ্কের ফল, নাকি এটি সময়ের বাস্তব প্রয়োজন?
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম মুখপাত্র ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে আতঙ্কিত না করে বরং সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা একা নিজেদের চালিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।
এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানায়, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। এছাড়া টুনা মাছ, মাংস এবং সবজির টিনের চাহিদা এক লাফে অনেকখানি বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন
তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন