ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে


রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে

স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক অঙ্গনে এবার ফুটবল মাঠের লড়াই ছড়িয়ে পড়েছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের একটি মন্তব্য নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি রিয়াল মাদ্রিদের পরিচালনা এবং ক্লাবের নিজস্ব টেলিভিশন চ্যানেলের কার্যক্রমকে নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচার কৌশলের সঙ্গে তুলনা করেছেন।

এই মন্তব্যের পর রিয়াল মাদ্রিদ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা তেবাসের বক্তব্যকে ‘গভীর অপমানজনক’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ আখ্যা দিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। শুধু লা লিগার সভাপতির পদ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহসভাপতির পদ থেকেও তেবাসকে সরে দাঁড়ানোর দাবি করেছে ক্লাবটি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে তেবাস অভিযোগ করেন যে, রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের বক্তব্য প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। তিনি উল্লেখ করেন, ক্লাবটির টেলিভিশন চ্যানেল সেই প্রচারের নেতৃত্ব দেয়। তেবাস বলেন, ‘একই অভিযোগ বারবার তুলে ধরা, সন্দেহ ছড়ানো এবং প্রতিপক্ষকে শত্রু হিসেবে উপস্থাপনের এই কৌশল গোয়েবলসের প্রচারপদ্ধতির কথা মনে করিয়ে দেয়।’

আরও পড়ুন: ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মোরিনিওর বিস্ফোরক মন্তব্য: ‘চুপ থাকো’

পরে তেবাস স্পষ্ট করেন যে, তিনি নাৎসি মতাদর্শের সঙ্গে নয়, বরং প্রচারের কৌশলের সঙ্গে তুলনা করেছেন। তবে রিয়াল তার এই ব্যাখ্যাও গ্রহণ করেনি। লস ব্ল্যাংকোসরা তার মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ তেবাসের পদত্যাগ দাবি করে লিখেছে, ‘আমাদের ক্লাব, এর পরিচালনা পর্ষদ এবং ক্লাবের টিভিকে হেয় করার জন্য নাৎসি শাসনের প্রচার পদ্ধতির সঙ্গে তুলনা টেনেছেন তেবাস, যা অত্যন্ত অমার্জনীয় এবং গুরুতর অপরাধ। তেবাসের এই ধরনের বারংবার আচরণ তার নিরপেক্ষতা, সম্মান ও পেশাদারিত্বের অভাবকে স্পষ্ট করে—যা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের একদম পরিপন্থী। তাই লা লিগার সভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে তেবাসের অবিলম্বে পদত্যাগ দাবি করছে রিয়াল মাদ্রিদ।’

এর আগে রেফারিং নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলায় তেবাস রিয়ালের সমালোচনা করেছিলেন। ২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। এবার গোয়েবলস-তুলনাকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও তীব্র হলো।

আরও পড়ুন: বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি, উদ্বেগের সৃষ্টি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ব্যাংক লেনদেন চলবে, ছুটি শুরু ৫ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


আজ ব্যাংক লেনদেন চলবে, ছুটি শুরু ৫ দিন পর

শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে দেশের ব্যাংকগুলো টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। আজ শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ব্যাংকগুলো খোলা রয়েছে। অন্যান্য কার্যদিবসের মতো আজও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার জন্য ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ফলে, টানা পাঁচ দিন ব্যাংকিং সেবা প্রদান করা হবে না।

তবে, ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করবে।

এ বিষয়ে উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আজ শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি জানিয়েছে। ক্লাবটির অভিযোগ, তেবাস গুরুতর সীমা লঙ্ঘন করে নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করেছেন।

লা লিগার সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে রিয়াল মাদ্রিদের কঠোর সমালোচনা করেন। তিনি ক্লাবটির টেলিভিশন চ্যানেলে ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নিয়মিত সমালোচনা প্রচারের কৌশল সম্পর্কে প্রশ্ন তোলেন।

রিয়াল মাদ্রিদ টেলিভিশনে প্রায়শই ভিডিও প্রকাশ করা হয়, যেখানে আসন্ন ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের অতীতের বিতর্কিত ও কথিত ভুল সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়। তেবাস এই কৌশলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারণাপদ্ধতির সঙ্গে তুলনা করেন।

এই ঘটনায় রিয়াল মাদ্রিদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ক্লাবটির একটি বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। ক্লাবটির পরিচালনা ও টেলিভিশন চ্যানেলকে হেয় করার উদ্দেশ্যে তাদের প্রচারণাপদ্ধতির সঙ্গে নাৎসি শাসনামলের পদ্ধতির তুলনা করা ‘সম্পূর্ণ অসহনীয় ও অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছে রিয়াল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেবাস নাৎসি মতাদর্শকে বোঝাননি এমন ব্যাখ্যা দিলেও তার বক্তব্যের গভীর অপমানজনক, নৈতিকভাবে ঘৃণ্য এবং প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী চরিত্র কোনোভাবেই কমে না।

রিয়াল মাদ্রিদের অভিযোগ, নেগ্রেইরা মামলা ঘিরে ক্লাব ও রিয়াল মাদ্রিদ টেলিভিশনের বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করতেও তেবাস তার মন্তব্য ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে লা লিগা সভাপতির পদে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলে স্প্যানিশ জায়ান্টরা পদত্যাগের দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ এম


অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ঢাকার রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে রাতে হাসপাতালে তার মৃত্যু ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে সাতার শেখাতে অফিসার্স ক্লাবে নিয়ে যান। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে প্রবেশ করেন। বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডাক্তাররা সেখানে মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি বারবার ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। সম্ভবত তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বেজমেন্ট-১ এর ফাঁকা জায়গা থেকে তিনি নিচে পড়ে যান। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

মো. ইয়াছিন মিয়া আরও জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি জানান, মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে। তিনি রাজধানীর বনানীর ৫ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার দেওভুনা গ্রামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওরেগনে স্কুলে গুলিবর্ষণ, হামলাকারীকে থামালেন শিক্ষক ও বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২১ এম


ওরেগনে স্কুলে গুলিবর্ষণ, হামলাকারীকে থামালেন শিক্ষক ও বাবা

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় এক শিক্ষক ও তিন শিশু প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও এক শিশু ও একজন শিক্ষক আহত হয়েছেন। হামলাকারীকে প্রথমে বাধা দেন এক শিক্ষিকা, পরে দুই সন্তানের এক বাবা বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। পুলিশের মতে, তাদের সাহসী পদক্ষেপের ফলে আরও প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাটি ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ জানায়, হামলাকারী ১৬ বছর বয়সী গ্রিফিন জে জন দ্বিতীয়, যিনি ওই বিদ্যালয়ের সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষিকার নাম মেগান ল্যামবার্ট, যিনি ২৫ বছর বয়সী। নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত ৭ বছর বয়সী এক শিশুর অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। অন্য আহত শিক্ষকের অবস্থাও গুরুতর, তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় শ্রেণিকক্ষে থাকা এক শিক্ষিকা প্রথমে নিজের মুঠোফোন ছুড়ে হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর তিনি হামলাকারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লড়াই শুরু করেন, যা হামলাকারীর গতিরোধে সহায়ক হয়।

বেন্ড শহরের পুলিশপ্রধান মাইক ক্রান্টজ সংবাদ সম্মেলনে বলেন, ওই শিক্ষিকার সাহসী পদক্ষেপ আরও রক্তপাত ঠেকাতে ভূমিকা রেখেছে। তিনি শিক্ষিকাকে প্রকৃত বীর হিসেবে অভিহিত করেন, যিনি নিজের শিক্ষার্থীদের রক্ষায় দাঁড়িয়ে লড়াই করেছেন। তবে নিরাপত্তার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ সময় দুই সন্তানের ৩৬ বছর বয়সী এক বাবা বৈধভাবে রাখা পয়েন্ট ৪০ ক্যালিবারের একটি পিস্তল নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি হামলাকারীকে লক্ষ্য করে একাধিক গুলি চালান, যার ফলে পুলিশের পৌঁছানোর আগেই হামলাকারী নিহত হয়।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ওই ব্যক্তির মা কেন্ডা ফ্রিম্যান জানান, তার ছেলে কেলুব জিয়ামাঙ্কো হামলাকারীকে হত্যা করেছেন। তার দুই মেয়ে ওই বিদ্যালয়ে পড়াশোনা করে। পরিবার জানায়, জিয়ামাঙ্কো স্বীকৃতি চান না, বরং উদ্ধারকর্মী, বিদ্যালয়ের কর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে কিশোরটিকে বিদ্যালয়ের বেড়ার ওপর দিয়ে আগ্নেয়াস্ত্র ছুড়ে ফেলতে দেখা যায়। এরপর সে বেড়া টপকে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চালক তাকে মৌখিকভাবে বাধা দিলে সে ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

এরপর কাচের তৈরি বন্ধ দরজায় গুলি চালিয়ে সে বিশেষ চাহিদাসম্পন্ন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চলা একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। সেখানে সে প্রায় ১৫টি গুলি ছোড়ে। পুলিশ জানায়, তার কাছে আরও ৪৪টি গুলি ছিল।

প্রথম ফোনকল পাওয়ার তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে হামলাকারী নিহত হয়ে গেছে।

পুলিশপ্রধান ক্রান্টজ বলেন, হামলার পেছনে কী কারণ ছিল এবং কিশোরটি কীভাবে মাভেরিক ৮৮ মডেলের ১২ গেজ পাম্প-অ্যাকশন বন্দুকটি পেয়েছিল, তা তদন্তের আওতায় রয়েছে। তিনি বলেন, সবাই জানতে চান কেন এমন ঘটনা ঘটল, পুলিশও তার উত্তর খুঁজছে। তবে পুরো ঘটনার কারণ হয়তো কখনোই জানা সম্ভব নাও হতে পারে।

প্রায় এক লাখ মানুষের শহর বেন্ডে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিদ্যালয়ের বাইরে ফুল ও মোমবাতি রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ের কাছাকাছি বসবাসকারী ৭১ বছর বয়সী মাইকেল জাপা বলেন, ওই বাবা অনেকের জীবন বাঁচিয়েছেন। তার জন্য প্রার্থনা করা উচিত, কারণ এমন ঘটনার পর তার ওপরও মানসিক চাপ তৈরি হয়েছে।

নিহত শিক্ষিকা মেগান ল্যামবার্টের পরিবার জানিয়েছে, সিলভার রেইল বিদ্যালয়ে কাজ করা ছিল তার স্বপ্নের চাকরি। তিনি সব সময় পিছিয়ে থাকা মানুষ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। পরিবার হামলাকারীকে থামানো জিয়ামাঙ্কোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে এবং তাকে বীর হিসেবে অভিহিত করেছে।

হামলার সময় পাশের একটি শ্রেণিকক্ষে থাকা ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কালানি জার্নেইগ রয়টার্সকে জানান, গুলির শব্দ শুনে তারা সবাই চিৎকার করছিল এবং খুব ভয় পেয়েছিল। তার আশঙ্কা হয়েছিল, তারাও মারা যেতে পারে। তার এক বন্ধু ঘটনার মানসিক আঘাত কাটিয়ে উঠতে চিকিৎসকের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় সে।

যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। বিদ্যালয়ে বন্দুক ছোড়া বা প্রদর্শন কিংবা বিদ্যালয়ের সম্পত্তিতে গুলি লাগার ঘটনা নিয়ে কাজ করা একটি বেসরকারি তথ্যভান্ডারের হিসাবে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৪৯টি ঘটনায় ১১৮ জন আহত বা নিহত হয়েছেন।

অন্য একটি তথ্যভান্ডার গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৭১টি ব্যাপক গুলিবর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তাদের সংজ্ঞা অনুযায়ী, হামলাকারীকে বাদ দিয়ে অন্তত চারজন গুলিবিদ্ধ হলে সেটিকে ব্যাপক গুলিবর্ষণ হিসেবে গণ্য করা হয়। বেন্ডের ঘটনাসহ এর মধ্যে তিনটি হামলা সরকারি বিদ্যালয়ে ঘটেছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%