শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ এম
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে সংঘর্ষের ঘটনায় ফেরি এবং বাল্কহেডের মধ্যে সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আরেক শিশুকে স্পিডবোটের মাধ্যমে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশ করার সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। ১১ বছর বয়সী এক শিশু ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। আহত হয় আরও এক শিশু। সংঘর্ষের পর বাল্কহেডটি পালিয়ে যাওয়ায় সেটি ও সুকানিকে শনাক্ত করে আটক করার জন্য নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি অভিজাত এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এলোপাতাড়ি গুলির ঘটনায় একটি আবাসিক ভবনের ব্যবস্থাপক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। হামলাকারী নিজেকে পরে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর রাজধানী ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ঘটনাস্থলে বিপুলসংখ্যক গাড়ি পাঠায় এবং আকাশে হেলিকপ্টার টহল দিতে থাকে। নিরাপত্তার কারণে শহরের একটি এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়।
লোগান সার্কেল এলাকায় অবস্থিত ওই আবাসিক ভবনের সঙ্গে যুক্ত একটি জিমে সকাল ৮টার কিছু আগে গুলির ঘটনা ঘটে।
পুলিশের জরুরি যোগাযোগব্যবস্থায় ছড়িয়ে পড়া অডিওতে প্রথমে জিমের ভেতরে গুলির খবর জানানো হয়। এর কিছু মিনিটের মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের এলাকায় একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।’
এ সময় তিনি সোয়াট (বিশেষ কৌশলগত পুলিশ দল) সদস্যদের পাঠানোর জন্য অনুরোধ করেন।
ওয়াশিংটনের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের জানান, হামলাকারীর নাম ম্যাট ল্যামবার্ট (৫৫)। তিনি জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত একজন চিকিৎসক ছিলেন। যে কনডোমিনিয়াম ভবনে তার নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট ছিল, সেটির রক্ষণাবেক্ষণ নিয়ে ভবনটির মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ল্যামবার্ট প্রথমে ভবনটির সঙ্গে যুক্ত একটি ব্যস্ত জিমে গুলি চালান। এতে ভবন ব্যবস্থাপক জেমস স্টুয়ার্ট (৪৬) নিহত হন। এরপর তিনি ভবনের সপ্তম তলায় নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থান নেন।
একপর্যায়ে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে নিচে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য তিনজনের আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পাশের একটি নির্মাণস্থলের কয়েকজন শ্রমিকও রয়েছেন। সংবাদমাধ্যমটি একটি নির্মাণপ্রতিষ্ঠানের নির্বাহীর বরাত দিয়ে এ তথ্য জানায়।
পুলিশপ্রধান ক্যারল বলেন, ল্যামবার্ট নিজের অ্যাপার্টমেন্টের দরজার ভেতর থেকে পুলিশের দিকে অন্তত দুবার গুলি ছোড়েন। পরে তিনি অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশপ্রধান আরও জানান, ভবনটির মালিক সমিতির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিলেন ল্যামবার্ট।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার এ ঘটনাকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
সকালের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ আশপাশের সড়ক বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মাইকেল কার্নি নামের এক ব্যক্তি বলেন, প্রথমে তিনি বিকট একটি শব্দ শুনতে পান। এরপর জিমের মেঝেতে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুলি লেগেছিল।
কার্নি বলেন, ‘সেখানে সবাই টব ও অন্যান্য জিনিসের আড়ালে লুকানোর চেষ্টা করছিলেন।’
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় গির্জাগুলোর উদ্যোগে লোগান সার্কেলের বাসিন্দারা ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সমবেত হন। তারা নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনা ও শোকসভা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়ে অবসর গ্রহণ করেছেন। অবসরের পর তিনি একটি বড় ঘোষণা দিয়েছেন। এবার তিনি অভিনয়ে আসছেন। মাঠের বাইরে নিজের সাম্রাজ্য আরও সম্প্রসারিত করছেন তিনি। তার প্রথম টিভি সিরিজের কাজ শুরু হয়ে গেছে। ফুটবল নিয়ে নির্মিত এই ড্রামার নাম ‘ডে ওয়ান্স’। এই সিরিজে তিনি নিজ চরিত্রে অভিনয় করবেন। সিরিজটি নির্মাণ করছেন তিনি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে।
সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ। রোনালদো এবং ভন মিলে এই স্টুডিও গঠন করেছেন। ৪১ বছর বয়সী রোনালদো এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পর্দায় তাকে নিজের চরিত্রে দেখা যাবে।
শুটিং শুরুর খবরটি রোনালদো নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬৮১ মিলিয়ন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ তিনি সেটের পর্দার আড়ালের কিছু ছবি শেয়ার করেছেন।
ছবিগুলোর মধ্যে একটি ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলক দেখা গেছে। এতে ইঙ্গিত মিলছে যে, সিরিজে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ থাকবে। সিরিজে আধুনিক ফুটবলের বিশাল অর্থ ও চাপের জগৎ ফুটে উঠবে। গল্পের কেন্দ্রে রয়েছে কাল্পনিক চরিত্র স্ট্যানলি ডাল্টন, যিনি একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। খেলোয়াড় বদলির তীব্র প্রতিযোগিতার মধ্যে তাকে পথ চলতে হয়।
ডাল্টনের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। অভিনয়ে রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভও। রোনালদোর দেওয়া শুটিংয়ের ছবিতে দুজনকেই দেখা গেছে।
আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিওও থাকছেন। তিনিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
‘ডে ওয়ান্স’-এর শুটিং বর্তমানে চলমান। মুক্তির তারিখ এখনও জানা যায়নি। ইউআর মার্ভ স্টুডিওজ থেকে আরও খবরের অপেক্ষায় থাকবেন ভক্তরা।
রোনালদো সম্প্রতি পর্তুগালের হয়ে অবসর নিয়েছেন। তাই এই সিরিজকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার-পরবর্তী জীবনের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিনোদন জগতে বিনিয়োগ বাড়াচ্ছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এতে প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিল থেকে দেশে যে আপেক্ষিক শান্তি ছিল, তা নতুন সংঘাতের ফলে ভেঙে পড়েছে। চলমান লড়াই ও মানুষের বাস্তুচ্যুতি ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করেছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসি ছাড়া উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর এই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
বুয়েনস এইরেসের ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) ভোরে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল। ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
মেসির অনুপস্থিতির পাশাপাশি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের মাঠে নামার সম্ভাবনা কম। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও, তাকে বেঞ্চে রাখা হতে পারে। তার পরিবর্তে গোলপোস্টের নিচে দায়িত্ব নিতে পারেন জেরোনিমো রুলি। সাধারণত মার্তিনেজের বিকল্প হিসেবে খেলেন এই গোলরক্ষক।
রক্ষণভাগে নতুন সমীকরণ তৈরি করছেন কোচ স্কালোনি। বৃহস্পতিবারের অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে দেখা গেছে ফাকুন্দো মেদিনাকে। লিওঁর এই ডিফেন্ডার কোচের পছন্দের তালিকায় থাকলেও, চলতি মৌসুমে ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৮ ম্যাচের মধ্যে তিনি মাত্র ছয়টিতে খেলেছেন, শুরুর একাদশে ছিলেন দুবার। অন্যদিকে বায়ার লেভারকুসেনের হয়ে ১৫ ম্যাচের ১২টিতে শুরু থেকে খেলেছেন মেদিনা।
মেদিনা একাদশে জায়গা পেলে রক্ষণে ডান দিকে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরোর পরিবর্তে খেলবেন লিওনার্দো বালার্দি। তার সঙ্গে কেন্দ্রীয় রক্ষণ সামলাবেন লিসান্দ্রো মার্তিনেজ।
মাঝমাঠে থাকছেন আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে এজেকিয়েল পালাসিওসের। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দল থেকে বাদ পড়ায় রদ্রিগো দি পল না থাকায়, মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে পালাসিওসকে।
আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রাখছেন স্কালোনি। অধিনায়ক মেসি না থাকায় আক্রমণ সাজানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন নিকো পাস। তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
সব মিলিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নতুনদের সুযোগ দিয়ে দলীয় ভারসাম্য ধরে রাখার চ্যালেঞ্জ স্কালোনির সামনে। মেসি ও মার্তিনেজের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
আর্জেন্টিনার সম্ভব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ/ জেরোনিমো রুলি, আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিও/ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/ থিয়াগো আলমাদা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ