১০:৫৭ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ২১৭ বছরের পুরোনো একটি সামরিক সংকেতলিপির রহস্য উন্মোচন করেছে, যা নেপোলিয়ন বোনাপার্টের সময়কাল থেকে এসেছে। কোড ভাঙার ক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কার্টার চার্চ এই সংকেত ভাঙার কাজ শুরু করেন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনটিনেলওয়ানের প্রকৌশলী হিসেবে তিনি রহস্যময় নথিটি পাওয়ার পর সেটির বিশ্লেষণের সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি জিপিটি-৬ অ্যাস্ট্রা ব্যবহার করেন।
প্রায় ছয় ঘণ্টা ধরে এআই মডেলটি চালানোর পর সংকেতটির পাঠোদ্ধার সম্ভব হয়। তবে পুরো কাজটি সম্পন্ন করতে ছয় ঘণ্টা সময় লেগেছে, এমন নয়। চার্চ জানিয়েছেন, তিনি কয়েক সন্ধ্যা ধরে এই প্রকল্পে কাজ করেছেন।
নথিটি ১৮০৯ সালের, যখন নেপোলিয়ন ফ্রান্সের পক্ষ থেকে অস্ট্রিয়ার বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। নেপোলিয়নের সৎপুত্র ইউজিন দ্য বোহর্নের সদর দপ্তর থেকে ফরাসি জেনারেল অগুস্ত দ্য মারমোঁর কাছে এটি পাঠানো হয়েছিল। নেপোলিয়নের নির্দেশে তথ্যগুলো সংকেতের মাধ্যমে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: দাম কমানো ও বেতন বাড়ানোর জন্য মানুষের হয়ে দর-কষাকষি করবে এআই
দুই শতাব্দীরও বেশি সময় ধরে বার্তাটির পূর্ণ পাঠোদ্ধার প্রকাশিত হয়নি। চার্চ প্রথমে সংকেতযুক্ত নথিটির নিম্নমানের একটি স্ক্যান নিয়ে কাজ শুরু করেন, যেখানে সংখ্যা, অক্ষর ও হাতে আঁকা অস্বাভাবিক প্রতীক মিলিয়ে প্রায় ১ হাজার ৩০০টি সংকেত ছিল।
এআই প্রথমে প্রতীকগুলো শনাক্ত করে এবং নথিটির প্রতিলিপি তৈরি করে। এরপর ক্রিপ্টোলজি ইতিহাসবিদ ড্যানিয়েল ট্যান্টের তৈরি আংশিক সংকেতচাবি খুঁজে বের করে। পরে বাকি প্রতীকগুলো বিশ্লেষণের জন্য একটি কম্পিউটারভিত্তিক সংকেত-ভাঙার ব্যবস্থা তৈরিতে সহায়তা করে এআই। এতে দেখা যায়, কিছু প্রতীক আলাদা অক্ষরের পরিবর্তে পুরো ফরাসি শব্দ নির্দেশ করছিল।
পাঠোদ্ধার করা বার্তাটি আসলে কোনো চমকপ্রদ গোপন তথ্য নয়। এটি মূলত একটি সামরিক প্রতিবেদন, যেখানে ফরাসি ও মিত্রবাহিনীর অবস্থান এবং শক্তির বিবরণ দেওয়া হয়েছিল। পাশাপাশি আশপাশে শত্রুসেনা থাকলেও মারমোঁকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
পরে ইতিহাসভিত্তিক সংকেতবিষয়ক ওয়েবসাইট ক্রিপটিয়ানার পরিচালনাকারী সাতোশি তোমোকিয়ো নথিটির পাঠোদ্ধার যাচাই করেন। এরপর এতদিন অমীমাংসিত থাকা সংকেতটিকে সমাধান করা হয়েছে বলে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: দুর্গম এলাকায় মোবাইল সেবায় ভোগান্তি, মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে বিটিআরসির উদ্যোগ
সূত্র: জিও নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন