ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নরওয়ে সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে


নরওয়ে সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে

নরওয়ে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণের কাজ শুরু করেছে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রোগফাস্ট’ টানেল চালু হলে ফেরি ছাড়াই সড়কপথে যাতায়াত সম্ভব হবে। এর ফলে বার্গেন ও স্টাভাঙ্গার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে।

টানেলটির সর্বাধিক গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে হবে। ২০১৮ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে প্রকল্পটি স্থগিত করা হয়। পরে প্রকল্প পুনর্গঠনের পর ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়। ২০৩৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় প্রায় ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার বা ২৪০ কোটি মার্কিন ডলার হিসেবে ধরা হয়েছে।

নির্মাণকারী প্রতিষ্ঠান স্কানস্কার প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েনের বক্তব্য অনুযায়ী, রোগফাস্ট চালু হলে নরওয়ের পশ্চিম উপকূলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে স্টাভাঙ্গার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

টানেলটিতে দুটি পৃথক পথ থাকবে। প্রতিটি পথে যানবাহন চলাচলের জন্য দুই লেন থাকবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হবে দুটি গোলচত্বর, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌর এলাকা কভিটসয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

প্রকল্প বাস্তবায়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। টানেলের দুই প্রান্ত থেকে একযোগে খননকাজ চলছে। মাঝখানে দুই অংশের সংযোগস্থলে সর্বাধিক পাঁচ সেন্টিমিটারের বিচ্যুতি রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য লেজার স্ক্যানারের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্যবিন্দু সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে টানেলের ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হচ্ছে এবং নকশার সঙ্গে মিলিয়ে নির্মাণকাজের নির্ভুলতা যাচাই করা হচ্ছে।

তবে প্রকল্পটির একটি বড় চ্যালেঞ্জ হলো পাথরের স্তর ভেদ করে লবণাক্ত পানি প্রবেশ ঠেকানো। দীর্ঘ টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে বিশেষ বায়ু চলাচলব্যবস্থা স্থাপন করা হবে। দুর্ঘটনা শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যামেরা ও রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে।

রোগফাস্ট নরওয়ের প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই৩৯ উপকূলীয় মহাসড়ক আধুনিকায়ন প্রকল্পের অংশ। বর্তমানে এই মহাসড়ক দিয়ে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পার হতে হয় এবং সময় লাগে প্রায় ২১ ঘণ্টা। সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে যাতায়াতের সময় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভ্রমণে নাগরিকদের জন্য ৬ দেশের নিষেধাজ্ঞা

জাপানের সেকান টানেল ও ইংলিশ চ্যানেলের টানেলের তুলনায় রোগফাস্ট সমুদ্রপৃষ্ঠের অনেক বেশি গভীরে নির্মিত হচ্ছে। তবে ওই দুটি টানেল রেল চলাচলের জন্য তৈরি হলেও রোগফাস্ট সড়কযান চলাচলের উপযোগী করে নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল হিসেবে নতুন রেকর্ড গড়বে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের জন্য স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ। সংগঠনটি অভিযোগ করেছে, প্রক্টরের ফেসবুক প্রোফাইলে "We are Sheikh Hasina’s Men (আমরা শেখ হাসিনার লোক)" বক্তব্য রয়েছে, যা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলো তার এই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির অফিসিয়াল ই-মেইলে পাঠানো স্মারকলিপির একটি কপি থেকে এসব তথ্য জানা গেছে। সংগঠনটি অভিযোগ করেছে, প্রক্টরের ফেসবুক প্রোফাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ঘিরে একাধিক পোস্ট এখনও দৃশ্যমান রয়েছে। এসব পোস্টের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির কাছ থেকে সকল শিক্ষার্থীর প্রতি সমান আচরণ, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত অবস্থান গ্রহণযোগ্য নয়।

এছাড়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সংগঠনটি প্রক্টরের ভূমিকা, নিরপেক্ষতা ও অতীত কর্মকাণ্ড পর্যালোচনার দাবি তুলেছে। তারা মনে করে, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের প্রচার বা প্রভাব বিস্তারের জায়গা নয়। বরং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব। এ অবস্থায় প্রক্টরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।

প্রক্টর আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাধ্য হয়ে এসব পোস্ট করতে হয়েছে। পরবর্তী সময়ে আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। যদি আমার প্রোফাইলে কোনো পোস্ট থেকে থাকে, তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি তথ্যপ্রযুক্তি সম্পর্কে তেমন কিছু বুঝি না। একটি মহল আমার নামে মিথ্যাচার চালাচ্ছে এবং আমার আইডি হ্যাক করারও চেষ্টা করছে। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন, তাদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—তারা যেন প্রমাণ করেন যে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, দাম কমে হতাশ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, দাম কমে হতাশ কৃষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হয়ে থাকে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা এসব জলপাই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। মৌসুমি এ বাজারকে ঘিরে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তবে, কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম এবং কেনাবেচায় মুখর হয়ে ওঠে দেবীগঞ্জের দেবদারুতলার জলপাইয়ের হাট। বাজারজুড়ে জলপাই বাছাই, ওজন এবং বস্তাবন্দীর ব্যস্ততা চলে।

পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন এ বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এসব জলপাই কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় পর্যায় থেকে জলপাই সংগ্রহ করে পাইকারি বাজারে বিক্রি করছেন। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের বাজার পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

তবে, বাজারে বিপুল পরিমাণ জলপাই কেনাবেচা হলেও কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের দাবি, গত মৌসুমের তুলনায় এবার জলপাইয়ের দাম কম। ফলে উৎপাদন ও পরিবহন খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে তারা শঙ্কিত।

কৃষক জব্বার বলেন, দেবীগঞ্জের এ বাজারটি এলাকার একমাত্র বড় জলপাইয়ের বাজার। মৌসুমে এখানে জলপাই বিক্রি করে ভালো আয় করা যায়। তবে, গতবারের তুলনায় এবার দাম পাওয়া যাচ্ছে কম।

জলপাই বিক্রি করতে আসা নুরুজ্জামান বলেন, ছোট-বড় বিভিন্ন প্রজাতির জলপাই বিক্রি হয় এ হাটে। আগে প্রকারভেদে প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। কিন্তু এবার তার অর্ধেক দাম পাচ্ছি।

একই অভিযোগ অন্য কৃষকদেরও। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বাজারটি তদারকি করা হলে উৎপাদিত জলপাইয়ের ভালো দাম পাওয়া সম্ভব হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জলপাইয়ের পাইকারি বাজার হিসেবে দেবদারুতলার এ হাট ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হয় এখানে। যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সহজেই বাজারে আসতে পারছেন। এতে বাজারের পরিধি ও বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।

জলপাই হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতারা এ বাজারে আসেন। জলপাইয়ের এ হাট দেবীগঞ্জ উপজেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কেনাবেচার পাশাপাশি কর্মসংস্থান তৈরি হচ্ছে, সরকারও রাজস্ব পাচ্ছে। তবে, হাটে কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে প্রশাসন যদি বাজারটি পরিকল্পিতভাবে গড়ে তোলে, তাহলে পুরো উত্তরবঙ্গের জন্য এর গুরুত্ব আরও বাড়বে।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ সময় সংবাদকে বলেন, জলপাইয়ের এ বাজার স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চলে জলপাইয়ের মৌসুমি বেচাকেনা। এ সময় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ও সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এরই মধ্যে হাটটি গুছিয়ে তোলার জন্য উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত জলপাইয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেবদারুতলার এ বাজার আরও বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপাবলি উপলক্ষে কর্মীদের লাখ টাকা বোনাস দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


দীপাবলি উপলক্ষে কর্মীদের লাখ টাকা বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলি উপলক্ষে কর্মীদের বোনাস হিসেবে কিছু ব্যবসায়ী অতিরিক্ত এক মাসের বেতন প্রদান করেন, আবার কেউ মিষ্টি কিংবা শুকনো ফলের প্যাকেট দেন। তবে ভারতের গুজরাটের সুরাটের একজন বস্ত্র ব্যবসায়ী এবার কর্মীদের জন্য এমন একটি উপহার দিয়েছেন, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার প্রতিষ্ঠানের ২০ কর্মচারীকে দীপাবলির উপহার হিসেবে এক লাখ রুপিরও বেশি করে নগদ অর্থ প্রদান করেছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের 

ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তার এই ব্যতিক্রমী উপহার দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

কেবল টাকার পরিমাণই নয়, উপহার দেওয়ার আয়োজনটিও ছিল অত্যন্ত চমকপ্রদ। সাধারণত বোনাস খামে ভরে কিংবা সরাসরি ব্যাংক হিসাবে দেওয়া হয়। কিন্তু মুন্ডে সেই পথে যাননি। তিনি কর্মীদের জন্য রুপালি রঙের বিশেষ পূজার থালায় সাজিয়ে নতুন টাকার বান্ডিল রেখেছিলেন।

১০ থেকে ৫০০ রুপির বিভিন্ন মূল্যমানের নোট দিয়ে সাজানো হয়েছিল থালাগুলো। আরেকটি বিশেষ বিষয় হলো, কর্মীদের হাতে এসব উপহারের থালা তুলে দেন তাদের স্ত্রীরা। ফলে বোনাস দেওয়ার আয়োজনটি হয়ে ওঠে পারিবারিক আনন্দ ও আবেগের এক বিশেষ মুহূর্ত।

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, কেউ আনন্দে আপ্লুত, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। তাদের আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যবসায়ীর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অনেকে তার কর্মীদের প্রতি উদারতার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, তার প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে কী করতে হবে?

অনেকের মতে, উৎসব উপলক্ষে প্রচলিত উপহারের বাইরে গিয়ে কর্মীদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে শুধু আর্থিক সহায়তাই নয়, কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ববোধ ও ভালোবাসারও প্রকাশ ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষকরা মনে করেন। তাদের মতে, সরকারকে ক্ষমতায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র ও ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে কলকাঠি নেড়েছিল অদৃশ্য শক্তি।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার গঠনের মূল কারিগর হচ্ছে জনগণ, যারা ক্ষমতার উৎস। দেশে দীর্ঘ বিরতির পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়িত হয়।

তবে এর আগে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক ছিল। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন কায়েমের যাত্রা শুরু হয়। ওই নির্বাচনে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচন দুটি জনগণের কাছে রাতের ভোট ও আমি-ডামি নির্বাচন নামে পরিচিত হয়।

রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষকদের মতে, তিনটি নির্বাচনেই দলীয় সরকারের ব্যাপক আধিপত্য ছিল, যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিনের মতে, তিনটি নির্বাচনে দলীয় সরকারের একক আধিপত্য দেখা গেছে। এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়।

সাবেক জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য আব্দুল আলীম জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররাও অনেক ক্ষেত্রে অন্ধকারে ছিলেন। তাদের ভূমিকা ছিল মূলত লজিস্টিক সহায়তা দেয়া।

আব্দুল আলীমের ভাষ্য অনুযায়ী, একটি গোয়েন্দা সংস্থার বিশেষ ‘নির্বাচন সেল’ নির্ধারণ করত কোন দল জিতবে। ফলে জনগণের হাতে ভোটের প্রকৃত নিয়ন্ত্রণ ছিল না। এ প্রক্রিয়ায় প্রশাসন ও ব্যবসায়ী মহলেরও ইন্ধন ছিল।

অন্যদিকে, অধ্যাপক কে. এম. মহিউদ্দিনের মতে, পুলিশ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায়ী মহলের একটি অংশও সরকারকে ক্ষমতায় রাখতে আগ্রহী ছিল। সব মিলিয়ে দলীয় সরকারের অধীনে সাজানো নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়েছিল, যা এক ধরনের ‘নৈর্বাচনিক স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠা করে।

বিশ্লেষকদের মতে, ২০২৪-এর গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া নাগরিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%