০২:৩০ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না। তিনি উল্লেখ করেন, জামায়াত-শিবিরের সদস্যরা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্নভাবে থাকে।
আজ শনিবার, তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। যদিও অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করা সম্ভব হয়েছে, কিন্তু তিনি এবং তার মতো কিছু মানুষ তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতেন না: শফিকুর রহমান
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হয়ে সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। রাশেদ খান দাবি করেন, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না, বরং সম্মিলিত সাইবার অ্যাটাকের মাধ্যমে কাউকে থামানোর চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান প্রসঙ্গে রাশেদ খান বলেন, যখন তিনি একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করেছেন, তখন দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তিনি মন্তব্য করেন, জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, তার কর্মকাণ্ডে দলটির মিথ্যা ন্যারেটিভের কতটা ক্ষতি হয়েছে।
পোস্টে বিশেষভাবে মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের দুই সংসদ সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খান। তিনি দাবি করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ প্রকাশ এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গেছে। এ কারণে তারা পাগলের মতো উন্মাদ হয়ে তার বিরুদ্ধে নেমেছেন বলে তিনি দাবি করেন।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি লেখেন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই এবং সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশে না। তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন হয়ে আছে।
আরও পড়ুন: নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: মীর হেলাল
রাশেদ খান বলেন, বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, একসময় আসবে যখন মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন