০৬:০৪ পি.এম
প্রত্যেকেরই নিজের সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা থাকে। কেউ নিজেকে আকর্ষণীয় মনে করেন, আবার কেউ আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তবে, এই ধারণা কি অন্যদের দৃষ্টিতে বাস্তবতার সঙ্গে মেলে? সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, শারীরিক আকর্ষণ নিয়ে নিজের বিচার করতে গিয়ে অনেকেই ভুল করেন। বিশেষ করে, যারা অন্যদের চোখে তুলনামূলক কম আকর্ষণীয়, তারা নিজেদের বেশি আকর্ষণীয় মনে করার প্রবণতা দেখান। অপরদিকে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের সৌন্দর্যকে কিছুটা কম করে দেখেন।
২০২০ সালে গবেষক গ্রেইটেমেয়ার (Greitemeyer) পরিচালিত একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’ প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়েছে।
ইউরোপের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে এক হাজারের বেশি মানুষের অংশগ্রহণে ছয়টি পৃথক গবেষণা পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের নিজেদের শারীরিক আকর্ষণীয়তা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়। পরে তাদের এই মূল্যায়নের সঙ্গে গবেষক ও অন্য অংশগ্রহণকারীদের দেওয়া মূল্যায়ন তুলনা করা হয়।
আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ
গবেষণায় দেখা যায়, অন্যদের চোখে যারা কম আকর্ষণীয়, তারা নিজেদের সৌন্দর্যকে বাস্তবের তুলনায় বেশি নম্বর দিয়েছেন। যাদের আকর্ষণীয়তা গড়পড়তা, তাদের নিজেদের সম্পর্কে ধারণার সঙ্গে অন্যদের মূল্যায়নের মিল তুলনামূলক বেশি। আর যাদের অন্যরা বেশি আকর্ষণীয় মনে করেছেন, তারা নিজেদের আকর্ষণীয়তাকে অন্যদের দেওয়া মূল্যায়নের চেয়ে কম করে দেখেছেন।
গবেষণায় আরও দেখা যায়, কম আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের সৌন্দর্য বিচার করার ক্ষেত্রেও তুলনামূলক কম পার্থক্য করতে পারেন। অর্থাৎ, আকর্ষণীয় ও কম আকর্ষণীয় ব্যক্তিদের মধ্যে পার্থক্য নির্ধারণে তাদের মূল্যায়ন কিছুটা কম স্পষ্ট হতে পারে। তবে এর আরেকটি ব্যাখ্যা রয়েছে। তাদের কাছে তুলনামূলক বেশি মানুষই আকর্ষণীয় বলে মনে হতে পারে।
অন্যরা তাদের কীভাবে দেখেন, তা কল্পনা করতে বলা হলেও কম আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের আকর্ষণীয়তা বেশি করে অনুমান করেছেন। তারা সাধারণত নিজেদের গড়পড়তা আকর্ষণীয় বলে মনে করেছেন, যদিও অন্যদের মূল্যায়নে তারা গড়ের নিচে ছিলেন। বিপরীতে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের চোখে নিজেদের অবস্থানের তুলনায় সামান্য কম আকর্ষণীয় বলে ভেবেছেন।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এখানে আকর্ষণীয়তা বলতে মূলত শারীরিক সৌন্দর্যকে বিবেচনা করা হয়েছে। মানুষের ব্যক্তিত্ব, দয়া, বুদ্ধিমত্তা কিংবা অন্যান্য গুণাবলি কীভাবে কাউকে আকর্ষণীয় করে তোলে, তা এই গবেষণার আওতায় ছিল না। ফলে পরিচিত মানুষের মূল্যায়নে এসব গুণের প্রভাব থাকতে পারে।
আরও পড়ুন: ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স
গবেষণায় আরও দেখা গেছে, কে আকর্ষণীয়—এ বিষয়ে পর্যবেক্ষকদের মধ্যে তুলনামূলক বেশি মতের মিল রয়েছে। কিন্তু কে কম আকর্ষণীয়, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বেশি। অর্থাৎ, সৌন্দর্যের মতো আকর্ষণীয়তার বিপরীত ধারণাও অনেক ক্ষেত্রে ব্যক্তিভেদে বদলে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন