০৬:১৫ পি.এম
॥ জিগারুল ইসলাম ॥
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কর্ণফুলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত দুই তীরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও, নজরদারির অভাবে জমি পুনর্দখল হওয়ায় নদীটি এখনও দখলমুক্ত হয়নি।
সরকারি বিভিন্ন জরিপে দুই থেকে আড়াই হাজার অবৈধ স্থাপনার তথ্য পাওয়া গেলেও, সংশ্লিষ্টদের ধারণা, বাস্তবে এই সংখ্যা আরও বেশি।
আরও পড়ুন: শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার
পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে কর্ণফুলী নদীর উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। তবে সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ সরকারি জরিপ না হওয়ায় নদীর দুই তীরে ঠিক কতটি অবৈধ স্থাপনা রয়েছে, তার নির্ভরযোগ্য কোনো সরকারি হিসাব নেই।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট একটি আদেশ প্রদান করে। ওই আদেশে নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের তালিকা ও পূর্ণাঙ্গ জরিপ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন আদালত। কিন্তু প্রায় তিন বছরেও সেই নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়।
এইচআরপিবি’র আবেদনের শুনানি শেষে গত ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দুই সপ্তাহ সময় দেন।
শুনানিতে এইচআরপিবি’র পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে এবং চট্টগ্রামের বাসিন্দারা এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন। মামলাটিতে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ মোট ১৯ জনকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ প্রায় ১০ দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না
কর্ণফুলীর পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি নতুন নয়। প্রায় দেড় দশক ধরে আদালত, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। ২০১০ সালে কর্ণফুলী রক্ষায় এইচআরপিবি হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরি শুরু করে।
২০১৫ সালে জেলা প্রশাসন আদালতে ২ হাজার ১২২টি অবৈধ স্থাপনার তালিকা জমা দেয়; যদিও প্রশাসনের অন্য একটি তালিকায় ২ হাজার ১৮৭টি স্থাপনার উল্লেখ ছিল। ২০১৬ সালে হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
২০১৫ সালের তালিকা, ২০১৬ সালের আদালতের নির্দেশ, ২০১৯ সালের উচ্ছেদ অভিযান এবং ২০২৩ সালের নতুন জরিপের নির্দেশনার পরও নদীর দখল পরিস্থিতির উন্নতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সর্বশেষ ২০২৬ সালের ৮ নভেম্বর হাইকোর্টের নতুন নির্দেশের পর বিষয়টি আবারও সামনে এসেছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নদীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
দুই সংস্থার অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এরপর অভিযান বন্ধ হয়ে যায়। ফলে অবশিষ্ট স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখার উদ্যোগ যথাযথভাবে এগোয়নি বলে অভিযোগ রয়েছে।
এছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের এক জরিপে কর্ণফুলীর দুই তীরে ২ হাজার ৪৯২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে টিনশেড ঘর, পাকা ও আধাপাকা স্থাপনা, ডকইয়ার্ড, করাতকল, জেটি, শিল্পকারখানা, ইটভাটা, কয়লার ডিপো ও পোলট্রি খামারসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর তীরে প্রায় দুই হাজার ও দক্ষিণ তীরে পাঁচ শতাধিকসহ মোট অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় আড়াই হাজার।
কর্ণফুলীর প্রাণবৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, ‘নদীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে। বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছার অভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। নদী বাঁচাতে এখন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
পরিবেশ আন্দোলন সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘দেশ ও চট্টগ্রামের স্বার্থে কর্ণফুলীর দখল-দূষণ বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর প্রশস্ততা ও নাব্যতা বাড়াতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’
আরও পড়ুন: পীরগঞ্জে কাঁচা রাস্তায় বৃষ্টিতে কাদার সৃষ্টি, জনদুর্ভোগ চরম
পরিবেশবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত দেশের ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের মধ্যে মাত্র ৩২ শতাংশকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কর্ণফুলীকে সম্পূর্ণ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে লোকদেখানো ও অকার্যকর উচ্ছেদ অভিযান বন্ধ করে কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় অভিযান জোরদার করতে হবে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাসস’কে বলেন, ‘কর্ণফুলী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দুই তীরে ‘আরএস’ এবং ‘বিএস’ জরিপ অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে নগরীর ভেতরে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে।’
তিনি জানান, নগরীর লালদিয়ার চর, শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই ও সদরঘাট এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি।
জেলা প্রশাসক আরও বলেন, হাইকোর্টের গত ৮ নভেম্বরের আদেশের পরিপ্রেক্ষিতে দখলদারদের তালিকা নতুনভাবে যাচাই-বাছাই করে আদালতে পাঠানোর জন্য সময় চাওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক মহানগরের সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল
নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের দাবি, কর্ণফুলীকে স্থায়ীভাবে দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান চালালেই চলবে না; বরং প্রথমে সিএস, আরএস ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড যাচাই করে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে। এরপর ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- সব তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করে স্থাপনার ধরন, আয়তন, দখলদার ও মালিকানাসংক্রান্ত তথ্যসহ একটি সমন্বিত তালিকা প্রকাশ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন