ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ আটকে ৯টি প্রাণ


শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ আটকে ৯টি প্রাণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুশ ইন চেষ্টায় দুই সীমান্তের শূন্যরেখায় তিন দিনের অধিক সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ৯ জন নারী, শিশু ও পুরুষ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ‘গানপয়েন্টে’ মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে বিএসএফ রৌমারী গয়টাপাড়া ও ভুন্দুর সীমান্তের মধ্যে অবৈধভাবে তাদের পুশ ইন করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে উভয়ের মাঝে ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিশু এবং নারীরা। কাঁটাতারের দিকে একবার এবং শূন্যরেখায় ঠেলাঠেলিতে চরম আতঙ্কের মধ্যে ছিলেন পুশ ইনের শিকার অসহায় মানুষগুলো।

গয়টাপাড়া সীমান্তে পুশ ইনের শিকার ২ জন শিশু, ১ জন নারী এবং ২ জন পুরুষ।

আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে আগুন, ৫ পর্যটক নিহত

পুশ ইনের শিকার সুমি আক্তার বলেন, “গত তিন দিন ধইরা আমরা এই গরমে এই জায়গায় আছি। কোলে ৬ মাসের ও ৪ বছরের শিশুসন্তান রয়েছে। খাবার নাই, পানি নাই, মাথার উপর ছাদ নাই। বাচ্চারা কান্নাকাটি করছে, কিছুই খাবার দিতে পারছি না। অনেকে বিস্কুট ও রুটি দিচ্ছে, তাই দিয়ে ক্ষুধা মেটাচ্ছি।”

সুমি আক্তার আরও বলেন, “২৭ দিন আগে সিলেট দিয়ে বাবা-মাসহ কাজের সন্ধানে অবৈধপথে ভারত যাই। ইন্ডিয়ান পুলিশ আমাগো ধরে বিএসএফের হাতে তুলে দেয়। এখন আমাদের কেউ নিচ্ছে না।

আমাগো বাঁচান। অন্যায় হলে সাজা দেন, তাও বাঁচান,” জানিয়ে সুমির স্বামী বেলাল জানান, “ছোট পোলাপান লইয়া আমরা খুব দুর্ভোগে আছি। পানি নাই, পায়খানা নাই, বউ ও ছাওয়াল নিয়ে খুব অসুবিধায় আছি। দিনের বেলা প্রচণ্ড গরমে বাচ্চা দুইটি অসুস্থ হয়ে আছে। জীবনে অনেক বড় ভুল করছি, বাঁচি থাইলে এই কাজ আর করব না।”

গয়টাপাড়া সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ব্যক্তিরা দাবি করেন, তারা বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ফেনীতে ছাত্রদল কর্মী নয়নের উপর সংঘবদ্ধ হামলা, থানায় অভিযোগ

এদিকে রোববার (১৪ জুন) সকালে বিজিবি এবং বিএসএফের পক্ষ থেকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশ ইনের ঘটনাটি অস্বীকার করে, ফলে বৈঠকটি সমাধান ছাড়াই ব্যর্থ হয়। বিজিবি অবৈধ পুশ ইন বন্ধ করে শূন্যরেখায় অবস্থানকারী ৯ জনকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলেও বিএসএফ ৩ দিন গড়িয়ে গেলেও সেই ৯ নাগরিককে ফিরিয়ে নেয়নি।

গয়টাপাড়ার বাসিন্দা ছক্কু মিয়া বলেন, “তিন দিন হয়ে গেছে, দুই দেশের কোনো সরকারই তাদের নিচ্ছে না। এরা চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে সীমান্ত পর্যায়ে আলোচনা করে অসহায় বাচ্চা দুইটির মুখের দিকে তাকিয়ে দ্রুত সমাধান হওয়া দরকার।”

রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া জানান, “কোলের বাচ্চাসহ লোকগুলো খুব কষ্টে খোলা আকাশে দিন কাটাচ্ছে। গরমে ঘামে বাচ্চা দুটি কাঁদছে। ঠিকমতো খাবার নাই, পানি নাই, টয়লেটের ব্যবস্থা নাই, অন্ধকার রাতে সাপ-বিচ্ছুর ভয়, মশার কামড়ে তাদের যায় যায় অবস্থা। বিএসএফও ফেরত নিচ্ছে না। সমাধান না হওয়ার কারণে এই বাচ্চাগুলোর বড় একটা বিপদ হয়ে যেতে পারে।”

৬ মাসের শিশুসহ পুশ ইনের শিকার ৬ জনকে দেখতে সারাদিনই ভিড় জমাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা অসংখ্য নারী-পুরুষ ও শিশু। টানা তিন দিন ধরে বাবা-মায়ের সঙ্গে ৬ মাসের শিশুকে এভাবে আটকিয়ে রাখায় হতবাক সবাই।

আরও পড়ুন: কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘটনার পর থেকে গয়টাপাড়া, ভন্দুরচরসহ রৌমারী উপজেলা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, সেইসঙ্গে স্থানীয়রাও।

গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, “মূলত রোববার সকাল ৭টার দিকে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ যুবককে বাংলাদেশি সন্দেহে পুশ ইন করার চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয়রা বাধা দেন। পরে বাঁধার মুখে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভিতরে সীমান্তের শূন্যরেখা লাগোয়া ভারতের অংশে অবস্থান নেয় তারা।”

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান উদ্ভূত পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা চলমান রয়েছে।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৪ জেলে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার।

এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল।

সে সময় ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রকল্পটি ধারাবাহিকভাবে এগিয়ে না যাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বর্তমান সরকার এ জাতের ছাগলের ঐতিহ্য ও সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

মহিষের জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

পরে, তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ফারুক ​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা

সুনামগঞ্জের শাল্লায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা নিয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরি করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুন (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কানাডা সরকারের অংশীদারিত্বে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন' এই পরামর্শ সভার আয়োজন করে।

সভাটি দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে এবং মো: আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে এই সেবাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে সুশীলন ও সহযোগী সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উক্ত পরামর্শ সভায় অতিথিদের মধ্যে ছিলেন: শুভজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা; বিশ্বপতী চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা; মোঃ আব্দুস সাত্তার, চেয়ারম্যান, ৪নং শাল্লা ইউপি; সুবল চন্দ্র দাস, চেয়ারম্যান, ২নং হবিবপুর ইউপি; ফুলন চন্দ্র দেব, এস আই, শাল্লা থানা; মাওলানা আবুল কাশেম, খতিব, শাল্লা থানা জামে মসজিদ; আরিফ কান দুলাল, প্রধান শিক্ষক, শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়; এম এ রাজ্জাক, আহবায়ক, উপজেলা যুবদল (বিএনপি)।

এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন একটি গৃহবধূ। ঘটনাটি ঘটে উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে। গৃহবধূর পরিবারে রয়েছে দুই সন্তান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে গৃহবধূ জান্নাতুল মাওয়ার মধ্যে একটি অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি স্থানীয় জনতা তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করে।

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসার পর, জান্নাতুল মাওয়া সোমবার দিবাগত রাতে প্লাবন বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি জানান, প্রায় ৯ মাস ধরে প্লাবনের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি গর্ভবতী, এই সন্তান প্লাবনের। এ ঘটনার কারণে তার স্বামী শাহিদুল ইসলাম তালাক দিয়েছেন। ফলে এখন তিনি প্লাবনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি চান।

অনশনে বসা গৃহবধূ জান্নাতুল মাওয়া বলেন, "প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই প্লাবন আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক।" এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে একটি তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) রবিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিনের (২৬) সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল আমিন তাকে বিয়ের আশ্বাসে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক চলার পর সম্প্রতি বিয়ের বিষয়ে চাপ দিলে আল আমিন বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে গত ৬ জুন, সন্ধ্যায় আল আমিনের বাড়িতে গেলে তাকে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন ফাতেমা।

ভুক্তভোগীর ভাষ্য, ‘দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখেন আল আমিন। বিয়ের বিষয়ে কথা বলতে তার বাড়িতে গেলে আমাকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

অভিযোগে আরো বলা হয়, ঘটনার সময় আল আমিনের পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করেন।

ওই নারী দাবি করেন, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী অভিযোগপত্রে উল্লেখ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এ বিষয়ে ভুক্তভোগী ওই তরুণী বলেন, আল আমিন আমার সব শেষ করে দিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে একাধিকবার গভীর সম্পর্কে জড়িয়েছে। এখন সে আমাকে অস্বীকার করছে। আমি একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। তখন আল আমিনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করা হবে বলে আমাকে বলা হয়। কিন্তু তার পরও তারা নানাভাবে আমার সঙ্গে তালবাহানা করছে। আল আমিনকে না পেলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, মেয়েটির সঙ্গে আমার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এরপর কথাবার্তা ও দেখা সাক্ষাৎ হতো। আমি তাকে বিয়ে করার কোনো প্রতিশ্রুতি দেই নাই। কোনো শারীরিক সম্পর্ক আমাদের হয় নাই। তাকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, অভিযোগের পর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%