১০:১২ পি.এম
গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে পুলিশ তিন নারী ও এক ব্যক্তিকে আটক করেছে। এই ঘটনার ফলে জিম্মি অবস্থায় উদ্ধার হওয়া রয়েল (২৫) এবং অভিযুক্ত আরিফ হোসেন মাতবর (৩২) আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ৫২ নম্বর ওয়ার্ডের তিলারগাতী এলাকার কনসেপ্ট গার্মেন্টসের পাশে হামিদা বেগমের বসতবাড়িতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হামিদা বেগমের মেয়ে আফছানা আক্তার আঁখি (২৮), নূসরাত জাহান লিমা (২২), নদী আক্তার (২৫) এবং আরিফ হোসেন মাতবর (৩২) একত্রে রয়েলকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করেন।
আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. জাকির হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল ওই বাড়িতে উপস্থিত হয়। এ সময় অভিযুক্তদের আটক করার চেষ্টা করতে গিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ধারালো অস্ত্রের আঘাতে রয়েল ও আরিফ আহত হন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. এখলাছ উদ্দিন ফরাজী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ চারজনকে আটক করে এবং রয়েলকে জিম্মি অবস্থায় উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, আফছানা আক্তার আঁখি, নূসরাত জাহান লিমা, নদী আক্তার এবং আরিফ হোসেন মাতবর। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আফছানা আক্তার আঁখি ও নদী আক্তার টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন