ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ


মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

মাদ্রাসায় দাখিল ও আলিম সম্পন্ন করার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি হন জাহিদ হাছান। বিশ্ববিদ্যালয়ে মানবিক ও ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও গবেষণার সুযোগ তিনি পাননি। তবে উচ্চশিক্ষার লক্ষ্য ও গবেষণার প্রতি আগ্রহ থেকে তিনি সরে আসেননি। দীর্ঘ প্রস্তুতি, শিক্ষকদের সহযোগিতা ও নিজের প্রচেষ্টার মাধ্যমে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী সেখানে ‘রিলিজন, এথিক্স অ্যান্ড পলিটিক্স’ বিষয়ে পড়াশোনা করবেন। উল্লেখ্য, সেখানে পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হবে না তাকে।

জাহিদ জানান, বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য তিনি প্রায় ২৮ মাস আগে আবেদন করেছিলেন। আবেদনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি গবেষণা প্রস্তাব ও ভর্তি-প্রবন্ধ জমা দিয়েছেন। আইইএলটিএস (IELTS) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা ও সুপারিশপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

জাহিদ হাছানের ভাষ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার মতো যথেষ্ট সুযোগ না পেলেও গবেষণার প্রতি তাঁর আগ্রহ ছিল। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় গবেষণা প্রস্তাব জমা দিতে হয়েছে। সেখানে ভবিষ্যতে কোন বিষয়ে গবেষণা করতে চান, তার সারসংক্ষেপ তুলে ধরেছেন তিনি। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রবন্ধও জমা দিয়েছেন।

আরও পড়ুন: যশোরে ৭৫ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, জমির দলিল ও স্বর্ণালংকার উধাও

জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হয়। জাহিদ জানান, জার্মানিতে এক বছরের থাকা-খাওয়ার খরচের সক্ষমতা দেখাতে তাকে ১২ হাজার ইউরো জামানত হিসেবে জমা দিতে হয়েছে। এই অর্থ থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা তার জীবনযাত্রার ব্যয় মেটাতে দেওয়া হবে। তিনি ইতোমধ্যে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

নিজের অর্জন সম্পর্কে জাহিদ হাছান বলেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক আগে থেকেই এখানে পড়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় ২৮ মাস আগে ভর্তির জন্য আবেদন করেছিলাম। শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন। তাদের রেকমেন্ডেশন লেটার আমাকে সহায়তা করেছে।

জাহিদ মনে করেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ভালো করতে পারেন না, এ ধারণা সঠিক নয়। তার মতে, বিভিন্ন ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অনেক শিক্ষার্থী দেশীয় সরকারি চাকরির প্রস্তুতিতে বেশি মনোযোগী হওয়ায় গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন না। কেউ কেউ আবার নিজেকে এসব ক্ষেত্রে অযোগ্য মনে করেন।

জাহিদের শিক্ষাজীবনের শুরু উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসায়। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৫ অর্জন করেন তিনি। পরে বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২০১৯ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৯৩ পান। পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

আরও পড়ুন: নাহিদের উদ্দেশে ইশরাকের মাদকবিরোধী কড়া বার্তা

নিজের এই অর্জনের পেছনে পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাহিদ। তিনি জানান, পরিবারের উৎসাহ, মা-বাবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। পাশাপাশি শিক্ষকদের পরামর্শ ও উৎসাহ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জুগিয়েছে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদ বলেন, বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য শিক্ষকদের সহায়তা নিতে হবে।

তিনি আরও মনে করেন, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জন করা জরুরি, বিশেষ করে ইংরেজিতে। একই সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে জানতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদ হাছান জানান, তিনি একজন একাডেমিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়তে চান। শিক্ষকতা ও গবেষণার মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন মন্তব্য করেছেন, "বীর শহীদ আফিকুল ইসলাম সাদের মতো অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।" তিনি উল্লেখ করেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা তাদের স্মরণ করে যাব। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আফিকুল ইসলাম সাদের মতো অনেকেই নিহত হয়েছেন এবং অনেক পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকে অসুস্থ হয়ে আছেন। তাদের পাশে আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকার আছে এবং থাকবে।

আজ শনিবার (১৭ অক্টোবর) ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে ২০২৪ সালের ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি এ মন্তব্য করেন। তিনি জানান, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে খুব দ্রুত সময়ের মধ্য স্মৃতিস্তম্ভের কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, বিএনপি নেতা মিকাইল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাজেকে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে কিছু সমাধান করা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, বাকি সমস্যাগুলোর সমাধানে আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, "সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।" কিছু সমস্যা প্রশাসনিক, যেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, কিছু সমস্যা রাজনৈতিক, সেগুলো সমাধানে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সমস্যারও সমাধান হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলায় উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে মীর হেলাল বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ও নিরাপত্তার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে। তিনি গুজবে কান না দিয়ে কোথাও কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে জেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গোৎসব উপলক্ষে জেলার ৪৭টি মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

সৌদি আরবের জুবাইল বন্দরের উত্তর-পূর্ব উপকূলে একটি ট্যাংকারের উপর রকেটচালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে হামলা করা হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জুবাইল থেকে ৭৮ নটিক্যাল মাইল বা প্রায় ১৪৫ কিলোমিটার দূরে একটি ছোট নৌকা থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করা হয়। গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ৭টা ২২ মিনিটে হামলার এ ঘটনা ঘটে।

হামলার ফলে জাহাজটির পেছনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারের সকল নাবিক নিরাপদে আছেন এবং তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। তবে, জাহাজটির ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এবং পরিবেশের ওপর হামলার প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা

বাংলাদেশ দীর্ঘ বিরতি শেষে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে আসছে। শনিবার (১৭ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি জিম্বাবুয়ের বিরুদ্ধে মোকাবিলা করবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

সম্ভাব্য একাদশ গঠন করতে গিয়ে বাংলাদেশ বোলিং বিভাগে পেস ও স্পিনের সমন্বয়ে গুরুত্ব দিতে পারে। পেস আক্রমণে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের সঙ্গে মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। তবে মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় কম হওয়ায় তার পরিবর্তে হাসান মাহমুদকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্পিন বিভাগে আলিস আল ইসলাম এবং রিশাদ হোসেনকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। আবুধাবির কন্ডিশন বিবেচনায় এই দুই স্পিনারের অন্তর্ভুক্তি বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে পারে।

ব্যাটিং বিভাগে বাংলাদেশের প্রধান চিন্তা ওপেনিং জুটি নিয়ে। ওপেনার তানজিদ হাসান তামিম ভালো ফর্মে থাকলেও তার সঙ্গী হিসেবে কে খেলবেন, সে বিষয়ে আলোচনা চলছে। সৌম্য সরকার এবং সাইফ হাসানের মধ্যে একজনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট সিরিজের মাধ্যমে দলে ফিরে এসেছেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারের পরবর্তী দিকে তাওহীদ হৃদয়, অধিনায়ক লিটন দাস এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর বাংলাদেশ ভরসা রাখতে পারে।

অধিনায়কত্ব এবং উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও লিটনের দায়িত্ব গুরুত্বপূর্ণ থাকবে। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করাই বাংলাদেশের লক্ষ্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার/সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%