১১:২৮ এম
ফরিদপুরের সদরপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে এক আসনের ছোট বিমান তৈরি করে পরীক্ষামূলক উড্ডয়ন করেছেন তরুণ মারুফ মোল্যা। গত ১৩ নভেম্বর, উপজেলার আকোটেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে, প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি বিমানটি নিয়ে তিনি উড়াল দেন। কয়েক দফা চেষ্টা করার পর, সফলভাবে আকাশে উঠে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, বিমানটির সক্ষমতা বাড়ানোর জন্য এখনো প্রয়োজন কারিগরি উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষা।
সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মারুফের ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন ছিল। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাস করার পর তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার পরও, প্রযুক্তির প্রতি আগ্রহের কারণে নিজেই বিমান তৈরির চেষ্টা শুরু করেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায়, এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে মারুফ বলেন, "ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতাম। আর্থিক সমস্যার কারণে পড়াশোনা এগিয়ে নিতে পারিনি, পাইলটও হতে পারিনি। তাই নিজেই চেষ্টা করে এক আসনের বিমান তৈরি করেছি। আমার স্বপ্ন দেশের মাটিতে দুই আসনের উন্নত বিমান তৈরি করা।"
আরও পড়ুন: কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
মারুফ জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ইউটিউবের ভিডিও, নিজের চিন্তাভাবনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রায় ছয় মাসের প্রচেষ্টায় প্যারাগ্লাইডার তৈরি করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে সেটি উড়িয়ে সফল হন। এরপর মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে ছোট বিমান নির্মাণের পরিকল্পনা করেন।
সাত মাসের কাজ শেষে, লাল রঙের এক আসনের বিমান তৈরি করেন। তবে প্রথম কয়েক দফা চেষ্টায় সেটি উড্ডয়ন করাতে পারেননি। পরে বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই অনুযায়ী সংশোধনের পর, গত ১৩ নভেম্বর পদ্মার চরে বিমানটি নিয়ে উড্ডয়ন করেন মারুফ। কিছুক্ষণ আকাশে উড়ে নিরাপদে অবতরণ করেন। তবে বিমানটি এখনো কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে পারেনি। প্রতিবার তিনি মাটি থেকে ৩০০ ফুট ওপরে ৫ থেকে ৬ মিনিট আকাশে উড়তে পেরেছেন।
বিমান ও প্যারাগ্লাইডার নির্মাণের বাইরে, ঘাম নিয়ন্ত্রণের জন্য ‘অ্যান্টি-সোয়েট’ ডিভাইস তৈরি করে কিছুদিন বাণিজ্যিকভাবে উৎপাদনও করেছেন মারুফ। তাঁর অন্যান্য উদ্ভাবনী কাজ দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান তৈরির ভিডিও দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা মারুফের বাড়িতে আসেন। তাঁদের আগ্রহ প্রকাশ করেন যে, মারুফের কাজ দেখে তাঁরা মালয়েশিয়ায় নিয়ে যেতে চান। তবে মারুফ আপাতত দেশেই থেকে নিজের উদ্ভাবনী কাজ এগিয়ে নিতে চান।
আরও পড়ুন: সোমবার সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
এ প্রসঙ্গে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, "মারুফের মধ্যে উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব।"
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "মারুফের উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।"
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও মারুফের পাশে থাকার এবং আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নিজের তৈরি বিমানকে আরও উন্নত করার স্বপ্ন দেখছেন মারুফ। স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের অভিমত, পরীক্ষামূলক এই উড্ডয়নকে কার্যকর ও নিরাপদ প্রযুক্তিতে রূপ দিতে প্রয়োজন বিশেষজ্ঞের তত্ত্বাবধান, কারিগরি প্রশিক্ষণ এবং যথাযথ সহায়তা।
আরও পড়ুন: ধনীর তুলনায় গরিবের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন