০৫:২০ পি.এম
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানগুলোর খোলার সময় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া একটি চিঠি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের ঘোষণার পরিপ্রেক্ষিতে বর্তমানে সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। সংকটকালীন সময়ে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন।
আরও পড়ুন: বেরোবিতে শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, নির্মাণকাজ এক দশকেও শেষ হয়নি
চিঠিতে ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে জ্বালানি সংকট এবং বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির দাবি, উৎসবের সময় দোকান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানোর ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত বেচাকেনার সুযোগ পাবেন এবং এতে তাদের চলমান আর্থিক চাপ কিছুটা কমতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন