০৩:৫৭ পি.এম
নেত্রকোণা, ২২ নভেম্বর ২০২৬ : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার আনুষ্ঠানিকভাবে শীর্ষ দুই পদের নাম প্রকাশ করেন। এ সময় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বর্তমানে জাতীয় দৈনিক আমার দেশ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ১৯৮৬ সালে সাংবাদিকতায় হাতেখড়ি হওয়া এই গুণী সংবাদকর্মী চার দশকের পেশাগত জীবনে দৈনিক ইনকিলাব (১৯৮৬-২০০৩), দ্য ডেইলি স্টার (১৯৯০-১৯৯৮), বাংলাদেশ বেতার (২০০১-২০০৮) এবং দৈনিক যুগান্তরে (২০১১-২০১৯) নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিজের পেশাগত উৎকর্ষ সাধনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতার নানাবিধ বিষয়ে ২১টি এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের তত্ত্বাবধানে সমাজসেবামূলক আটটি প্রশিক্ষণ সম্পন্ন করেন। সৃজনশীল ও মননশীল লেখালেখিতেও তার পদচারণা উল্লেখযোগ্য। তার রচিত বই ও সমসাময়িক প্রবন্ধের মোট সংখ্যা ২১১টি।
নেত্রকোণা শহরের মোক্তারপাড় মসজিদ কোয়ার্টার এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ১ জানুয়ারি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের জন্ম। তার পিতা মরহুম সামছুল কিবরিয়া চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক। মাতার নাম মরহুমা হালিমুন্নেছা চৌধুরী। তাদের পৈতৃক নিবাস নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের সানকিউরা গ্রামের ‘মিয়াবাড়ি’।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, "বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে একটি ফেডারেল কাঠামোর অধীনে নিয়ে এসে সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
আরও পড়ুন: পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা-ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের এক ছাতার নিচে এনে ফেডারেল কাঠামোয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং জেলাগুলোর নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ‘টানে কিশে মজা’ স্লোগানটিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন