০৭:৫১ পি.এম
দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান অস্থিরতাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত টেকসই পদক্ষেপ গ্রহণ করে এই খাতের মালিক ও শ্রমিক—দুই পক্ষকেই রক্ষা করা সম্ভব হয়। তিনি সতর্ক করে বলেছেন, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা দেশের দুর্বল অর্থনীতিকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
রোববার জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে এই উদ্বেগের কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, "দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন।" তিনি উল্লেখ করেন, সরকারের বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, জ্বালানির উচ্চ মূল্য, উৎপাদন খরচের অস্বাভাবিক বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং নতুন ক্রয়াদেশের হ্রাস বা বাতিলের কারণে এই খাত গভীর সংকটে রয়েছে।
আরও পড়ুন: সালমানের বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১১০০ কোটি টাকা লুটের অভিযোগ
তিনি শ্রমিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, "বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, যাতায়াত এবং চিকিৎসা খরচের বাড়তি বোঝায় সাধারণ শ্রমিক-কর্মচারীদের দৈনন্দিন জীবনও আজ চরম সংকটের মুখোমুখি।"
সংকটের সমাধানে সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, "প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যেসব সমস্যায় জর্জরিত, তা দূর করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় এবং উৎপাদনের গতি স্বাভাবিক রাখা সম্ভব হয়, তবে সংশ্লিষ্ট সকল সমস্যা যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব হবে।"
তিনি বলেন, "শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা এবং এ শিল্পে নিয়োজিত বিপুল জনশক্তি—দুটোকেই রক্ষার জন্য সরকারকে দায়িত্বশীল ও অভিভাবকসুলভ ভূমিকা পালন করতে হবে।"
বিদ্যমান পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "মালিক, শ্রমিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ মুহূর্তে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।" তিনি সতর্ক করে বলেন, "যদি কালক্ষেপণ বা অবহেলা করা হয়, তবে দেশের সামগ্রিক দুর্বল অর্থনীতি গভীর সংকটে নিমজ্জিত হবে।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন