ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি


ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্স হ্যারি ইউক্রেনে দুই দিনের সফরে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরের অংশ হিসেবে তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।

আরও পড়ুন: হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে

শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, “আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।”

তবে নিরাপত্তার কারণে ইউক্রেন ছাড়ার পর তার এসব বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন দেখেন। তারা আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছিলেন। প্রিন্স হ্যারি এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা, যা সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজন করা হয়। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এ প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। প্রিন্স হ্যারি আহত সেনা ও সাবেক সেনাদের বলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনেও এই প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন।

আরও পড়ুন: এআই দিয়ে নকল করে চাকরির পরীক্ষায় প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর!

হ্যারি বলেন, “যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।”

প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

আরও পড়ুন: সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় ১৫ জন নিহত, শিশুর সংখ্যা ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুকেটে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


ফুকেটে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১ জন

থাইল্যান্ডের ফুকেট দ্বীপে অবস্থিত একটি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১১ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা আশপাশের কয়েকটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে। এরপর তা দ্রুত আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় সমুদ্রসৈকত পাটংয়ের নিকটবর্তী এলাকায় ভবনটি অবস্থিত। এর আগে, গত চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

রাতের অন্ধকার কাটিয়ে সকাল এসেছে, কিন্তু ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত প্রার্থীরা রাজপথ ছাড়েননি। তারা রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশের দাবিতে। আজও সেখানে বড় পরিসরে জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রার্থীরা। তাদের দাবি, নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তিন শতাধিক চাকরিপ্রত্যাশী জড়ো হতে শুরু করেন। তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, কারণ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফলভাবে পাশ করার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ থেকে তারা বঞ্চিত হয়েছেন। তাদের মতে, বিষয়ভিত্তিক শূন্য পদের ঘাটতি এবং আগে থেকেই সুপারিশপ্রাপ্তদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার ফলে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রোববার দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে আলোচনা থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় তারা শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা। পাশাপাশি, সনদের মেয়াদ ও বয়সসীমার শর্ত পূরণ করা সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার দাবি করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়ার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


দাবানলের ধোঁয়ার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন, যা দীর্ঘ কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট সীমান্তপারের বায়ুদূষণের জন্য।

তিনি রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের একটি অধিবেশনে এ ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি বনাঞ্চলে আগুন লাগানোর ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রাবোও জানান, ইতোমধ্যে ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়া আরো ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে এবং ১১টির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মুখে রয়েছে আরো ২৩টি কোম্পানি। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।

তিনি দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার বনকর্মী মোতায়েন করা হয়েছে জানিয়ে বলেন, আগুন নেভানোর কাজে নিয়োজিত ১৬ জনের মৃত্যু হয়েছে। দাবানল প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় গত কয়েক মাস ধরে প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আকাশও ঢেকে যায়।

এদিকে, ২০০২ সালের আসিয়ান ট্রান্সবাউন্ডারি হেজ দূষণবিষয়ক চুক্তিতে সদস্যদেশগুলো আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় সহযোগিতার অঙ্গীকার করলেও এর বাস্তবায়ন কার্যত ধীরগতিতে চলছে। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিচারিক সংস্থার ব্যবস্থাও নেই।

তবে সাম্প্রতিক বৃষ্টিপাত ও দাবানলের হটস্পট কমে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল পোর্টাল, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


জার্মানিতে শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল পোর্টাল, আবেদন করবেন যেভাবে

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করার লক্ষ্যে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন পোর্টালের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। জমা দেওয়া কাগজপত্র ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করার ব্যবস্থা থাকবে।

নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। এছাড়াও, পোর্টালে লগইন করে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ থাকবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকবে।

জার্মান দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সময় হ্রাস পাবে এবং ভিসা কার্যক্রম আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

নতুন পোর্টাল চালুর ফলে আগের ব্যবস্থায় ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে। এ জন্য পুরোনো ব্যবস্থায় নিবন্ধিত শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক ভোগান্তির কারণ হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে বলে দূতাবাস আশা করছে।

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%