০৯:২২ এম
পোল্যান্ডে অবৈধভাবে প্রবেশের সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছে ১৫ জন আফগান ও ৩০ জন পাকিস্তানি নাগরিক।
শুক্রবার (৩ জুলাই) পোলিশ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানায়। এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসীরা লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটককৃতদের লিথুয়ানিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ অভিযানের সময় তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছে, যেখানে আটক অভিবাসীদের একটি ধাতব কনটেইনারের ভিতরে বসে থাকতে দেখা যায়।
ইউরোপজুড়ে যেসব অভিবাসন আইন কঠোর করা হয়েছে এবং পুনর্বাসন কর্মসূচির সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষ করে আফগানিস্তানে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক তরুণ উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। এসব যাত্রায় তাদের অনেকেই মানবপাচার, সহিংসতা, আটক এবং জীবনহানির মতো গুরুতর ঝুঁকির মুখে পড়ছেন।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র: রাশেদ খান
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালের পর থেকে প্রায় ৮০ লাখ আফগান দেশ ত্যাগ করেছেন। তাদের মধ্যে প্রায় ১০ লাখ বিভিন্ন ইউরোপীয় দেশে পৌঁছেছেন, যাদের বেশিরভাগই অনিয়মিত অভিবাসন পথ ব্যবহার করেছেন। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে অভিবাসনের পথে অন্তত ৫ হাজার ৪৬ জন আফগান মারা গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন