০১:১৪ পি.এম
শিল্পের মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির পরিমাণ কমে গেছে। এর ফলে শিল্পে বিনিয়োগের হারও হ্রাস পাচ্ছে। নতুন শিল্প স্থাপন কিংবা বর্তমান কারাখানার সম্প্রসারণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভালো প্রকল্পের ঋণ প্রস্তাব জমা পড়ছে না। নতুন বিনিয়োগে আগ্রহের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকগুলোতে খোলা ঋণপত্রের বড় অংশই জ্বালানিনির্ভর। শিল্পের কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং নিত্যপণ্যের আধিক্যও বিদ্যমান। ফলে উচ্চ আমদানি ব্যয় সত্ত্বেও মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই কমার হার ২২.৫ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী, ব্যাংকার এবং আর্থিক খাতের বিশ্লেষকরা জানাচ্ছেন, গত তিন বছর ধরে দেশের অর্থনীতিতে শ্লথগতি বিরাজ করছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়ে উঠেছে। নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এসব কারণে দেশে নতুন শিল্প স্থাপন এবং বিদ্যমান ব্যবসার সম্প্রসারণের উদ্যোগ মন্থর হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে খাদ্যপণ্য এবং জ্বালানির দাম বেড়ে গেছে। এসব পণ্য আমদানিতে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে দেশে ডলারের সংকট দেখা দিয়েছে। যদিও পরবর্তী সময়ে ডলার সংকট কিছুটা কাটলেও গ্যাস ও বিদ্যুতের সংকট বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধের প্রভাবও নতুন করে যুক্ত হয়েছে। অন্যদিকে, ব্যাংকঋণের উচ্চ সুদ ব্যবসায়ীদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে। সব মিলিয়ে অনেক উদ্যোক্তার জন্য বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন বিনিয়োগ এবং শিল্প সম্প্রসারণের পরিবর্তে বিদ্যমান কার্যক্রম সচল রাখার দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এর ফলে মূলধনি যন্ত্রপাতির আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
আরও পড়ুন: কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে দেশে মোট এক হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল এক হাজার ৬৮০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ২৫৩ কোটি ১০ লাখ ডলার।
তবে আমদানির এই প্রবৃদ্ধিতে মূলধনি পণ্যের অবদান নেই। বরং মূলধনি পণ্য আমদানি প্রায় ১৩.৬০ শতাংশ কমেছে। গত অর্থবছরের প্রথম তিন মাসে এই খাতে আমদানি ছিল ২৮৫ কোটি ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে ২৪৬ কোটি ৩১ লাখ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতির আমদানি ৯৯ কোটি ২৫ লাখ ডলার থেকে কমে ৭৬ কোটি ৯৩ লাখ ডলারে নেমেছে। এছাড়া অন্যান্য মূলধনি পণ্যের আমদানিও প্রায় ৯ শতাংশ কমে ১৬৯ কোটি ৩৭ লাখ ডলারে নেমেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। পরিস্থিতি ভালো থাকলে আমদানি বৃদ্ধি পায়। বর্তমানে যে আমদানি প্রবৃদ্ধি হচ্ছে, সেটি মূলত জ্বালানির কারণে। চলমান সংকটে নতুন করে কেউ এ খাতে বিনিয়োগে যাচ্ছে না। যার ফলে মূলধনি যন্ত্রপাতির আমদানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
শিল্পের কাঁচামালসহ মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে ২২.৭০ শতাংশ। এ খাতে আমদানি এক হাজার ১০৭ কোটি ৩১ লাখ ডলার থেকে বেড়ে এক হাজার ৩৫৮ কোটি ৯৪ লাখ ডলারে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে ১১৮.১০ শতাংশ।
আরও পড়ুন: বিআরটিসি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, পাবেন যারা
বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, গত তিন বছর ধরে দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক। নতুন করে কোনো ধরনের মূলধনি বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। এর অন্যতম কারণ নির্বাচনের জন্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। নির্বাচনের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং ব্যাংকিং খাতে অসহযোগিতামূলক মনোভাব এবং তারল্য সংকটের কারণে উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না।
তিনি বলেন, বর্তমান সরকার ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেও এখন পর্যন্ত এ তহবিল থেকে উল্লেখযোগ্য অর্থ বিতরণ হয়নি। সব মিলিয়ে এ মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় সমস্যা অর্থায়ন।
তিনি আরো বলেন, গত তিন-চার বছরের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং ডলারের উচ্চমূল্যের কারণে টাকার অবমূল্যায়ন হয়েছে। এতে বিদ্যমান ব্যবসায়ীদের কার্যকর মূলধন কমে গেছে। ফলে ব্যবসা সম্প্রসারণের মতো সক্ষমতা অনেক উদ্যোক্তার আর নেই।
জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, জ্বালানি সংকট আগে থেকেই ছিল, তবে সম্প্রতি তা প্রকট হওয়ায় অনেক উদ্যোক্তা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংকটের সমাধান কীভাবে হবে, তা নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এজন্য মূলধনি যন্ত্রপাতির আমদানির এই চিত্র দেখা যাচ্ছে।
আরও পড়ুন: মহেশখালীতে নির্মিত এসপিএম ফেব্রুয়ারিতে চালু, পতেঙ্গায় তেল পরিবহন শুরু হবে
অর্থনীতিবিদরা বলেছেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত নতুন শিল্পকারখানা স্থাপন বা কারখানার সম্প্রসারণ করে থাকেন। অর্থাৎ শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হয়। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ থমকে যাওয়া। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে না। ফলে অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ঋণ প্রবৃদ্ধিতে শ্লথগতি
গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.০৯ শতাংশে, যা ইতিহাসে সর্বনিম্ন। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। টানা কয়েক মাস ধরে এ হার এক অঙ্কের ঘরে অবস্থান করছে। ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ স্থবিরতার কারণে নতুন ঋণ চাহিদা কমে যায়। নতুন শিল্প স্থাপন বা বড় সম্প্রসারণ না হলে মূলধনি যন্ত্রপাতি আমদানিও স্বাভাবিকভাবেই সীমিত থাকে।
আরও পড়ুন: বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন