ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্ষেতলালে আইসিটি শিক্ষিকার সনদ নিয়ে অডিট আপত্তি, বেতন বন্ধ


ক্ষেতলালে আইসিটি শিক্ষিকার সনদ নিয়ে অডিট আপত্তি, বেতন বন্ধ

জয়পুরহাটের ক্ষেতলাল

উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষিকা সাহিনা আখতারের (ইনডেক্স নম্বর-০০২৬১৩) আইসিটি সনদ নিয়ে মন্ত্রণালয়ের অডিটে আপত্তি উঠেছে। এই আপত্তির ফলে চাকরিতে যোগদানের পর থেকে তিনি যে ১৯ লাখ ৯৬ হাজার টাকা বেতন-ভাতা উত্তোলন করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে, অডিট আপত্তি নিষ্পত্তির পূর্বে যদি তাঁকে বেতন-ভাতা প্রদান করা হয়, তাহলে এর দায়ভার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে যে, প্রধান শিক্ষক ওই নির্দেশনা উপেক্ষা করে শিক্ষিকার বেতন-ভাতা চালু রেখেছিলেন। এদিকে, প্রধান শিক্ষক সাক্ষরিত এমপিও মাসিক বেতন আদেশে ওই শিক্ষিকার নাম থাকলেও সর্বশেষ নভেম্বর ২০২৬ মাসের বেতন শিটে তাঁর বেতনের ঘরে শূন্য (০০) দেখানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত মন্ত্রণালয়ের অডিটে শিক্ষিকা সাহিনা আখতারের আইসিটি সনদসংক্রান্ত অসংগতি চিহ্নিত করা হয়। পরে অডিট আপত্তিতে চাকরিতে যোগদানের পর থেকে তিনি যে সমুদয় বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

এছাড়া, আপত্তি নিষ্পত্তির আগে তাঁকে বেতন-ভাতা দেওয়া হলে এর দায়ভার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহন করতে হবে বলে জানানো হয়। অভিযোগ রয়েছে যে, অডিট আপত্তি নিষ্পত্তি না হলেও শিক্ষিকা ও প্রতিষ্ঠানপ্রধানের যোগসাজশে তাঁর বেতন-ভাতা চালু রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষিকা সাহিনা আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "মন্ত্রণালয়ের অডিট আপত্তির শর্ত মেনে প্রধান শিক্ষকের মাধ্যমে মাউশি বরাবর জবাব দিয়েছিলাম। কিন্তু তাঁরা তা আমলে না নিয়ে হঠাৎ করে এ মাসের বেতন আসেনি। আমার এমপিও থেকে শুরু করে সব ঠিক আছে। আগামীকাল ঢাকায় গিয়ে বেতন-ভাতা ছাড়ের আবেদন করব।"

হিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লজাবত বলেন, "মন্ত্রণালয়ের অডিটে আইসিটি শিক্ষিকা সাহিনার সনদসংক্রান্ত অসংগতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বরাবর যথাযথ জবাব দিয়েছি। তাঁর নিয়োগপ্রক্রিয়াসহ সবকিছু ঠিক আছে। তবে নভেম্বর মাসে তাঁর বেতন-ভাতা কেন আসেনি, সে বিষয়ে কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী

রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্য ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না, এমন ঘোষণা দিয়েছেন রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি নিশ্চিত করার নির্দেশও দেন।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রায়হান সিরাজী উল্লেখ করেন, ‘ইদানীং গঙ্গাচড়ায় ফেসবুক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, আমাকে ছাড়াও বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব, আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন হবে না।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার বেড়ায় থানা ঘেরাওয়ের ঘটনায় আ’লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


পাবনার বেড়ায় থানা ঘেরাওয়ের ঘটনায় আ’লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পাবনার বেড়া মডেল থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর চার দিন পর পুলিশ মামলা দায়ের করেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদ আলী বাদি হয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ওসির দাবি, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক। গোলাম মোস্তফা বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে থানাকে ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলার পর সোমবার রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তবে বুধবার (২৫ নভেম্বর দুপুর ২টা) রিপোর্ট লেখা পর্যন্ত অন্য কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানার একটি গেট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দেয়, তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর ১৯ নভেম্বর রাত থেকে তিন দিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায়। সেই সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান থানার ওসি গোলাম মোস্তফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান আরফান আলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান আরফান আলী

বাংলাদেশের প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে ২০২৭-২৮ মেয়াদের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে।

তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের (এসএল-১৭) সদস্য এবং ঢাকা সেন্টার লোকাল কাউন্সিলের (এসএল-১২৮) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় পদেই বিজয় অর্জন করেন।

ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

দীর্ঘকাল ধরে টেক্সটাইল ও ডাইস-কেমিক্যাল শিল্পে কর্মরত রয়েছেন তিনি। এই খাতে কাজ করার সুবাদে শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং পেশাজীবীদের অধিকার ও প্রত্যাশা সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে প্রকৌশলী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং আইইবির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজশাহীতে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চর্চা ও বিকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই উদ্দেশ্যে রাজশাহীতে রক্ষাগোলা সমন্বয় কমিটি এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি/অ্যাকাডেমির প্রাঙ্গণে সিসিবিভিও (ঈঈইঠঙ) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ‘নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা করা হয়।

এতে নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রক্ষাগোলা সমন্বয় কমিটি ও কালচারাল একাডেমীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক কাঞ্চন শিং উরাওঁ। সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রসিদ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি মো. ফজলুল করিম বাবলু, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু। সঞ্চালনা করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধি, নাগরিক সমাজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%