ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা বায়ুদূষণে বিশ্বের চতুর্থ, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’


ঢাকা বায়ুদূষণে বিশ্বের চতুর্থ, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

শীতকালীন মৌসুমের আগমনের সাথে সাথে রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকা চতুর্থ স্থানে অবস্থান করছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার স্কোর ২৭৯। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের কাবুল ২৫৫ স্কোর নিয়ে এবং তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি ২২৩ স্কোর নিয়ে অবস্থান করছে। মঙ্গোলিয়ার উলানবাটর পঞ্চম স্থানে রয়েছে, যার স্কোর ২০৮।

আইকিউএয়ারের সূচক প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয়, ফলে আবহাওয়া, বাতাসের গতি, আর্দ্রতা ও দূষণের মাত্রার পরিবর্তনের সাথে শহরগুলোর অবস্থান পরিবর্তিত হতে পারে। সংস্থাটির ওয়েবসাইটে ২৪ নভেম্বর রাত ৯টা ২৮ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান ২১১ দেখানো হয়েছে।

আরও পড়ুন: কান্তজিউ মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস উৎসব

বায়ুমান সূচক বা একিউআই হলো বাতাসের দূষণের মাত্রা ও এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বোঝানোর একটি পরিমাপক। এটি নির্ধারণ করে যে, কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং দূষণের কারণে মানুষের স্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে। আইকিউএয়ারের সূচকে সূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫, পিএম১০, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজোনসহ বিভিন্ন দূষকের তথ্য বিবেচনায় নেওয়া হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণের ফলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। বিশেষ করে অতিসূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এর ফলে শ্বাসকষ্ট, কাশি ও হৃদ্‌যন্ত্রের জটিলতা সহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বৃদ্ধি পায়। আইকিউএয়ার সতর্ক করেছে যে, বায়ুমান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সবার জন্য স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন উৎক্ষেপণ করল শেনঝৌ-২৪ মহাকাশ অভিযান, তিন নভোচারীসহ এক বিদেশি নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


চীন উৎক্ষেপণ করল শেনঝৌ-২৪ মহাকাশ অভিযান, তিন নভোচারীসহ এক বিদেশি নভোচারী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চীন প্রথমবারের মতো তিন নভোচারীকে বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে, যার মধ্যে রয়েছে এক বিদেশি নভোচারী। আজ বুধবার শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে রকেটটি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। এই তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে তার মহাকাশ কর্মসূচিতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই এবং তারা তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটটি উৎক্ষেপণ করা হয়। গোলাপি আকাশের নিচে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে রকেটটি মহাকাশের উদ্দেশে উড়ে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা। সংস্থাটি অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করেছে এবং জানিয়েছে, নভোচারীরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।

শেনঝৌ-২৪ অভিযানে অংশ নেওয়া তিন নভোচারী হলেন মহাকাশযানের পাইলট তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী।

পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ জিশান আলী চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। তিনি চীনের নাগরিক নন—এমন প্রথম ব্যক্তি হিসেবে তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাচ্ছেন।

৪০ বছর বয়সী আলীর মহাকাশযাত্রা প্রায় পাঁচ দিন স্থায়ী হওয়ার কথা রয়েছে। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। গত মে মাসে মহাকাশযানটি তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছিল।

পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, কক্ষপথে অবস্থানকালে আলী কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল (মাইক্রোঅ্যালগি) চাষ এবং মহাকাশ ভ্রমণের ফলে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা পরীক্ষা করে দেখা।

কক্ষপথে প্রবেশের পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার কথা। সেখানে আগে থেকেই অবস্থান করছেন তিনজন নভোচারী। শেনঝৌ-২৪ অভিযানের তিন সদস্য তাদের সঙ্গে যোগ দেবেন।

বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত তিন নভোচারী হলেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাই-ইং এবং ঝাং ঝিয়ুয়ান।

লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন বলে নির্ধারিত রয়েছে। অন্যদিকে ঝু মহাকাশ স্টেশনেই থেকে যাবেন। এর মাধ্যমে মহাকাশে একটানা এক বছর অবস্থানের চীনের প্রথম কর্মসূচি সম্পন্ন হবে।

ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করার সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুর এই অবস্থান সেই সক্ষমতা পরীক্ষার একটি বড় পদক্ষেপ।

মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক অবশ্য আলী নন। এর আগে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক-০৪’ অভিযানে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মহাকাশ অভিযানকে পাকিস্তান ও চীনের মধ্যকার ‘অসাধারণ আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘মহাকাশ জয়ের অভিযাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচআরডব্লিউ: মোদি সরকার পরিকল্পিতভাবে দুর্বল করছে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


এইচআরডব্লিউ: মোদি সরকার পরিকল্পিতভাবে দুর্বল করছে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, বিরোধীদের দমন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার রাজনৈতিক ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ৯৫ পৃষ্ঠার ‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট? মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটার তালিকা সংশোধনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতের নাগরিকেরা ক্রমেই রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। এইচআরডব্লিউ অভিযোগ করেছে যে, বিজেপি নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি উপেক্ষা করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করছে। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল ও মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান দুর্বল করার পাশাপাশি বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগও তুলেছে সংস্থাটি।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেছেন, গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে দুর্বল করেছে। তিনি উল্লেখ করেছেন যে, এসব প্রতিষ্ঠান নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর অভিযোগ, সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার সুরক্ষা সংকুচিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মোদি প্রশাসন সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি আইন পাস করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় নেওয়া পদক্ষেপ, সিদ্ধান্ত বা বক্তব্যের জন্য কমিশনারদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়। সংসদের উভয় কক্ষ থেকে পুরো অধিবেশনের জন্য ১০০ জন লোকসভা সদস্য এবং ৪৬ জন রাজ্যসভা সদস্যকে বরখাস্ত রাখার সময় আইনটি পাস করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সাধারণত কোনো বিল আইনে পরিণত হতে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। তবে অর্থ বিল হিসেবে উত্থাপিত হলে রাজ্যসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। এই সুযোগ ব্যবহার করে মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলে এমন আইনও অর্থ বিল হিসেবে পাস করানো হয়েছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ।

এর উদাহরণ হিসেবে ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দাবি, ওই সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানো হয়। পরে রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সমালোচকদের লক্ষ্যবস্তু করতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে। অথচ ইডির ক্ষমতা বাড়ানোর বিষয়টি অর্থ বিলের নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়ে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার পরও প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির জ্যেষ্ঠ নেতাদের জবাবদিহির আওতায় আনতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ভোটার তালিকায় কারচুপি, ভোটের তথ্য গোপন, ভোট গণনায় অনিয়ম এবং ভোটযন্ত্রে হস্তক্ষেপের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তও করা হয়নি বলে দাবি সংস্থাটির।

নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করার সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের জুনে শুরু হওয়া ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ার অভিযোগও তুলেছে সংস্থাটি। এ নিয়ে ২০২৬ সালের অক্টোবরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছে এইচআরডব্লিউ। সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারবিরোধী আইন সংশোধনের পর ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের অধিকাংশই বিরোধী দলের। এর আগে মোদি সরকারের প্রথম দশ বছরে ২৬ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে তদন্ত স্থগিত বা অভিযোগ প্রত্যাহারের ঘটনা ঘটেছে বলেও দাবি করেছে সংস্থাটি। এ কারণে বিরোধী দলগুলো বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করে থাকে।

২০১৪ সাল থেকে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আর্থিক আইনের আওতায় মানবাধিকার সংস্থা, আইনজীবী, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ব্যবহার বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারী, শিক্ষাবিদ ও সমালোচকদের আটক রাখতে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএর অপব্যবহারের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। অনেককে বিচার ছাড়াই বছরের পর বছর আটক রাখা হচ্ছে বলে দাবি সংস্থাটির।

মৌলিক স্বাধীনতা রক্ষায় ভারতের আদালতগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতের সুপ্রিম কোর্ট অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে তদন্ত সংস্থাগুলোর গ্রেপ্তার, তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা অনুমোদন ও সম্প্রসারণ করেন। আইন বিশেষজ্ঞরা ওই রায়কে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছিলেন।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনগুলোর শুনানি সুপ্রিম কোর্টে চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের মে মাসে ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়ার পর আদালত বলেন, প্রাপ্ত তথ্য ‘পদ্ধতিগত ভোটাধিকার হরণের’ ইঙ্গিত দেয় না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম বাদ দেওয়ার পরও আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে তালিকায় নাম যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ পড়ার সময়ে ভোট দিতে না পারার বিষয়টি গ্রহণযোগ্য বলে আদালত কার্যত মত দিয়েছিলেন। পরে বিক্ষোভের মুখে নভেম্বর নাগাদ নির্বাচন কমিশন নির্বিচারে নাম বাদ দেওয়ার কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এইচআরডব্লিউর মতে, গত এক দশকে মোদি প্রশাসনের এসব কর্মকাণ্ড বিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নয়; বরং এগুলো একটি কর্তৃত্ববাদী কৌশলের অংশ। দুর্বল বিরোধী দলের পক্ষে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো আইন প্রতিরোধের সুযোগ সীমিত হয়ে পড়েছে। রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরিচালিত মানবাধিকার কমিশনগুলো নাগরিক সমাজের কণ্ঠরোধ ঠেকাতে যথাযথ ভূমিকা রাখছে না। অন্যদিকে আদালত সময়মতো কার্যকর প্রতিকার দিতে ব্যর্থ হওয়ায় এসব অপব্যবহার অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ভারতের মিত্র দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, উচ্চপর্যায়ের বৈঠক, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আলোচনায় ভারতের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবনতি নিয়ে উদ্বেগ জানানো উচিত।

ইলেইন পিয়ারসন বলেন, ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধ করতে হলে সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সবার অধিকার রক্ষায় এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে আনতে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে বুধবার (২৫ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ০৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ০২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া, ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনে কর্মসংস্থান ও ন্যায়বিচারের দাবি: তরুণদের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনে কর্মসংস্থান ও ন্যায়বিচারের দাবি: তরুণদের প্রত্যাশা

রাজনৈতিক পরিবর্তনের পরও কর্মসংস্থান, দুর্নীতি নিয়ন্ত্রণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশ্নগুলি এখনও বিদ্যমান। জুলাইয়ের স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে, এ নিয়ে আলোচনা চলছে।

একটি অভ্যুত্থান শুধু ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বরং মানুষের মনে নতুন দেশের স্বপ্নও সৃষ্টি করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তরুণদের মনে ঠিক সেই স্বপ্ন জাগিয়েছিল। সকলের ধারণা ছিল, এবার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, দুর্নীতি থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র জবাবদিহি করবে।

কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার পর আমরা আসলে কতদূর পৌঁছেছি? এটি বোঝার জন্য শুধুমাত্র ক্ষমতা কার হাতে গেল, তা দেখলেই হবে না। বরং দেখতে হবে, তরুণরা চাকরি পাচ্ছে কি না, বাজারের অবস্থা কেমন, দুর্নীতি কি আসলেই কমেছে এবং মানুষ কি মন খুলে কথা বলতে পারছে?

জুলাই আন্দোলনের শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে তরুণদের ক্ষোভ থেকে। পরে এটি পুরো ব্যবস্থার পরিবর্তনের দাবিতে পরিণত হয়। তাই প্রত্যাশা ছিল শুধু কোটা সংস্কার নয়; প্রত্যাশা ছিল যোগ্যতার মূল্যায়ন এবং একটি সম্মানজনক জীবনের নিশ্চয়তা।

দুর্নীতি কি কমেছে? সরকারি অফিসে ঘুস, অনিয়ম ও হয়রানি ছাড়া কি কোনো সেবা পাওয়া যায়? ভুক্তভোগীদের কাছেই রয়েছে এর সঠিক উত্তর। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অভিযান প্রয়োজন। তার চেয়েও বেশি প্রয়োজন এমন প্রতিষ্ঠান, যেগুলো কারো কথায় চলবে না, স্বাধীনভাবে কাজ করবে। অন্যদিকে, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে অনেকের পেট চালানোই এখন কঠিন। এছাড়া, সবাই কি নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারছে? বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে?

জুলাইয়ে তরুণরা রাস্তায় নেমেছিল কোনো দল বা ব্যক্তির জন্য নয়; তারা অধিকার ও ন্যায়বিচারের জন্য নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কতটা বদলেছে, এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থান শুধু একটি দরজা খুলে দেয়। তবে সেই দরজা দিয়ে নতুন বাংলাদেশে প্রবেশ করতে হলে ধারাবাহিক সংস্কার ও সদিচ্ছার প্রয়োজন। জুলাইয়ের স্বপ্নের সত্যিকার মূল্যায়ন তখনই হবে, যখন তরুণদের চাওয়াগুলো—চাকরি, ন্যায়বিচার ও মত প্রকাশের স্বাধীনতা—বাস্তবে প্রতিফলিত হবে।

লেখক : শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%