ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো


‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

রাশিয়ার এই আকস্মিক কূটনৈতিক অবস্থান পরিবর্তন ভারতের জন্য একটি গুরুতর সংকট সৃষ্টি করেছে। পুরোনো বন্ধু হিসেবে পরিচিত ভারতকে দূরে ঠেলে, মস্কো এখন ইসলামাবাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রুশ প্রশাসন এখানেই থেমে নেই; পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্যাটেলাইট প্রযুক্তি সহায়তা দেওয়ার বিষয়টি খোলাখুলি ঘোষণা করেছে ক্রেমলিন। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিজ্ঞ কূটনীতিকদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

চলতি বছরের ২৫ নভেম্বর, রুশ-পাক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মস্কোর সংবাদ সংস্থা ‘তাস’। তাদের দাবি, আগামী দিনে ইসলামাবাদের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, মহাকাশচারীর অন্তরীক্ষে যাত্রা এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করবে ক্রেমলিন।

রাশিয়া ও পাকিস্তানের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি এবং রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ ইতোমধ্যে এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তার বক্তব্য অনুযায়ী, মহাকাশ খাতে রাশিয়া একটি প্রধান শক্তি এবং মহাকাশ গবেষণায় তাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এ খাতে পাকিস্তানের সঙ্গে কাজ বাড়াতে মস্কোর কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া সতর্কতা

সম্প্রতি, মস্কোয় অনুষ্ঠিত রুশ-পাকিস্তান আন্তঃসরকারি কমিশনের একাদশতম বৈঠকে সের্গেই সিভিলিওভ উপস্থিত ছিলেন। সেখানে পাকিস্তানের একাধিক পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা যোগ দেন। দু পক্ষের আলোচনা শেষে ইসলামাবাদের সঙ্গে মহাকাশভিত্তিক সহযোগিতার বিষয়টি ঘোষণা করেন পুতিনের মন্ত্রী। তবে, এই বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

কৃত্রিম উপগ্রহের সংখ্যা অনুযায়ী বর্তমানে রাশিয়া বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। পৃথিবীর কক্ষপথে তাদের পাঠানো উপগ্রহের সংখ্যা ৩৭২। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএসের মতো মস্কোর রয়েছে নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা, যার নাম ‘গ্লোনাস’। পাশাপাশি, ‘গুপ্তচর’ সামরিক উপগ্রহও ব্যবহার করে থাকে ক্রেমলিন। শত্রুর উপর নজরদারিতে এগুলি সিদ্ধহস্ত।

সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান রাশিয়ার থেকে তিন ধরনের উপগ্রহভিত্তিক সহযোগিতা পেতে পারে। প্রথমেই ‘গ্লোনাস’-এর কথা উল্লেখ করতে হবে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে দিকনির্ণয়ে সাহায্য করে মস্কোর এই ব্যবস্থা। এটি হাতে পেলে ভারতের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে ইসলামাবাদের যে সুবিধা হবে, তা বলাই বাহুল্য।

দ্বিতীয়ত, বর্তমানে চীনের সাহায্যে একের পর এক উপগ্রহ অন্তরীক্ষে পাঠাচ্ছে পাকিস্তান। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সেগুলির নাম ‘আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’ অর্থাৎ নজরদারি উপগ্রহ। সাবেক সেনাকর্তাদের আশঙ্কা, রাশিয়ার থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেলে আগামী দিনে অত্যাধুনিক উপগ্রহ বানাতে পারে ইসলামাবাদ। তখন সহজেই দিল্লির ‘হাঁড়ির খবর’ হস্তগত হবে তাদের।

আরও পড়ুন: করাচিতে ভবন ধসে নিহত ৬, ১৩ জন নিখোঁজ

এ ছাড়া, সরাসরি ‘গুপ্তচর’ উপগ্রহের পাঠানো তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করতে পারে রাশিয়া। এটাও ভারতের জন্য বেশ উদ্বেগের। বর্তমানে এ দেশের উপর উপগ্রহভিত্তিক নজরদারি চালিয়ে থাকে চীন। বহু বার সেই তথ্য ইসলামাবাদকে সরবরাহ করতে দেখা গিয়েছে তাদের। উদাহরণ হিসেবে গত বছরের (২০২৫ সাল) ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচিতে ভবন ধসে নিহত ৬, ১৩ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


করাচিতে ভবন ধসে নিহত ৬, ১৩ জন নিখোঁজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচিতে একটি ছয়তলা ভবন ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া, ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; তবে উদ্ধারকারীরা ভারি যন্ত্রপাতি ব্যবহার করতে চাইছেন না, কারণ এতে মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের মধ্যে ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারি যন্ত্রপাতি ব্যবহারের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি রয়েছে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ উদ্ধার করেছে এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।

পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ তাদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।

২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানে ভবন ধসের ঘটনা বিরল নয়। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচি দুই কোটিরও বেশি মানুষের একটি বিশাল মহানগরী। করাচি, দুই কোটিরও বেশি মানুষের এক বিশাল মহানগরী; পাকিস্তানের অন্যান্য শহরের মতো করাচিও নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিতভাবে ভবনের সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণ বিধিমালা কঠোরভাবে কার্যকর না করার মতো নানা সমস্যায় জর্জরিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মহানগরীতে গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া, গত বছরের জুলাই মাসে করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারায়।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের উদ্দেশ্যে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাউ সলিডারিটি সোসাইটির সমন্বয়ে রিসার্চ ইন্ট্রিগেটেড থট (আরআইটি) এই সামিটের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামিটে চারটি সেশনে শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রথম সেশনে গবেষণার বুনিয়াদি বিষয় নিয়ে আলোচনা করেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড এ কে এম নাজমুল হাসান নাজির। দ্বিতীয় সেশনে তথ্য যাচাইকরণ, গবেষণা লেখা ও প্রকাশনা নিয়ে আলোচনা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিনের বায়োস্ট্যাটিসটিক বিভাগের প্রধান মো. মেছবাউর রহমান। এরপর আধুনিক গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সুইডেনের আর্থ সিস্টেম গভর্নেন্সের গবেষক জান্নাতুল ফেরদৌস। সবশেষে বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের গবেষক ড. মো. আবুল হাসান। এসময় সংগঠনের উপদেষ্টা ও বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউ সলিডারিটি সোসাইটির সভাপতি জানান, "আমরা আনন্দিত যে, আমাদের ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন একটি সামিট আয়োজন করতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাদের আগ্রহ ও অংশগ্রহণই আমাদের এই উদ্যোগকে সফল করেছে। আজকের এই আয়োজন এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সমৃদ্ধভাবে এমন আয়োজন করার চেষ্টা আমরা অব্যাহত রাখব।"

সামিটের বিষয়ে বাউ সলিডারিটি সোসাইটির সেক্রেটারি ছাব্বির হোসেন রিজন বলেন, "বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সচেতন, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করছে। এজন্য নিয়মিত বই পড়া, গাছ উপহার দেযা, পাঠচক্র আয়োজনের মতো কাজগুলো নিয়মিত করা হয়। স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা, এআই টুলস এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে ধারনা দেয়ার জন্য আজকের সামিট আয়োজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখতে পারে বলে আশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র সংসদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য ডেকেছেন জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ছাত্র সংসদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য ডেকেছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা জানার উদ্দেশ্যে এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ উল্লেখ করেছেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যে সকলেই আমন্ত্রণ পেয়েছেন। ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই আয়োজনের কথা জানান। তিনি বলেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৫১৮ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৫১৮ রোগী

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন, বাকিরা উপসর্গে আক্রান্ত ছিল।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৭০ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন রয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস, যার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে। অন্য দুজনের মধ্যে একজন ৫ মাস বয়সী, তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। অপর শিশুটির বয়স ১ বছর এবং তার বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৯২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৯৬৮, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ১৭২ জন আক্রান্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%