০১:১৭ পি.এম
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম (cloud system) হ্যাক হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তাদের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থা নিরাপদ অবস্থায় রয়েছে। তবে বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ এর ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সরাসরি কোনো তথ্য প্রকাশ করেনি।
শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায় যে, হ্যাকের ফলে সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সও এই হামলার খবর আগে জানিয়েছিল। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীরা হ্যাকের বিষয়টি চিহ্নিত করেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সমস্ত ব্যবস্থা সার্বক্ষণিকভাবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরাপদ রাখা হচ্ছে। তবে নীতিগত ও নিরাপত্তার কারণে দপ্তরটি নিজস্ব নেটওয়ার্কের অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: লিবিয়ার পর ইতালির পালা? রোমকে ‘চোখ খুলতে’ আহ্বান রাশিয়ার
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও তদন্ত সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সরবরাহ ব্যবস্থাও হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র: এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন