০৯:৪১ পি.এম
ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়ার ফলে এখন প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে সক্ষম হবে।
মঙ্গলবার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এ এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখিত হয়েছে যে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৫(৪) ধারার ক্ষমতাবলে নিও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্স ২০২৬ সালের ১১ আগস্ট জারি করা পত্রের শর্তসাপেক্ষে প্রদান করা হয়েছে।
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হলো এমন প্রতিষ্ঠান, যারা অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা প্রদান করে। সংক্ষেপে বললে, গ্রাহকের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ডিজিটাল উপায়ে স্থানান্তরিত করতে যে প্রতিষ্ঠান সেবা দেয়, সেটিই পিএসপি।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভের ফলে নিও পিএসপি দেশের পেমেন্ট সেবা খাতে কার্যক্রম পরিচালনার অধিকার পেয়েছে। প্রতিষ্ঠনটি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
নিও পিএসপির লাইসেন্স প্রাপ্তির ফলে দেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা এখন ১০টিতে দাঁড়াল। এর আগে দেশে ৯টি পিএসপি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা
বর্তমানে কার্যরত ৯টি পিএসপি হলো-আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকার্শন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন