সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪৩ এম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : অধিকৃত পশ্চিম তীরে অবস্থানরত ডাচ কর্মকর্তাদের কূটনৈতিক স্বীকৃতি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসরাইল। নেদারল্যান্ডস যখন ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করে, তখনই ইসরাইল এই পদক্ষেপ নেয়। রোববার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ডাচ কূটনীতিকদের সাত দিনের মধ্যে ইসরাইল সরকারের প্রদত্ত কূটনৈতিক নথিপত্র ফেরত দিতে হবে।
তিনি আরও বলেন, ওই সময়সীমা শেষ হওয়ার পর ইসরাইল সরকার তাদের যে কূটনৈতিক সুবিধা ও দায়মুক্তি প্রদান করেছে, তা আর কার্যকর থাকবে না।
সার জানান, নেদারল্যান্ডস সরকার গোলান মালভূমি, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করায় ইসরাইল এই পদক্ষেপ গ্রহণ করেছে।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এসব এলাকা দখল করে এবং এরপর থেকে সেগুলো দখল করে রেখেছে। আন্তর্জাতিক আইনের অধীনে এসব এলাকায় স্থাপিত ইসরাইলি বসতিগুলো অবৈধ বলে বিবেচিত।
চলতি মাসে ডাচ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ২২ সেপ্টেম্বর থেকে ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা বাণিজ্যিক চালানের পাশাপাশি যাত্রীদের ব্যক্তিগত লাগেজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ডাচ ও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল থেকে নেদারল্যান্ডসে যাওয়া যাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য রয়েছে কি না তা যাচাই করতে আমস্টারডামের শিফল বিমানবন্দরে তল্লাশি করা হয়েছে।
নেদারল্যান্ডসের এই নিষেধাজ্ঞা চলতি মাসের শুরুতে ব্রিটেন ও ফ্রান্সসহ ১২টি পশ্চিমা দেশের সমন্বিত পদক্ষেপের পর এসেছে। ওই দেশগুলো ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পূর্ব জেরুজালেম বাদ দিলে পশ্চিম তীরে প্রায় ৫ লাখ ইসরাইলি বসতিস্থাপনকারী বসবাস করে। একই এলাকায় প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ছোটদের সময়’ প্রকাশনীর ৮টি মানসম্মত নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যা শিশুদের মেধা বিকাশ, সৃজনশীল মনন গঠন ও বৈষম্যহীন সমাজভাবনায় নতুন সাহিত্য যোগ করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য আয়োজনের অংশ।
এই অনুষ্ঠানটি রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয়, যেখানে বরেণ্য শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
উৎসবে শিশু-কিশোরদের জন্য বিশেষভাবে রচিত আটটি ভিন্নধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো— কবি ও শিশুসাহিত্যিক আবদুল হাই শিকদারের মুক্তিযুদ্ধের কিশ‘টম একাত্তর’, বিখ্যাত ছড়াকার আবু সালেহের শিশুতোষ ছড়ার ব‘মুখে মুখে ছড়া, খ্যাতিমান শিশুসাহিত্যিক ফারুক হোসেনের ‘ভালো হওয়ার গল্প’, শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক মুহাম্মদ আসাদুজ্জামানের ‘সবুজ পাহাড়ে কালো ভূত’, শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকনের রূপকথার গল্প ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’, জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের শহীদ উসমান হাদীকে নিয়ে লিখিত কিশোর উপন্যাস ‘হাদী ফিরলেন রাষ্ট্র প্রধান হয়ে’, চিকিৎসক ও কবি ফাতেমা কাওসারের কবিতার বই ‘লাল জুলাইয়ের বাংলাদেশ’ এবং শিশুসাহিত্যিক মামুন সারওয়ারের ছড়ার ‘ছড়াগুলো মননের জন্য’।
প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদ উল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক শওকত হোসেন, কবি ও শিশুসাহিত্যিক মনসুর আজিজ। আয়োজক প্রকাশনীর স্বত্বাধিকারী ও লেখক মামুন সারওয়ার স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আলোচনা পর্বে লেখক ফারুক হোসেন তার রচিত বই সম্পর্কে বলেন, "জুলাই বিপ্লবের পর একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিহীন ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তরুণ সমাজ দেখিয়েছে, তাদের সেই একাগ্রতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই ‘ভালো হওয়ার গল্প’ বইটি রচিত হয়েছে।"
অন্যান্য লেখকদের মধ্যে ভিয়েতনামের রূপকথা অবলম্বনে রচিত রহস্যকাহিনির পেছনের গল্প তুলে ধরেন রেজাউল করিম খোকন। এ ছাড়া লেখক মুহাম্মদ আসাদুজ্জামান তার বইয়ের গল্প শোনান এবং ছড়াকার আবু সালেহ শৈশব ও বর্তমান প্রজন্মের মনন গঠনে ছড়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই গ্রন্থগুলো শিশু-কিশোরদের নতুন চিন্তায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ সাহিত্য চর্চাকে তরান্বিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) একটি অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা হয়েছে।
চালানটির কায়িক পরীক্ষায় বিপুল পরিমাণ তামাক/তামাকসদৃশ সামগ্রী, মাদকসদৃশ সন্দেহজনক পাউডারজাত পদার্থ এবং ঘোষণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্ক্র্যাপ পেপার পাওয়া গেছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম বন্দরে থাকা ডিএফএসইউ৬৭৫৩৮৪৯ নম্বর কনটেইনারের দুটি বিল অব লেডিং পরীক্ষা করে এসব পণ্য পাওয়া যায়।
এনবিআর জানায়, চালানটির নথিতে আমদানিকারক হিসেবে অথয় এন্টারপ্রাইজের নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লিখিতভাবে জানিয়েছেন, তিনি বা তার প্রতিষ্ঠান এ আমদানির বিষয়ে অবগত নন এবং চালানটির সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। তার আশঙ্কা, কোনো অসাধু চক্র প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে চালানটি এনেছে।
কাস্টমস নথি অনুযায়ী, মেনিফেস্ট নম্বর ৪৫২৪/২০২৬ এবং ভয়েজ নম্বর ০১১-এর আওতায় এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে কলকাতা থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর বন্দরে পৌঁছায়।
এনবিআর জানায়, একই মাস্টার বিল অব লেডিং নম্বর ৩০১১৭৪৩৪৭-এর অধীনে দুটি হাউস বিল অব লেডিংয়ের মাধ্যমে পণ্যগুলো আমদানি দেখানো হয়।
প্রথম হাউস বিল অব লেডিং নম্বর আইএসএলসিসিইউ২৬২৭ সিজিপি০৯৫-এ পণ্যের ঘোষণা ছিল ‘পান মসলা ও জর্দা (চিবানোর তামাকজাত পণ্য)’।
এতে ৪৭৩ প্যাকেজের মোট ওজন ৮ হাজার ৯৭৪ কেজি উল্লেখ ছিল।
গত ২৭ সেপ্টেম্বর কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে মোট ৮ হাজার ২৫০ দশমিক ৪ কেজি বা প্রায় ৮ দশমিক ২৫ মেট্রিক টন তামাক/তামাকসদৃশ সামগ্রী পাওয়া যায়।
এর মধ্যে গাঢ় বাদামি রঙের ৪২১ প্যাকেজে ৭ হাজার ৩২৫ দশমিক ৪ কেজি, বাদামি রঙের ৩১ প্যাকেজে ৫২৭ কেজি, ধূসর রঙের ১৩ প্যাকেজে ২৭৩ কেজি এবং সাদা রঙের ৫ প্যাকেজে ১২৫ কেজি সামগ্রী ছিল।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থ বাহ্যিকভাবে মাদকদ্রব্যের মতো সন্দেহজনক মনে হয়েছে। তবে এসব পদার্থে কোনো মাদক বা নিষিদ্ধ উপাদান রয়েছে কি না, তা রাসায়নিক ও পরীক্ষাগার পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে দ্বিতীয় হাউস বিল অব লেডিং নম্বর আইএসএলসিসিইউ২৬২৭ সিজিপি০৯৬-এ পণ্যের ঘোষণা ছিল ‘মুদ্রিত কাগজের ক্যাটালগ’। নথিতে ১ হাজার ৫৭০ প্যাকেজের ওজন ৯ হাজার ৮৫৯ দশমিক ৬০ কেজি দেখানো হলেও কায়িক পরীক্ষায় একই সংখ্যক প্যাকেজে ৯ হাজার ২৬৩ কেজি বা প্রায় ৯ দশমিক ২৬ মেট্রিক টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার পাওয়া যায়।
এনবিআর জানায়, দুটি বিল অব লেডিং মিলিয়ে কায়িক পরীক্ষায় মোট ২ হাজার ৪০ প্যাকেজে ১৭ হাজার ৫১৩ দশমিক ৪ কেজি বা প্রায় ১৭ দশমিক ৫১ মেট্রিক টন পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৮ দশমিক ২৫ মেট্রিক টন তামাক/তামাকসদৃশ ও সন্দেহজনক পাউডারজাত সামগ্রী এবং ৯ দশমিক ২৬ মেট্রিক টন স্ক্র্যাপ পেপার রয়েছে।
ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
পরীক্ষাগার পরীক্ষার ফলাফল ও তদন্তের ভিত্তিতে পণ্যের প্রকৃত পরিচয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম. সামছুন্নবী তুলিপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, ডিবির ওসি মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা, হার্ট ফাউন্ডেশনের প্রোগ্ৰাম কনসান্টেন্ট মোশতাক হাসান মোঃ ইফতেখার, প্রোগ্ৰাম ম্যানেজার ডা. আলিভা হক, ক্যাবের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আলোচনা করেন, অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
বক্তারা উল্লেখ করেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মানিকগঞ্জ জেলা শাখা সভাটির আয়োজন করে। সভাটিতে সহযোগিতা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে শেরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে দগ্ধ শিক্ষকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বের হওয়া গ্যাসের আগুনে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামের এক স্কুলশিক্ষক মারা যান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করার পর সৌরভ মাস্টার গ্যাসের চুলা জ্বালান। এ সময় টিনশেড ঘরটি আগে থেকেই গ্যাসে পূর্ণ ছিল, ফলে হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ মাস্টার গুরুতরভাবে দগ্ধ হন।
প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় তার স্ত্রীও অগ্নিদগ্ধ হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সৌরভের পরিবারের দাবি, আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সৌরভ হালগড়া এলাকার একটি কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক ছিলেন এবং তিনি তিন সন্তানের জনক।
সোমবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ