০৯:৪৮ এম
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে হামলা করছে, অন্যদিকে ইরানও ওই অঞ্চলে চলাচলকারী জাহাজ আটকে দিচ্ছে অথবা সেগুলোর ওপর হামলা চালাচ্ছে। দুই পক্ষের ধারাবাহিক পদক্ষেপে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস এই পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে এসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করেনি সংস্থাটি।
ইরনার দেওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের মতো শব্দগুলো সামরিক পরীক্ষা, মহড়া কিংবা সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত
কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
রেসুল সেরদার আতাস বলেন, হামলার বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলেও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দিচ্ছে অথবা সেগুলোর ওপর হামলা চালাচ্ছে।
তাঁর মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সবচেয়ে বড় উদ্বেগ হলো, এসব হামলা ও পাল্টা পদক্ষেপ নতুন করে যুদ্ধের সূচনা করতে পারে। এর ফলে হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হয়ে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা
আরও পড়ুন: সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন