০৬:০৪ পি.এম
রোহিঙ্গা ইস্যুর প্রেক্ষাপটে মিয়ানমার কর্তৃপক্ষের সাম্প্রতিক বিবৃতির ভুল তথ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিসংখ্যান নিয়ে অসত্য তথ্য তুলে ধরায় তারা এই অবস্থান গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান এই উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বৈঠকে মহাপরিচালক তৌফিক-উর-রহমান গত ১৫ আগস্ট রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যার বিষয়টি এতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। জাতিসংঘ ব্যবস্থার অধীন নিবন্ধিত সংখ্যাই যে এই জনগোষ্ঠীর সঠিক তথ্য প্রতিফলিত করে, তা তিনি স্পষ্ট করে জানান।
আরও পড়ুন: কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত
মহাপরিচালক তখন রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান যৌথ দ্বিপক্ষীয় কাঠামো ও নথির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত যাচাই কার্যক্রম সম্পন্ন করার জন্য। এ সময় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে জন্ম নেওয়া নতুন শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন রাজ্যের চলমান সহিংসতা ও সহিংস পরিস্থিতিতে জোরপূর্বক পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদেরও যাচাই তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
বৈঠকে জানা যায়, বাংলাদেশ বর্তমানে নতুন করে আসা রোহিঙ্গাদের নিবন্ধন করছে। এর আগে মিয়ানমারের কাছে হস্তান্তর করা ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার বাইরে থাকা এই অতিরিক্ত তথ্য শিগগিরই মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। তিনি অনুরোধ জানান, এই অতিরিক্ত তথ্যগুলো যেন যাচাই প্রক্রিয়ায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়াও রোহিঙ্গাদের পরিচয় সংক্রান্ত ঐতিহাসিক সত্যতা উল্লেখ করে মহাপরিচালক পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়। তাদের নির্দিষ্ট জাতিগত পরিচয় রয়েছে, যা সাম্প্রতিককালে মিয়ানমার সরকারও আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এসেছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে বাংলাদেশে এসব উদ্বেগ ও পর্যবেক্ষণ নিজ দেশের সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানান। তিনি এও বলেন, যাচাই সম্পন্ন হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন কাজ দ্রুত শুরু করতে তাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি মানিক ও সম্পাদক কিবরিয়া
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ ভিটেমাটি রাখাইনে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের মাধ্যমেই কেবল এই সংকটের একমাত্র ও টেকসই সমাধান সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন