০৪:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে পৌঁছেছে। দিনের শুরুতে দাম গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন যে, শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: জাপানের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে স্থবির, প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দুর্বল
যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলারের দাম বাড়ানোর ফলে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা বিনিয়োগকারীদের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। রোববার কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেছেন, "যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।"
এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেছেন, "মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে আমি মূল্যস্ফীতির গতিপ্রকৃতিকে গুরুত্ব দিচ্ছি।" বিশ্লেষকেরা তার এ বক্তব্যকে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।
শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে—এমন সম্ভাবনা দেখছেন বাজারের ৯২ শতাংশ অংশগ্রহণকারী। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ৮ শতাংশ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার লৌহ আকরিক বাণিজ্যে চীনের কারসাজি নিয়ে উদ্বেগ
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের আকর্ষণ কমে এবং দামের ওপর চাপ তৈরি হয়।
এখন বিনিয়োগকারীরা ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বুধবার প্রকাশিত হতে যাচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী। এসব বক্তব্য ও নথি থেকে ভবিষ্যতে সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে ধারণা পেতে চান বিনিয়োগকারীরা।
টিম ওয়াটারার বলেছেন, "ফেডের চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বাড়ানোর পক্ষে আরও কঠোর অবস্থান প্রকাশ পেলে স্বর্ণের ওপর বর্তমান চাপ আরও বাড়তে পারে।" অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তি নিয়ে সতর্কতার ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।
এদিকে গত শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। গয়না কেনার চাহিদা হ্রাস এবং সৌরবিদ্যুৎকোষে রুপার ব্যবহার কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রুপার দাম বেশি থাকায় বিকল্প উপাদানের ব্যবহার বাড়ছে বলেও গবেষণায় বলা হয়েছে।
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: ফরহানুল
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন