ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!


বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

জার্মানির কোলন বন বিমানবন্দরে ৯০টির বেশি সাপ ও টিকটিকি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। আটককৃত প্রাণীগুলোর মধ্যে ৩৭টি জীবিত বিষধর সাপ এবং ৫৫টি টিকটিকি অন্তর্ভুক্ত ছিল।

বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বয়স ৪৫ বছর এবং তিনি মেক্সিকোর একজন দমকলকর্মী। বিমানবন্দরের ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। ফলে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর মাদক পরীক্ষা করেন। পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়লেও পরে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

এরপর ওই ব্যক্তির স্যুটকেস তল্লাশি করে শ্যাম্পু ও ক্রিমের বোতল, প্লাস্টিকের পাত্র এবং মোজার ভেতরে লুকানো বিভিন্ন প্রজাতির সাপ ও টিকটিকি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে ভাইপার ও র‍্যাটলস্নেক অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বিভিন্ন প্রজাতির টিকটিকিও পাওয়া যায়।

আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

কোলন কাস্টমস বিভাগের মুখপাত্র ইয়েন্স আলান্ড মন্তব্য করেন, ‘স্যুটকেসে আনা বিভিন্ন স্মৃতিসামগ্রী দেখতে বিমানবন্দরে আমার সহকর্মীরা অভ্যস্ত। কিন্তু মেক্সিকো থেকে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি আনার ঘটনা আগে কখনো ঘটেনি।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত প্রাণীগুলোর কয়েকটিকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল এবং মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে আনার পথে কিছু প্রাণী মারা যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কর্মকর্তাদের জানান যে, ব্রাজিলের এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো নিয়ে এসেছিলেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। বেঁচে থাকা প্রাণীগুলো বর্তমানে জার্মানির একটি সাপের খামারে রাখা হয়েছে এবং সেগুলোর পরিচর্যা করা হচ্ছে।

ছয় বছর আগে একই বিমানবন্দরে মেক্সিকো থেকে খেলনা ও মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি বিরল সরীসৃপ উদ্ধার করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। সেগুলোর মধ্যে ১০টি ছিল মৃত।

আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ভাড়া ঘরে মিলল নিখোঁজ নাদিম আকন্দের বস্তাবন্দি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


স্ত্রীর ভাড়া ঘরে মিলল নিখোঁজ নাদিম আকন্দের বস্তাবন্দি মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর নাদিম আকন্দ নামের এক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তিনি একটি ডাইং কারখানায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী খাদিজার পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে নাদিমের স্ত্রী খাদিজা, হাকিম নামের এক যুবককে স্বামী পরিচয় দিয়ে স্থানীয় বাতেন মিয়ার বাড়িতে ঘর ভাড়া নেন। এ নিয়ে নাদিম ও খাদিজার মধ্যে ঝগড়া হয়েছিল।

গত বুধবার (১৪ অক্টোবর) নাদিম নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও নাদিমের কোনো হদিস মেলেনি।

শুক্রবার দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার বাড়িতে খাদিজার ভাড়া নেয়া বন্ধ ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে প্রবেশ করলে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ নাদিমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। নিখোঁজ হওয়ার দুদিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে খাদিজার অভিযুক্ত পরকীয়া প্রেমিক হাকিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ফরিদপুরে পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ফরিদপুরে পুলিশ সদস্য নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ বিশ্বাসের পুত্র। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস।

যখন তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসটি তার মোটরসাইকেলকে চাপা দেয়, ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল খান জানান, যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ সদস্য হিটলার বিশ্বাস মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নৌ অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রফতানি করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০০ এম


মার্কিন নৌ অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রফতানি করছে ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ থাকা সত্ত্বেও, ইরান কিছু তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও জেট ফুয়েল রফতানি করতে সক্ষম হয়েছে। দেশটি ওমান উপসাগরে ক্রমবর্ধমান জাহাজ-থেকে-জাহাজে পণ্য স্থানান্তরের সুযোগ কাজে লাগিয়ে জাহাজের পণ্য আড়াল করছে। এ তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমুদ্রপথে অবরোধের কারণে ইরানের জ্বালানি রফতানি বাধাগ্রস্ত হওয়ার কথা থাকলেও, বিকল্প কৌশলে কিছু চালান বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে তেহরান। বিশেষ করে, এলপিজি ও জেট ফুয়েলের চালান শনাক্ত করা কঠিন করে তুলতে জাহাজের মধ্যে পণ্য স্থানান্তরের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

মার্কিন সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের (ইউএএনআই) জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে অন্তত আটটি ইরানি এলপিজিবাহী ট্যাংকার ওমান উপসাগর ছেড়েছে। এছাড়া, স্যাটেলাইট চিত্র ও সামুদ্রিক গোয়েন্দা সংস্থা সিনম্যাক্সের বিশ্লেষণ অনুযায়ী, ইরানের জেট ফুয়েলবাহী একটি ট্যাংকার সেপ্টেম্বরে মিয়ানমারে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ট্যাংকার ওমানের শিনাস ও সোহর উপকূলীয় এলাকার কাছে অন্য জাহাজে পণ্য স্থানান্তর করেছে। অন্য কয়েকটি জাহাজ ওমান উপসাগরে অপেক্ষা করার পর মার্কিন অবরোধ অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, এসব চালান ইরানের আগের জ্বালানি রফতানির তুলনায় খুবই সামান্য। বিশ্লেষকদের মতে, এই রফতানি অবরোধ পুরোপুরি এড়িয়ে যাওয়ার কোনো নতুন ধারার প্রমাণ নয়; বরং সীমিত পরিসরে রফতানির সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবরোধকে ‘অটুট’ বলে দাবি করেছে। তাদের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর পর্যন্ত অবরোধ কার্যকরের তিন মাসে মার্কিন বাহিনী চারটি বাণিজ্যিক জাহাজ চলাচলের অযোগ্য করে দিয়েছে এবং ১৩৫টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে।

অন্যদিকে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জাহাজ চলাচলের তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, কিছু জাহাজ নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিতে পারে অথবা পণ্য বোঝাইয়ের সময় ভুয়া পরিচয় ব্যবহার করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডে নিখোঁজ বাংলাদেশি নাফিস ইস্কান্দারের সন্ধানে পুলিশ সহায়তা চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০০ এম


ফিনল্যান্ডে নিখোঁজ বাংলাদেশি নাফিস ইস্কান্দারের সন্ধানে পুলিশ সহায়তা চায়

ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তি নাফিস ইস্কান্দার গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১২ অক্টোবর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফিনল্যান্ডের পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে তাকে খুঁজে পেতে।

ফিনল্যান্ডের সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী নাফিস ইস্কান্দারকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল।

বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে নিশ্চিত করা যায়নি।

পুলিশের বর্ণনা অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির উচ্চতা প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল নেই এবং মুখে ঘন দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে।

তিনি একটি কালো রঙের অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করে থাকতে পারেন। গাড়িটির নিবন্ধন নম্বর EOH-738।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি বর্তমানে ফিনল্যান্ডের যেকোনো স্থানে অবস্থান করতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে না পুলিশ।

এদিকে, ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের, বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের, চলাচলের সময় নিখোঁজ ব্যক্তি কিংবা তার গাড়িটি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

নাফিস ইস্কান্দার কিংবা তার গাড়ি সম্পর্কে কোনো তথ্য থাকলে সরাসরি পুলিশের 046 922 4651 নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে। এছাড়া [email protected] ঠিকানায় ইমেইল পাঠানো যাবে।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি ফিনল্যান্ডে বসবাসরত সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

তথ্যসূত্র: ফিনল্যান্ড পুলিশ, এমটিভি উতিসেত, টাম্পেরে টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%