বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩১ পি.এম
দৌলতপুর ও গাংনী সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে কাজিপুর বিওপির একটি চৌকশ বিশেষ টহল দল শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা পাকা রাস্তার ওপর মোঃ আশরাফুল ইসলাম বেল্টু (৩০) নামে এক কুখ্যাত মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি মেহেরপুর জেলার গাংনী থানার শেওড়াতলা মধ্যপাড়া গ্রামের সেন্টু আলীর ছেলে। তিনি পুলিশের এজাহারভুক্ত চারটি মামলার আসামি বলে জানা গেছে।
এই অভিযানের সময় তাঁর কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (একত্রিশ লক্ষ্য একাশি হাজার দুইশত) টাকা। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত অন্যান্য মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে বিজিবির আপসহীন অবস্থানের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমসের যৌথ অভিযানে নগরীর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ফাঁকি দেওয়া এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণালঙ্কার থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
এই রাজস্ব আদায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান পরিচালনা করে করা হয়।
বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, আজ জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় এনএসআই এবং ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। পরবর্তীতে, কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে এবং স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।
এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারের জন্য এনএসআই এবং কাস্টমস যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয় এবং স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানান এনএসআই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের আদালত ৪ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী এবং চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। তাদেরকে ৪ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন।
এই মামলার শুনানির সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না, ফলে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিস্তারিত বিবরণে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় ঋণের বিপরীতে ৪ কোটি টাকার একটি চেক ২০২৩ সালের ২৯ আগস্ট জমা দেওয়া হলে সেটি প্রত্যাখ্যাত হয়। পরে ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হলেও আসামিরা টাকা পরিশোধ করেননি।
এ ঘটনায় ২০২৩ সালের ১৭ অক্টোবর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন।
ফাইনালে প্রতিযোগিতার শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বপ্না তার পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন এবং বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন। তার পূর্বের প্রচেষ্টাগুলোর মধ্যে প্রথমে ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে, তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়।
স্বর্ণপদক থেকে মাত্র ০.০২ মিটার দূরে ছিলেন স্বপ্না। এই ইভেন্টে ভারতের সাধনা রবি তার শেষ, অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে.) লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। ব্রোঞ্জ পদক অর্জন করেন শ্রীলঙ্কার এলএসডব্লিউ আরাচ্চি, যিনি ১২.৯৬ মিটার (+০.১ মি./সে.) দূরত্ব অতিক্রম করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাঁধের মুখে বৃহস্পতিবার
২৬ নভেম্বর সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলদেশের সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে
বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে একটি ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠান আয়োজন করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালার নেতৃত্বে পূর্বকুলিয়া বাঁধের মুখে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন সংগঠনের (পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি দ্বীপ বিন্দু মিস্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি বিশাখা বর।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটিটর জলিল গাজি। এসময় তাকে সহযোগিতা করেন রাকেশ মন্ডল, পাপ্পু মন্ডল, রনজিত মন্ডল, খাদিজা খাতুন, রিনা হালদার, ভাদ্রী রানি এবং সালমা পারভীন।
স্থানীয় শিল্পীরা আকর্ষণীয় পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গার আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও ছেলে-মেয়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ