ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপত্তাকর্মীদের জন্য নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ করেছেন


ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপত্তাকর্মীদের জন্য নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ করেছেন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের জন্য নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে জবাবদিহি, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেছেন।

সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল নয়। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকান্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। নিরাপত্তাকর্মীদের এই অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মীদের জন্য আলাদা কোনো পরিচিতি ও নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম প্রদানের মাধ্যমে তাদের পেশাগত পরিচিতি এবং দায়িত্ব পালনে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: ‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে এবি ডি ভিলিয়ার্সের নতুন দাবি

নিরাপত্তাকর্মীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনার সংস্কার করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।

এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মাধ্যমে করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বৃষ্টির কারণে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম সেশন ভেস্তে গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


যশোরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ২৬ নেতাকর্মী আটক

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

রোববার (২২ নভেম্বর) জেলার ৯টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে যশোর কোতোয়ালি থানার ছয়জন রয়েছেন। তাদের মধ্যে জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি কামাল হোসেন পর্বত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

কোতোয়ালি থানায় আটক হওয়া অন্য পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দকার এবং আনসার হোসেন। পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার তদন্তে এসব ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, পুরাতন কসবা শহীদ মিনার এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে। আটক হওয়া অপর পাঁচজনকেও পৃথক মামলায় আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটার নির্বাহী: এআই সুপারইন্টেলিজেন্সের উত্থানে মানবজাতির ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মেটার নির্বাহী: এআই সুপারইন্টেলিজেন্সের উত্থানে মানবজাতির ঝুঁকি

মানুষের বুদ্ধিমত্তাকে বহুগুণ ছাড়িয়ে যাওয়া সুপারইন্টেলিজেন্স-এর উত্থান খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, মেটার শীর্ষ এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং সতর্ক করেছেন যে, মানবজাতির নিয়ন্ত্রণ এআইয়ের ওপর থেকে হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন। এর আগে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একজন কর্মী দাবি করেন যে, প্রতিষ্ঠানটির তৈরি এআই মডেল ক্লড (Claude) ব্যবহার করে তিনি গণিতের অন্যতম কঠিন সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধান করতে সক্ষম হয়েছেন।

আলেজান্ডার ওয়াংয়ের মতে, ‘বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বিচারে’ এই অগ্রগতি মানুষের যেকোনো অর্জনকে ছাড়িয়ে গেছে।

২৯ বছর বয়সি এই প্রযুক্তি নির্বাহী মন্তব্য করেন যে, নতুন প্রজন্মের এআই মডেলগুলো নিজেদের সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে স্পষ্টভাবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে। পাশাপাশি, জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা ও অর্থনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে গবেষণার গতিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

ওয়াং বলেন, ‘সুপারইন্টেলিজেন্স আসছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেবে, তার ওপর নির্ভর করবে ভবিষ্যতে আমরা কেমন পৃথিবীতে বসবাস করব।’

মেটায় যোগ দেওয়ার আগে ওয়াং এআই ডেটা প্রশিক্ষণ ও অবকাঠামো প্রতিষ্ঠান স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। গত বছর তিনি মেটার প্রথম প্রধান এআই কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ভারত: এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ভারত: এনসিপি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া প্রচারণা চালিয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতের উগ্রবাদী সংগঠন ও নেতাদের এমন কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

এক বিবৃতিতে এনসিপি জানায়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন বলে মনে করে এনসিপি।

দলটির অভিযোগ, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে। এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।

এনসিপি সরকারের কাছে দাবি জানিয়েছে, এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে এক লাখ টাকা ঘুষের অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


আমতলীতে এক লাখ টাকা ঘুষের অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী গ্রেফতার

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করেছে।

আজ সোমবার, পটুয়াখালীর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

দুদক জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছ থেকে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান।

ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, প্রকল্পের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বৈধ বিল আটকে রাখা এবং বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করেন তিনি।

এই ঘটনার পর ভুক্তভোগী ঠিকাদার দুদকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে, ঘুষ গ্রহণের সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ অভিযান পরিচালনার আবেদন করেন।

অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে আজ ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের পটুয়াখালী কার্যালয়ের একটি দল। অভিযানের সময় রুবেল খানকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%