ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে আটক ভারতীয় গরু, চোরাকারবারি পালিয়ে যায়


ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে আটক ভারতীয় গরু, চোরাকারবারি পালিয়ে যায়

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) একটি ভারতীয় গরু আটক করেছে। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরু রেখে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবির সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিএসবি ও এসআইপি-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় অবস্থান নেয়।

এ সময় টহলদল সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিরা গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

পরে বিজিবির টহলদল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া একটি ভারতীয় গরু উদ্ধার করে। আটক গরুটির আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, আটক গবাদিপশুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমস কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধভাবে গবাদিপশু পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ, সওজ কর্মকর্তার বিরুদ্ধে তোপের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ, সওজ কর্মকর্তার বিরুদ্ধে তোপের মুখে

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সংস্কারকাজ নির্ধারিত সময়ের মধ্যে শুরু না হওয়ায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সওজ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে সংস্কারকাজ শুরু না হওয়ার কারণ জানার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম তাদের তোপের মুখে পড়েন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়-সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর পর সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওই আন্দোলনের সময় সওজের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম শিক্ষার্থীদের সামনে লিখিত প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী, সড়কে গর্ত তৈরি হলে তা বিটুমিন দিয়ে সংস্কার করা হবে, ১০ অক্টোবরের মধ্যে সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ শুরু হবে এবং ১০ নভেম্বরের মধ্যে মূল সড়কে আরসিসি ঢালাই ও সড়কের পাশে আলোর ব্যবস্থা করার কথা ছিল।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের পর একবার গর্তগুলো বিটুমিন দিয়ে সংস্কার করা হলেও এরপর আর কোনো দৃশ্যমান কাজ হয়নি।

মঙ্গলবার সরেজমিনে দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে অসংখ্য ছোট-বড় গর্ত রয়েছে। বিশেষ করে দপদপিয়া সেতুর ওপর কয়েকটি বড় গর্ত দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনেও ড্রেনে পানি জমে থাকতে দেখা যায়। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় ও শিক্ষার্থীদের অভিযোগ, সড়কের খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত এক মাসে প্রায় পাঁচটি থ্রি-হুইলার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্য মো. রাজীব বলেন, "কথা ছিল ১০ অক্টোবরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে রাস্তার দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি ১০ নভেম্বরের মধ্যে আরসিসি ঢালাই ও সড়কের পাশে আলোর ব্যবস্থা করার কথা। কাজের তদারকির জন্য সওজ কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিনিধি দলও গঠন করা হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই হচ্ছে না। এখনো কোনো কাজের টেন্ডার করা হয়নি। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কীভাবে কাজ শুরু হবে—সেটি জানতেই আমরা এসেছি।"

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান সোহাগ বলেন, "সওজের নির্বাহী প্রকৌশলী বলেছিলেন, রাস্তায় যতবার গর্ত হবে, ততবার বিটুমিন দিয়ে সংস্কার করা হবে। কিন্তু নামমাত্র একবার সংস্কার করে সওজের লোকজন আর কোনো খোঁজ নেয়নি। রাস্তায় অসংখ্য গর্ত তৈরি হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের দুরবস্থার কারণে আমরা মাইশা ও ইয়াসিন আরাফাতকে হারিয়েছি। এখন আর কত মরদেহ হলে এই রাস্তার সংস্কার হবে?"

তিনি আরও বলেন, "লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সড়ক সংস্কার, ফুটপাত নির্মাণ, আরসিসি ঢালাই ও সড়কের পাশে আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই আমরা এসেছি।"

এ বিষয়ে বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, "আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম— ১০ অক্টোবরের মধ্যে ফুটপাত নির্মাণ, আরসিসি রোড নির্মাণ ও সড়কে লাইটের ব্যবস্থা করা— সে বিষয়ে একটি প্রস্তাবনা ইতোমধ্যে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে অতিশিগগিরই নতুন দরপত্র আহ্বান করে কাজগুলো করা সম্ভব হবে। তবে কবে নাগাদ কাজ শুরু করতে পারব, তা এখনই বলতে পারছি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। তিনি উল্লেখ করেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আগামী ৬ জুনের মধ্যে সম্পন্ন করতে চায়। তবে, নির্বাচনের শুরু এবং শেষের সময় সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইসি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও চিন্তা করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছর শুরু হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম জানান, ইসির দেওয়া সময়সীমা অনুযায়ী তার মনে হচ্ছে, নির্বাচন আগামী বছর শুরু হতে পারে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত ইসিকেই নিতে হবে।

তিনি বলেন, এ মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আবার বৈঠক হতে পারে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং ইসি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ করা হোক। তবে, নির্বাচনের শুরুটা কখন হবে, তা সরকার নির্ধারণ করবে না।

মীর শাহে আলম জানান, পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে বলে তিনি জানান। তার ভাষ্য, সম্ভাব্য এ ব্যয়ের পরিমাণের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে, চূড়ান্ত হিসাবের সঙ্গে এর কিছুটা কমবেশি হতে পারে।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে কিনা, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা কঠিন। কারণ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জয়ের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ প্রশ্নটা ওনাকে করলেই ভালো হতো। যেহেতু উনি মনে করছেন, এ ব্যাপারে আমি উত্তর দেব না।

তিনি আরও বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীও হননি। তাই প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনও আসেনি। নির্বাচন হলে তখন মানুষের প্রতিক্রিয়া বোঝা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে গোপন অভিযানে ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


কেরানীগঞ্জে গোপন অভিযানে ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোরের শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা কার্তুজগুলো আইনগত প্রক্রিয়া সম্পাদন শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিদেশে চাকরির জন্য ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


জামালপুরে বিদেশে চাকরির জন্য ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

জামালপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : বিদেশে কর্মসংস্থানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের প্রশিক্ষণ সরকারিভাবে প্রদান করা হয়েছে।

জামালপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ৬৪ জন ভিডিপি সদস্য ৮টি জেলার মধ্যে ২ মাসব্যাপী বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এই প্রশিক্ষণে ঠাকুরগাঁও, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং জামালপুর জেলার যুবকরা রাজমিস্ত্রির কাজ, রড বাইন্ডিং ও শাটারিংয়ের ওপর দক্ষতা অর্জন করেছেন।

ভিডিপি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ গ্রহণকারী ১৭ জন রাজমিস্ত্রির কাজ, ২০ জন রড বাইন্ডিং এবং ২৭ জন শাটারিংয়ের ওপর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীর বাহার শাহাদাত হোসেন বাসস’কে জানিয়েছেন, শুধুমাত্র ভিডিপি সদস্যদের জন্য বিদেশে চাকরির উদ্দেশ্যে এই প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া দিয়ে বিদেশে চাকরির সুযোগ পাওয়ার ব্যবস্থা থাকা উচিত। যারা বিমান ভাড়া জোগাড়ে অক্ষম, তাদের জন্য আনসার ও ভিডিপি ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন।

তিনি জানান, বিদেশে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রথম ব্যাচে ৬৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%