০৩:০৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি তাজা ককটেল, যা তারা বিস্ফোরণের প্রস্তুতিকালে রেখেছিল বলে পুলিশের দাবি।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ককটেল দুটি প্লাস্টিকের বস্তায় ঢাকা ছিল এবং লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) এবং মো. রনি, যিনি গ্যাস রনি নামে পরিচিত (২৮)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেফতারকৃত দুজনসহ আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন